Advertisement
এবার ছেলের সঙ্গে মাঠ দাপাবেন রোনাল্ডো! নজির গড়ে কবে দেখা যাবে বাপ-ব্যাটার যুগলবন্দি?
এমনটা হলে নিঃসন্দেহে রূপকথার মতো এক অধ্যায় লেখা হবে ফুটবল বিশ্বে।
একই দলের হয়ে মাঠে নেমেছেন বাবা-ছেলে। ফুটবল ইতিহাসে এমন উদাহরণ রয়েছে। যেমন রিভাল্ডো ও তাঁর ছেলে রিভালদিনহো (মোগি মিরিম, ২০১৫)। যেমন রোমারিও এবং তাঁর ছেলে রোমারিনহো। ২০২৪ সালে আমেরিকা-আরজে দলের হয়ে একসঙ্গে খেলেছেন তাঁরা। খুঁজতে বসলে আরও নাম ঝুলি থেকে বেরিয়ে পড়বে। এবার কি ছেলের পাশে খেলার স্বপ্নপূরণ করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?
ফুটবল বিশ্বের অন্যতম কিংবদন্তি রোনাল্ডোর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য রেকর্ড ও কীর্তি। দীর্ঘদিন ধরে বিশ্বের সেরা ফুটবলারদের তালিকায় শীর্ষে থাকা এই তারকার ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি এখন আলোচনায় উঠে আসছে তাঁর ছেলের ভবিষ্যৎও।
বাবার পথেই হাঁটছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র। অল্প বয়সেই নিজের প্রতিভার ঝলক দেখিয়ে ইতিমধ্যে ফুটবল মহলে চর্চার কেন্দ্রে উঠে এসেছে সে। ফলে এক অনন্য সম্ভাবনার কথাও সামনে আসছে। কী সেটা? একই ক্লাবে বাবা-ছেলের একসঙ্গে খেলার সুযোগ। বয়স মাত্র ১৫। এই বয়সেও ফুটবলদুনিয়ায় ধীরে ধীরে জায়গা তৈরি করছে সে।
এখন রোনাল্ডো খেলছেন আল নাসেরের হয়ে। তিন বছর সৌদি ক্লাবের জার্সি গায়ে ঘরোয়া লিগ জিততে পারেননি রোনাল্ডো। পারেননি সৌদির ক্লাবকে আন্তর্জাতিক ট্রফি এনে দিতে। এবার সেই সুযোগ ষোলো আনা। গোলের সুনামিতে দাপুটে জয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ফাইনালে উঠেছে সিআর সেভেনের ক্লাব। তবে এসবের মাঝেও চর্চা রোনাল্ডোপুত্রকে নিয়েও। যে খেলছে বাবার ক্লাব আল নাসেরের বয়সভিত্তিক দলে।
যা নিয়ে ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি করেছে। আল নাসেরের অনূর্ধ্ব-১৫ দলে দুর্দান্ত পারফরম্যান্স করছে জুনিয়র। মাত্র ২৭ ম্যাচে ৫৬ গোল করে ইতিমধ্যেই সে নজর কেড়েছে কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের। অনেকেই মনে করছে, এত কম বয়সে এমন ধারাবাহিকতা সত্যিই বিরল ব্যাপার।
এমন নজরকাড়া পারফরম্যান্সের ফলেই ক্লাব কর্তৃপক্ষ তাকে সিনিয়র দলে তুলে আনার কথা ভাবছে। আগামী মরশুমেই সে বড়দের দলে সুযোগ পেতে পারে বলে জোর জল্পনা। জানা গিয়েছে, মরশুম শেষ হলে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখবে কর্তৃপক্ষ। অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রোনাল্ডোপুত্রের শারীরিক সক্ষমতা ও ফিটনেস খতিয়ে দেখা হবে। কারণ সৌদি প্রো লিগের মতো প্রতিযোগিতামূলক লিগে খেলা মোটেই সহজ নয়।
শুধু আল নাসের নয়, রোনাল্ডোপুত্রের ফুটবল শিক্ষা হয়েছে ইউরোপের একাধিক বড় ক্লাবের অ্যাকাডেমিতে। বাবার মতোই সে প্রশিক্ষণ নিয়েছে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এফসি এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ইউথ অ্যাকাডেমিতে।
এই অভিজ্ঞতা তাকে আরও পরিণত করে তুলেছে। প্রতিটি ম্যাচেই তার পারফরম্যান্সে ফুটে উঠছে বড় মঞ্চে খেলার প্রস্তুতি। জুভেন্তাসের অনূর্ধ্ব-৯ দলে খেলার সময়ও নজর কেড়েছিল সে। সেখানে মাত্র ২৩ ম্যাচে ৫৮ গোল করে নিজের প্রতিভার পরিচয় দিয়েছিল। এখন আল নাসেরের জার্সিতেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে জুনিয়র। গোল করার ক্ষমতা ও বুদ্ধিদীপ্ত ফুটবলই তাকে আলাদা করে তুলে ধরছে।
তবে মাত্র ১৫ বছর বয়সে সিনিয়র দলে সুযোগ পাওয়া যেমন বড় সম্মান, তেমনই তা বড় চ্যালেঞ্জও। শারীরিক ও মানসিক দিক থেকে নিজেকে প্রমাণ করাটাই হবে তার কাছে সবচেয়ে বড় পরীক্ষা। অন্যদিকে ৪১ বছর বয়সি রোনাল্ডোর সঙ্গে আরও একবছরের চুক্তি বাড়িয়েছে সৌদির ক্লাব। আগামী মরশুমে যদি জুনিয়র মূল দলে সুযোগ পায়, তাহলে পিতা-পুত্রকে একসঙ্গে খেলতে দেখা যাবে।
চল্লিশ পেরিয়েছে বয়স। যে বয়সে অন্য ফুটবলাররা বুটজোড়া তুলে রেখে দিব্যি অবসরযাপন করেন, সেই বয়সেও ছুটছেন রোনাল্ডো। হাজার গোলের লক্ষ্যে আরও বেশি ‘ক্ষুধার্ত’ দেখা যাচ্ছে তাঁকে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর কোয়ার্টার ফাইনালে আল ওয়াসলের বিপক্ষে ৯৬৯তম গোল করে মুগ্ধ করেছেন ফুটবলবিশ্বকে। ম্যাচের শুরুতেই ১১ মিনিটে রোনাল্ডোর গোলে তারা এগিয়ে গিয়েছিল আল নাসের।
Published By: Prasenjit DuttaPosted: 08:28 PM Apr 23, 2026Updated: 08:31 PM Apr 23, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
