Advertisement
'দাবাং' দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গান রেকর্ড মন্ত্রীর
সংগঠন গড়তে ওস্তাদ। জনসংযোগে চোস্ত সেই দিলীপের কণ্ঠে এবার শোনা যাবে সেই ঝালমুড়ি গান।
তিনি মর্নিং ওয়াকে বেরোলেই নাকি বিজেপির দুজন অনুগামী বেড়ে যায়। বঙ্গ-বিজেপিতে এ নাকি প্রাচীন প্রবাদ। স্পষ্টবক্তা, খানিকটা ঠোঁটকাটাই বলা যায়। তবে তাঁর কথা-বার্তা, চালচলনে যা সবথেকে স্পষ্ট, তা হল- লড়াই। রাজনীতির জমিতে তিনি ইঞ্চিতে ইঞ্চিতে লড়তে জানেন। সেই দিলীপ ঘোষই এবার ধরা দিলেন গায়কের ভূমিকায়।
নিত্যদিনের মতো সোমবার সকালেও ইকো পার্কে প্রাতঃভ্রমণ সারেন দিলীপ ঘোষ। সেখান থেকে সোজা চিনার পার্কের একটি রেকর্ডিং স্টুডিওতে যান। ঝালমুড়ি নিয়ে গান রেকর্ড করেন মন্ত্রী। দিলীপ ঘোষকে অন্য মুডে দেখে বেজায় খুশি অনুরাগীরা। ইতিমধ্যে তাঁর গান রেকর্ডিংয়ের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। কবে শোনা যাবে গোটা গানটি, তা নিয়ে উৎসুক অনেকেই।
‘আম আচারে টক মিলবে, অল্প দাও হে ভাই’, ‘চামচে নাড়ানাড়ি’, ‘জিভে জল আনে ঝালমুড়ি’ হালকা মেজাজের এই গানটি । শিল্পী লোকেশ গিরি ও তাঁর স্ত্রী রিমাশ্রীর লেখা ও সুর করা গানটি। বিজেপি নেতা অনুপম হাজরার ফেসবুক পেজ থেকে গানটি ভাইরাল হয়েছে।
ভোটপ্রচারে পুরুলিয়া সফরে এসে সকলকে চমকে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফুটপাথের এক দোকান থেকে ঝালমুড়ি খান। যা ছাব্বিশের রুখাশুখা রাজনীতির মাটিতে অন্য মেজাজ আনে তা বলাই বাহুল্য। তারপর থেকেই বাংলার সুস্বাদু, সস্তা খাবার ঝালমুড়ি রাতারাতি হয়ে ওঠে আন্তর্জাতিক। নেদারল্যান্ডে দাঁড়িয়েও মোদির মুখে শোনা যায় ঝালমুড়ির কথা। বর্তমানে বিজেপির সাংগঠনিক বৈঠক-সহ যেকোনও অনুষ্ঠানে ঝালমুড়ি মেনুতে থাকেই।
সংগঠন গড়তে ওস্তাদ। জনসংযোগে চোস্ত সেই দিলীপের কণ্ঠে এবার শোনা যাবে সেই ঝালমুড়ি গান। ২০১৯-এ বাংলার প্রায় প্রতিকূল মাটিতেও তিনি পদ্ম ফুটিয়েছিলেন। ১৮টি সিট পেয়ে বাংলার রাজনৈতিক মানচিত্রে বিজেপিকে তীব্রভাবে প্রাসঙ্গিক করে তুলেছিলেন। চব্বিশের নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে হেরে যান। তারপর দল থেকে যেন কিছুটা দূরে সরে যান। দলীয় কোনও সভা-সমাবেশে আর সেভাবে দেখা যেত না। বছর দুয়েক আগে শৈত্য কাটে।
ছাব্বিশের ভোটে টিকিট পান। বিধানসভা নির্বাচনে লড়ে জয়ও পেয়েছেন। মন্ত্রিত্বও পেয়েছেন তিনি। চলতি বছরের মার্চ-এপ্রিল থেকে ভোটের ঝক্কি সামলেছেন প্রায় মাসদেড়েক। নিজের বিধানসভা কেন্দ্রে প্রচার করে বেরিয়েছেন। তীব্র গরমে ঘুরেছেন জেলায় জেলায়। বর্তমানে ব্যস্ততা সামলে নিজেকে সময় দেওয়ার যেন কিছুটা ফুরসত পেয়েছেন দিলীপ ঘোষ। সোমবার তাই প্রাতঃভ্রমণ সেরে গান রেকর্ড করেন। এরপর অবশ্য সময়মতো বিধানসভায় পৌঁছন তিনি।
এর আগে ব্যস্ততা সামলে ছুটি কাটাতেও দেখা গিয়েছিল দিলীপকে। সম্প্রতি সবুজ অরণ্য, চা-বাগান আর নির্মল পরিবেশের টানে স্ত্রীকে নিয়ে ডুয়ার্সে গিয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন দু'জনে। ধূপঝোড়া বিটের গাছবাড়ি এলাকায় হাতি সাফারি করেন। কুনকি হাতিদের ফলও খাওয়ান।
আসলে দিলীপ ঘোষ কী করবেন, তা যেন আগে থেকে ঠাওর করাই মুশকিল। মাসখানেক আগে বিলাসবহুল বাইক চালিয়ে তাক লাগান। চকচকে বাইকটি দেখলেই বোঝা যায় সেটি বেশ দামি। সে ছবি ভাইরাল হয় নিমেষেই।
দিলীপ ঘোষের বিয়ে নিয়েও হইচই কম হয়নি। ২০২৫ সালের এপ্রিলে নিউটাউনের বাড়িতে ঘনিষ্ঠদের উপস্থিতিতে রিঙ্কু মজুমদারকে বিয়ে করেন। শোনা যায়, রিঙ্কুর তরফেই নাকি এসেছিল বিয়ের প্রস্তাব। প্রথমে খানিকটা ইতস্তত বোধ করলেও রিঙ্কুর ভালোবাসাকে উপেক্ষা করতে পারেননি ‘রাফ অ্যান্ড টাফ’ দিলীপ। নববিবাহিত স্ত্রী রিঙ্কুকে নিয়ে আন্দামান সফরও যথেষ্ট নজর কেড়েছিল। এবার 'ঝালমুড়ি সং' শোনার অপেক্ষায় অনুরাগীরা।
Published By: Sayani SenPosted: 12:34 PM Jul 13, 2026Updated: 01:20 PM Jul 13, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
