Advertisement
নকআউটের লড়াই ভিনি-রোনাল্ডোদের, গ্রুপে তৃতীয় দল হলেও অঙ্ক কী? পয়েন্ট সমান হলে কী হবে?
রাউন্ড অফ ৩২-এ নিশ্চিত ৭ দল। এছাড়া প্রতি গ্রুপে তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে যে ৮ দলের পয়েন্ট বেশি থাকবে, তারাও নকআউটে যাবে। কোন অঙ্কে?
বিশ্বকাপের গ্রুপ পর্বে সব দলই দু'টো করে ম্যাচ খেলেছে। মেক্সিকো (গ্রুপ এ- পয়েন্ট ৬), আমেরিকা (ডি- ৬), আর্জেন্টিনা (জে- ৬), জার্মানি (ই- ৬), ফ্রান্স (আই- ৬), নরওয়ে (আই- ৬), কলম্বিয়া (কে- ৬) রাউন্ড অফ ৩২-এ চলে গিয়েছে। আর যেতে পারে কারা? তাছাড়া প্রতি গ্রুপে তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে যে ৮টি দলের পয়েন্ট বেশি থাকবে, তারাও নকআউটে যাবে। কোন অঙ্কে?
গ্রুপ এ- মেক্সিকো পরের পর্বে। দক্ষিণ কোরিয়ার (পয়েন্ট ৩) সুযোগ বেশি। পরের প্রতিপক্ষ- দক্ষিণ আফ্রিকা (১)। ড্র করলেও তাদেরই লাভ। গ্রুপ বি- কানাডা ও সুইজারল্যান্ডের পয়েন্ট ৪। পরের ম্যাচে এই দুই দলই মুখোমুখি। অন্য ম্যাচ বসনিয়া ও কাতারের। দুই দলেরই পয়েন্ট ১। গোল পার্থক্যে অনেক পিছিয়ে কানাডা হারলে সুবিধা বসনিয়ার। তবে তাদেরও ৬ গোলে জিতবে হবে।
গ্রুপ সি- ব্রাজিল ও মরক্কোর পয়েন্ট ৪। তৃতীয় স্থানের স্কটল্যান্ডের পয়েন্ট ৩। প্রতিপক্ষ ব্রাজিল। তাদের কাছেও সুযোগ থাকবে। প্রথম কে হয় দেখার। সবার কাছে সুযোগ আছে। হাইতি ছিটকে গিয়েছে। গ্রুপ ডি- আমেরিকা (পয়েন্ট ৬) নকআউটে। অস্ট্রেলিয়া বা প্যারাগুয়ে পরের ম্যাচে মুখোমুখি। দু'দলের পয়েন্ট ৩। ড্র হলে সুবিধা অজিদের। তৃতীয় দল হিসেবে সুযোগ প্যারাগুয়ের। ছিটকে গিয়েছে তুরস্ক।
গ্রুপ ই- ৬ পয়েন্ট নিয়ে নকআউটে জার্মানি। সুযোগ আইভরি কোস্টের (৩) কাছেও। তবে শেষ ম্যাচে কুরাসাও (১) তাদের হারালে নকআউটে যেতে পারে। সেই তুলনায় জার্মানির সামনে পড়া ইকুয়েডরের (১) সুযোগ কম। গ্রুপ এফ- অনেকটা 'সি' গ্রুপের মতো। ৪ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ড-জাপান এগিয়ে। শেষ ম্যাচে সুইডেনের (৩) প্রতিপক্ষ জাপান। তিউনিসিয়া বাদে সব দলের কাছেই দরজা খোলা।
গ্রুপ জি- মিশরের (পয়েন্ট ৪) পরের ম্যাচ ইরানের (২) সঙ্গে। অন্যদিকে বেলজিয়াম (২) নিউজিল্যান্ডকে হারালে পরের রাউন্ডে। গ্রুপ এইচ- স্পেন (৪) নামবে উরুগুয়ের (২) বিরুদ্ধে। কেপ ভার্দে (২) সৌদিকে হারালে (১) নকআউটে যেতে পারে। সবার দরজা খোলা। স্পেন হারলে তাকাতে হবে বাকিদের দিকে। গ্রুপ আই- ৬ পয়েন্টে ফ্রান্স ও নরওয়ে নকআউটে। সেনেগাল-ইরাকের মধ্যে যে জিতবে, তার সুযোগ তৃতীয় হওয়ার।
গ্রুপ জে- আর্জেন্টিনা (পয়েন্ট ৬) নকআউটে। অস্ট্রিয়া ও আলজেরিয়ার মধ্যে যে জিতবে পরের রাউন্ডে। ড্র হলে সুবিধা অস্ট্রিয়ার। গ্রুপ কে- ৬ পয়েন্ট কলম্বিয়া নকআউটে। পর্তুগালও (৪) কার্যত নিশ্চিত। ডিআর কঙ্গো (১) উজবেকিস্তানকে (০) হারালে তৃতীয় স্থানে সুযোগ থাকবে। গ্রুপ এল- ইংল্যান্ড ও ঘানার (পয়েন্ট ৪) দরজা খোলা। কিন্তু শেষ ম্যাচে ক্রোয়েশিয়া (৩) ঘানাকে হারালে এগিয়ে যাবে।
এবার তৃতীয় স্থানে থেকেও নকআউটে যাওয়া যাবে। স্কটল্যান্ড, প্যারাগুয়ে, সুইডেন, কেপ ভার্দে, আলজেরিয়া, ক্রোয়েশিয়া বা ঘানার মতো দেশ এক্ষেত্রে জোর টক্কর দেবে। আবার এই মুহূর্তে হয়তো শীর্ষে আছে, তবে শেষ ম্যাচের পালাবদলে অঙ্ক বদলে যেতে হবে। মোটামুটি ৪ পয়েন্ট থাকলে তৃতীয় স্থান হিসেবে নকআউটে যেতে পারবে।
প্রশ্ন হল, যদি দুই দল সমসংখ্যক পয়েন্টে শেষ করে, তাহলে পরের রাউন্ডে যাবে কে? সেক্ষেত্রে সবার আগে দেখা হবে 'হেড টু হেড'। অর্থাৎ সমসংখ্যক পয়েন্টে থাকা দুই দলের লড়াইয়ে কে জিতেছিল? যে কারণে আর্জেন্টিনা, মেক্সিকো শীর্ষেই থাকছে। আবার ছিটকে গিয়েছে হাইতি, তিউনিসিয়া। সেভাবেই তৃতীয় ও চতুর্থ দলের পয়েন্ট যদি সমান হয়, তাহলে দেখা হবে কে জিতেছিল?
সেই ম্যাচ ড্র হলে দেখা হবে গোল পার্থক্য। যদি গোল পার্থক্যও সমান হয়? তখন আসবে কে বেশি গোল করেছে। তারপর আছে ফেয়ারপ্লে। অর্থাৎ কোন দল বেশি হলুদ বা লাল কার্ড খেয়েছে। তারও বিভাজন আছে। হলুদ কার্ডে পয়েন্ট -১, দুই হলুদ কার্ডে লাল -৩, সরাসরি লাল -৪, প্রথমে হলুদ ও পরে সরাসরি লাল -৫। এখানেও সমান হলে আসবে ফিফা র্যাঙ্কিং।
১২ গ্রুপ থেকে যাবে ২৪ দল। বাকি ৮ দল বেছে নেওয়া হবে ১২টি গ্রুপে যে দলগুলো পয়েন্ট বেশি হবে, তাদের থেকে। সেখানে শর্ত হল- ১২টি দলের মধ্যে ৮টিকে পয়েন্টে বেশি হতে হবে। সেখানে কোনও দু'টি সমান হলে দেখা হবে গোল পার্থক্য। সেটাও সমান হলে দেখা হবে কারা বেশি গোল করেছে। তারপর আসবে ফেয়ার প্লে নিয়ম ও অবশেষে ফিফা র্যাঙ্কিং।
Published By: Arpan DasPosted: 05:06 PM Jun 24, 2026Updated: 05:32 PM Jun 24, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
