Advertisement
'জাস্টিন বিবারকে পছন্দ', প্রেমিকার কথা শুনেই বিধ্বংসী ফর্মে ইয়ামাল, ফাঁস ফ্রান্সবধের রহস্য
প্রেমজীবন নিয়ে বরাবরই চর্চায় থেকেছেন ইয়ামাল। গতবছর শোনা গিয়েছিল, আর্জেন্তিনীয় গায়িকা নিকি নিকোলের প্রেমে মজেছেন বার্সেলোনা তারকা।
প্রেমিকার নির্দেশ। মানতে তো হবেই। তাই প্রিয়তমার মন রাখতেই সেমিফাইনালে ফ্রান্সকে ছিন্নভিন্ন করে দিয়েছেন। ফাইনালে ওঠার পর দুরন্ত পারফরম্যান্সের রহস্য ফাঁস করেছেন লামিন ইয়ামাল। জানিয়েছেন, মাঠের ভিতরে যেভাবে নাস্তানাবুদ করেছেন ফরাসি ডিফেন্সকে, তার পিছনে কাজ করেছে বান্ধবী ইনেস থার্মিয়র আবদার পূরণের প্রতিজ্ঞা। বিশ্বকাপ জেতার পাশাপাশি প্রেমিকার মন জয় করাও জরুরি কিনা!
শুরুতে ইনেসের সঙ্গে ইয়ামালের সম্পর্কের যোগসূত্র ছিল ইনস্টাগ্রাম। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আর টিকটকার হিসেবে স্পেনে ভীষণই পরিচিত তিনি। সম্পর্কের শুরুটা হয়, একে অপরের পোস্টে লাইক দেওয়ার মাধ্যমে। স্পানিশ ইনফ্লুয়েন্সারদের নিজস্ব একটা গ্রুপ রয়েছে। তাঁদেরই এক ঘরোয়া আড্ডায় একদিন আসেন ইয়ামালও। ইনেসের সঙ্গে সেই প্রথম সরাসরি কথা। তারপর থেকে পার্টি, সমুদ্র সৈকতে ক্যামেরাবন্দি হয়েছেন দু'জনে।
সরকারি ভাবে সম্পর্কর কথা স্বীকার করা না হলেও, বিশ্বকাপ চলাকালীন আমেরিকায় এসে যেভাবে ইয়ামালের জন্য মানসিক সাহচর্যের হাত বাড়িয়ে দিয়েছেন ইনেস, তারপর থেকে আর নতুন করে বোঝাতে হচ্ছে না দু'জনের সম্পর্কের রসায়ন। ভাইরাল হয়ে যাওয়া ইয়ামালের ভাইকে সামলানো হোক বা স্পেনের হয়ে গলা ফাটানো-সমাতালে সবই করে চলেছেন ইনেস। সেই প্রেমিকার আবদার না পূরণ করে কি থাকতে পারেন ১৯-এর তরুণ?
ইনেসের আবদারের কেন্দ্রে ফিফার এক ঘোষণা। ফাইনালে মেটলাইফ স্টেডিয়ামে একঝাঁক তারকা পারফর্ম করবেন, ঘোষণা করে ফিফা। সেই তালিকায় রয়েছে বিখ্যাত পপস্টার জাস্টিন বিবারের নামও। ব্যস। সেখান থেকেই শুরু ইনেসের আবদার। খবর শোনার পর থেকেই ইয়ামালকে যেন পাগল করে দিচ্ছেন তাঁর প্রেমিকা। কারণ ইনেস হচ্ছেন, যাঁকে বলে পপ তারকা জাস্টিন বিবারের 'পাগল ফ্যান'।
মেটলাইফ স্টেডিয়ামে বসে জাস্টিন বিবারের লাইভ পারফরম্যান্স দেখব। শুধুমাত্র 'এইটুকু' ইচ্ছের কথাই প্রেমিক ইয়ামালকে জানিয়েছিলেন ইনেস। ব্যাস। প্রেমিকার ইচ্ছাপূরণে রাতের ঘুম উড়ে গেল স্প্যানিশ তারকার। ইনেসের এই ইচ্ছাপূরণ তখনই সম্ভব, যখন ফ্রান্সকে হারিয়ে ১৯ জুলাই মেটলাইফে ফাইনাল খেলতে পারবে স্পেন। তাই যেকোনও মূল্যে স্পেনকে ফাইনালে তুলতেই হবে, নিজেকে বুঝিয়েছিলেন ইয়ামাল।
স্প্যানিশ সাংবাদিকরা বলছেন, ইয়ামালের কাছে ইনেসের এই আবদার রাখার বায়না জুড়ে দেওয়াটা অত্যন্ত পজিটিভ ভাবেই দেখা উচিত। কারণ, প্রেমিকার এই লক্ষ্য ঠিক করে দেওয়া আবদার গুলিই, মাঠের ভিতর স্প্যানিশ বিস্ময়কে আরও ভাল খেলতে সাহায্য করছে। অন্তত এক্ষেত্রে প্রেমিকার জন্য ফাইনালের টিকিট তো কনফার্ম করা গেল। সবাই বলছেন, এতদিনে ইয়ামাল আর ইনেসের প্রেম পূর্ণতা পেল।
প্রেমজীবন নিয়ে বরাবরই চর্চায় থেকেছেন ইয়ামাল। গতবছর শোনা গিয়েছিল, আর্জেন্তিনীয় গায়িকা নিকি নিকোলের প্রেমে মজেছেন বার্সেলোনা তারকা। বয়সে সাত বছরের বড় প্রেমিকার সঙ্গে ইতিউতি দেখাও যেত তাঁকে। কিন্তু পরপর কয়েকটা ম্যাচ ব্যর্থ হতেই সেই সম্পর্কে দাঁড়ি টানেন। অভিযোগ ওঠে, স্প্যানিশ তারকার মনঃসংযোগ নষ্ট হচ্ছে। সেই নিয়ে সমালোচনার জেরেই হয়তো এরকম সিদ্ধান্ত নিয়েছেন বলে শোনা যায়।
তারও আগে শোনা গিয়েছিল, ৩০ বছর বয়সি মডেল ফাতি ভাজকুয়েজের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ইয়ামাল। এই ফাতি ভাজকুয়েজ পেশায় বিমান সেবিকা। পাশাপাশি মডেলিংয়ের সঙ্গে যুক্ত। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ৪ লক্ষ। তার আগে ইয়ামালের সম্পর্ক ছিল স্পেনেরই অ্যালেক্স পাদিয়ার সঙ্গে। অনেকের মতে, পাদিয়া অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন। ফলে ইয়ামালের সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙে।
Published By: Anwesha AdhikaryPosted: 04:06 PM Jul 16, 2026Updated: 04:06 PM Jul 16, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
