Advertisement
দুর্নীতির দায়ে চাকরিহারা, ডিভোর্স মামলায় জর্জরিত! মমতার ভাইঝি বৃষ্টির মৃত্যু যেন গোলকধাঁধা
মঙ্গলবার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বৃষ্টি মুখোপাধ্যায়ের।
মঙ্গলবার সকালে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের। বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। তারপর থেকেই মাথাচাড়া দিয়েছে নানা প্রশ্ন। কিন্তু জানেন কি বছর দুয়েক আগেও একবার চর্চায় এসেছিলেন বৃষ্টি। কারণ, নিয়োগ দুর্নীতি। শোনা গিয়েছিল তাঁর মানসিক সমস্যার কথাও।
রামপুরহাটের কুসুম্বার বাসিন্দা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি। বাবা নীহার মুখোপাধ্যায়। স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রুপ-সি পদে চাকরি করতেন তিনি। বছর ১৪ আগে রামপুরহাটেরই এক যুবকের সঙ্গে বিয়ে হয় তাঁর। দম্পতির ১২ বছরের সন্তানও রয়েছে। জানা যায়, বেশ কয়েক বছর আগে থেকেই স্বামীর সঙ্গে অশান্তি শুরু হয় বৃষ্টির।
বছর দুয়েক আগে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বৃষ্টি। জল গড়ায় আদালতে। ঠিক সেই সময় চাকরি জীবনেও নেমে আসে বিপর্যয়। রাজ্যজুড়ে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের দুর্নীতির মামলায় চাকরি যায় বৃষ্টির। কারণ তদন্তে জানা যায়, তার ওমএমআর শিটে গরমিল ছিল। একদিকে চাকরি নেই, অন্যদিকে বিচ্ছেদের মামলা- চারপাশ থেকে জর্জরিত হয়ে যান বৃষ্টি।
পরিবার সূত্রে খবর, এক সঙ্গে জোড়া ধাক্কা সামলাতে পারেননি বৃষ্টি। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে ছিলেন তিনি। বেশিরভাগ সময় ঘরে নিজেকে বন্দি করেই রাখতেন। কারও সঙ্গে প্রয়োজন ছাড়া কথা বলতেন না। মেলামেশা তো দূর-অস্ত। চিকিৎসাও চলছিল। তবে তিনি মৃত্যুর পথ বেছে নিতে পারেন, তা ভাবেননি কেউ।
মঙ্গলবার দুপুরে হঠাৎ ঘরে বৃষ্টির ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত আত্মহত্যাই করেছেন ওই তরুণী। এই ঘটনায় মাথাচাড়া দিয়েছে একটাই প্রশ্ন। তা হল, কেন? কী কারণে এই চরম সিদ্ধান্ত?
এর নেপথ্য প্রবল মানসিক চাপকেই দায়ী করেছেন অধিকাংশ। আসলে দুর্নীতির অভিযোগে চাকরি হারানো মানে তো শুধু অর্থনৈতিক নিরাপত্তাহীনতা নয়। ঘটনাটি প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই সামাজিকভাবে অসম্মানের মুখে পড়তে হয়েছিল তাঁকে। সেই সঙ্গে দাম্পত্য সমস্যা তো ছিলই। একসঙ্গে এত জটিলতাকে সামাল দিতে না পারার কারণেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে।
Published By: Tiyasha SarkarPosted: 05:39 PM Sep 01, 2026Updated: 05:39 PM Sep 01, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
