Advertisement
চুপিচুপি দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন ধাওয়ান! ছবি ফাঁস সতীর্থর
দীর্ঘদিনের আইরিশ বান্ধবী সোফি শাইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন 'গব্বর'।
প্রথম বিয়ে থেকে তাঁর প্রাপ্তি একরাশ যন্ত্রণা। তবে দুঃখের সেই অতীত ভুলে আবারও সাতজন্মের বাঁধনে বাঁধা পড়লেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান। দীর্ঘদিনের আইরিশ বান্ধবী সোফি শাইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন 'গব্বর'।
বৃহস্পতিবারই ইনস্টাগ্রামে তিনি নিজের সঙ্গীত অনুষ্ঠানের ছবি ভাগ করে নেন সোশাল মিডিয়ায়। এর একদিন যেতে যেতেই ভক্তদের 'সুখবর' শোনালেন ধাওয়ান। যুজবেন্দ্র চাহাল ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সুখবরটি দিয়েছেন। প্রাক্তন তারকা ওপেনারকে জীবনের নতুন ইনিংসের শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।
শিরোনামে চাহাল লেখেন, 'মেরে ইয়ার কি শাদি হ্যায়'। সঙ্গে গোটা তিনেক ছবি ও একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন তিনি। ভিডিওয় নাচতেও দেখা যায় লেগস্পিনারকে।
নেট নাগরিকরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তেমনই অনেকেই আবার প্রশ্ন করেছেন, 'যুজি আপনার বিয়ে কবে?' তবে কেবল চাহাল নন। বিয়েতে উপস্থিত ছিলেন শিখরের দীর্ঘ দিনের ওপেনিং প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা। হিটম্যানের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ঋতিকা। সস্ত্রীক উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না, ইরফান পাঠান। দেখা গিয়েছে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লাকেও। শনিবার, দিল্লি এনসিআরে ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে সারেন ধাওয়ান। ছিলেন কাছের বন্ধুবান্ধবরাও।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে দু’টি ছবি শেয়ার করেছিলেন শিখর ধাওয়ান। সেখানে একেবারে খাঁটি ভারতীয় পোশাকে দেখা যায় সোফি। আইরিশ সুন্দরীর পরনে ছিল হালকা বাদামি রঙের জমকালো লেহেঙ্গা। সঙ্গে কানে ঝুমকা, গলায় ভারী হার। সবমিলিয়ে মোহময়ী দেখাচ্ছিল সোফিকে। অন্যদিকে শিখরের পরনে হাতির দাঁতের রঙের প্যান্ট এবং শার্ট। সঙ্গে ওই একই রঙের ব্লেজারে উজ্জ্বল ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারও।
ধাওয়ানকেও গায়ে হলুদের পোশাকে ভারী সুন্দর দেখাচ্ছিল। সাদা পাঞ্জাবি পাজামার উপর ছিল হলদে কোর্ট। কনের সঙ্গে ম্যাচিং করেই যে এই পোশাক, তা বুঝতে অসুবিধা হয় না।
বিয়ের দিন শিখরের পরনে সাদা শেরওয়ানি ও পাগড়িতে। সোফিও পরেছিলেন সাদা লেহঙ্গা, গলায় হার। নেটিজেনরা তাঁদের দেখে বলছেন, 'রব দে বানা দি জোড়ি'। কেউ বলছেন, ‘এই জুটিতে যেন কারোর নজর না লাগে।’
কিছু দিন আগে শোনা গিয়েছিল, ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন ধাওয়ান-সোফি। সেই মতোই বিবাহপর্ব সেরে ফেললেন তাঁরা।
শিখরের জীবনে নতুন ইনিংস শুরুর ইঙ্গিত মেলে ২০২৪ সালের শেষের দিকে। সোফির সঙ্গে ঘনিষ্ঠমহলে দেখা যায় তাঁকে। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে ভারতীয় দলের ম্যাচ দেখতে সোফির সঙ্গে হাজির ছিলেন ধাওয়ান। তারপর একসঙ্গে ছবি দিয়ে ‘মাই লাভ’ বলে সবটা স্বীকারও করে নেন।
২০১২ সালে অস্ট্রেলিয়া নিবাসী বঙ্গকন্যা আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় ধাওয়ানের। তাঁদের একটি পুত্রও আছে। কিন্তু অত্যন্ত তিক্ততার মধ্যে আয়েশার সঙ্গে ১১ বছরের দাম্পত্য জীবন শেষ হয়। প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করেন শিখর। এরপর আদালত তাঁকে বিবাহবিচ্ছেদের অনুমতি দেয়। এবার চল্লিশোর্ধ্ব প্রাক্তন ক্রিকেটার ভালোবাসার নতুন ঠিকানা খুঁজে পেলেন।
Published By: Prasenjit DuttaPosted: 08:06 PM Feb 21, 2026Updated: 10:46 AM Feb 22, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
