Advertisement
বর্ষায় বেড়িয়ে আসুন পাহাড় থেকে, ভারতের এই ৮ ট্রেকিং রুট ঘুরে আসুন বৃষ্টির মরশুমে
বর্ষায় মনোরম হয়ে ওঠে এই ৮ ট্রেকিং রুট।
প্রত্যেক মরশুমেরই নিজস্ব আমেজ রয়েছে। তীব্র গরমে বেড়াতে গেলে যেমন লাগে, কনকনে শীতে কখনওই তেমন লাগে না। তবে সবচাইতে মনকাড়া অভিজ্ঞতা পেতে বেড়ানো উচিত বর্ষাকালে, বলেন ভ্রমণপ্রেমীরা। গাড়ি চেপে নয়, বর্ষায় বেড়াতে গেলে চোখ বুজে বেছে নেওয়া যায় হাইকিং। পাহাড়ি বনপথে পায়ে হেঁটে এগোতে এগোতে নতুনভাবে চেনার সুযোগ পাওয়া যায় চিরচেনা ভারতবর্ষকে।
১. ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, উত্তরাখণ্ড - বর্ষাকালে ট্রেকিংয়ের উপযোগী সবচেয়ে মনোমুগ্ধকর গন্তব্যগুলির অন্যতম ভ্যালি অফ ফ্লাওয়ার্স। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে গোটা উপত্যকা রঙিন বুনো ফুলে ঢেকে যায়। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এই পার্কে বিরল হিমালয়ান উদ্ভিদ ও প্রাণীরও দেখা মেলে। জীবনে একবার অন্তত এমন নৈসর্গিক দৃশ্যের সাক্ষী হতেই হয়।
২. হাম্পটা পাস, হিমাচল প্রদেশ - বর্ষার সময়ে সবুজে ঢাকা উপত্যকা, ঝরনা, নদী ও তুষারাবৃত পাহাড়ের অনন্য মেলবন্ধন দেখতে চাইলে হামটা পাসের চাইতে আদর্শ আর কিছু হতেই পারে না। কুলু উপত্যকা থেকে লাহৌলের শুষ্ক ভূপ্রকৃতিতে পৌঁছানোর পথে অবাক হয়ে দেখতে হয়, কেমন রূপসী হয়ে উঠছে প্রকৃতি। ট্রেকিং রুট হিসেবে খুব কঠিন নয়। অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই পথ।
৩. রাজমাচি ফোর্ট, মহারাষ্ট্র - বর্ষা নামলেই সহ্যাদ্রি পর্বতমালার চূড়ায় অবস্থিত রাজমাচি দুর্গের চারপাশ সবুজে ভরে ওঠে। কুয়াশার চাদর ছেয়ে থাকে চারপাশে। ছোট-বড় জলপ্রপাত তো রয়েছেই। আর সবের মাঝে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক দুর্গ। বর্ষায় ট্রেকিং করতে হলে বেছে নেওয়াই যায় এই দুর্দান্ত রুট।
৪. কুদ্রেমুখ, কর্নাটক – বর্ষাকালে ট্রেকিংয়ের জন্য ভীষণরকম উপযোগী কুদ্রেমুখ। বৃষ্টির সময় এখানকার পাহাড়, তৃণভূমি ও অরণ্য যেন নতুন করে প্রাণ ফিরে পায়। পাহাড়ের চূড়াটি ঘোড়ার মুখের মতো দেখতে। সঙ্গে মেঘেদের খেলা, ছোটখাটো নদী ও সবুজ উপত্যকা দেখতে পাওয়া যায় পথের আশেপাশে। প্রকৃতিপ্রেমীদের কাছে নিঃসন্দেহে স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে এমন ভ্রমণ।
৫. সিংহগড় ফোর্ট, মহারাষ্ট্র - পুনের কাছে অবস্থিত সিংহগড় দুর্গ। পুনে থেকে গাড়ি ধরে বছরভর এখানে আসা যায়। তবে বর্ষাকালে এ জায়গার রূপ সবচাইতে বেশি খোলতাই হয়। কুয়াশা ও হালকা বৃষ্টি মাথায় নিয়েই ভিজে পাথুরে পথে ধরে হেঁটে এগিয়ে যেতে হবে সামনে। জানতে পারা যাবে মারাঠা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ।
৬. তারসার মারসার ট্রেক, জম্মু ও কাশ্মীর - কাশ্মীরের সবচেয়ে মনোরম ট্রেকগুলির অন্যতম তারসার–মারসার। সবুজ ঘাসজমি, রঙিন বুনো ফুল ও আয়নার মতো স্বচ্ছ আলপাইন হ্রদ দেখতে পাওয়ার আকর্ষণ পর্যটককে টেনে নিয়ে আসে এই ট্রেকে। প্রকৃতি এখানে শান্ত, নির্মল। শ্বাসকষ্ট না থাকলে, যে কেউ আসতে পারেন এই ট্রেকে।
৭. সান্দাকফু ট্রেক, পশ্চিমবঙ্গ – সান্দাকফুর বরফে ঢাকা রুপটি নিয়ে যত কথা হয়, তার অর্ধেকও বুঝি হয় না তার বৃষ্টিভেজা রুপটি নিয়ে। অথচ বর্ষার শেষে সান্দাকফুর চারপাশের পাহাড় ও বনানী সবুজে ভরে ওঠে। সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে যেতে হয় এই ট্রেকে। আকাশ পরিষ্কার থাকলে, এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা-সহ বিশ্বের বেশ কয়েকটি উচ্চ শৃঙ্গও দেখা যায়।
Published By: Utsa TarafdarPosted: 08:16 PM Jul 14, 2026Updated: 08:16 PM Jul 14, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
