Advertisement
বাড়ির ছাদে ক্রিকেটে হাতেখড়ি, এবার ভারতীয় দলে অভিষেক সেই অনুষ্কা শর্মার, কীভাবে উত্থান?
ভারতীয় মহিলা টি-টোয়েন্টি দলে অভিষেক করেছেন ২২ বছরের এই অলরাউন্ডার।
হাতে পুরনো ব্যাট, চোখে স্বপ্ন। চারপাশে অনেক বাধা। তখনও কেউ ভাবেনি, মেয়েটাই একদিন ভারতের জার্সি গায়ে তুলে নেবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ম্যাচের আগে টিম মিটিংয়ে যখন তাঁর নামটা ঘোষণা করা হল, প্রথমে যেন বিশ্বাসই করতে পারছিলেন না অনুষ্কা শর্মা। এভাবেই গোয়ালিয়র থেকে সুযোগ পাওয়া প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে নতুন ইতিহাস লিখলেন ২২ বছরের এই অলরাউন্ডার।
গোয়ালিয়রের মেয়ে অনুষ্কার চোখে তখন স্বপ্নের ঝিলিক। অধিনায়ক হরমনপ্রীত কৌরের হাত থেকে ডেবিউ ক্যাপ পেয়ে শুরু হল নতুন অধ্যায়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার নম্বরে নেমে ৩১ বলে ২৮ রানের লড়াকু ইনিংসও খেললেন। সঙ্গে তিনটি চার। শেফালি বর্মার সঙ্গে ৫৩ রানের জুটি গড়ে নিজের আগমনের জানান দিলেন তিনি। একই দলে জায়গা পেলেন মধ্যপ্রদেশের আরেক ক্রিকেটার ক্রান্তি গৌড়ও।
অনুষ্কার স্বপ্ন ছিল বড় মঞ্চে খেলা। কঠোর পরিশ্রমে নিজেকে গড়ে তুলেছেন। এমনকী ভারত ‘এ’ দলকেও ভরসা জুগিয়েছেন। ব্যাটে স্থিরতা, বলে ধার– উভয় ক্ষেত্রেই নজর কেড়েছেন। সাম্প্রতিক পারফরম্যান্সে নির্বাচকদের দৃষ্টি কেড়ে নেন। ভবিষ্যতের বড় তারকা হওয়ার সব রকম মশলা রয়েছে তরুণী এই ক্রিকেটারের।
উইমেন্স প্রিমিয়ার লিগেও দক্ষতা প্রমাণ করেছেন তিনি। গুজরাট জায়ান্টসের জার্সিতে সুযোগ পেয়েই ব্যাটে ঝলক দেখান। ৪৫ লক্ষ টাকার আস্থা ফিরিয়ে দিয়ে ৭ ম্যাচে করেন ১৭৭ রান। গড় ২৫.২৯। সর্বোচ্চ ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৪৪ রানের ইনিংস।
গোয়ালিয়রের মাটিতে স্বপ্ন বুনেছিলেন অনুষ্কা। ব্যাট-বলে লড়াই করে ঘরোয়া ক্রিকেটে নিজের নাম তুললেন ধীরে ধীরে। তারপর এল ডব্লিউপিএল। সেখানে সুযোগ পেয়ে ইতিহাস গড়লেন শহরের প্রথম ক্রিকেটার হিসাবে। এশিয়া কাপেও নজরকাড়া পারফরম্যান্সে দরজা খুলল জাতীয় দলে। তাঁর গল্প এখন স্থানীয় ক্রিকেটারদের স্বপ্ন দেখার অনুপ্রেরণা।
সিনিয়র উইমেন্স ইন্টার-জোনাল ট্রফিতে সেন্ট্রাল জোনের হয়ে অনুষ্কা ৫৮ বলে ৮০ রান করেছিলেন। এছাড়াও তিনি সিনিয়র উইমেন্স টি-টোয়েন্টি ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে ২০৭ রান করেন। নজরকাড়া ব্যাটিং দেখে ডব্লিউপিএলের নিলামের আসরে বেশ কয়েকটি দল তাঁকে নিতে আগ্রহী হয়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বই ইন্ডিয়ান্সও তার জন্য বিড করেছিল। তবে নিলামের লড়াইয়ে শেষ পর্যন্ত জিতে নেয় গুজরাট জায়ান্টস।
২০০৩ সালের ৫ এপ্রিল জন্ম অনুষ্কার। তিনি মধ্যপ্রদেশ মহিলা দল, ভারত 'বি' মহিলা দল, 'সি' মহিলা দল, সেন্ট্রাল জোন এবং বুন্দেলখণ্ড বুলস মহিলা দলের হয়েও খেলেছেন। কীভাবে ক্রিকেটে এলেন? শিবপুরী ক্রিকেট অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেওয়া অনুষ্কা ছোটবেলা থেকেই পরিশ্রমী ও শৃঙ্খলাপরায়ণ ছিলেন। ১৩-১৪ বছর বয়সে ক্রিকেটে হাতেখড়ি হলেও গত কয়েক বছরে তাঁর খেলায় অভূতপূর্ব উন্নতি হয়।
একটি সামার ক্যাম্পে অংশ নেওয়ার পরই ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরি হয় অনুষ্কার। সেখানেই কোচ তাঁর প্রতিভা চিহ্নিত করেন। অনুষ্কার বাবা ব্রিজমোহন শর্মা বলেন, “সামার ক্যাম্পের এক কোচই প্রথম বলেছিলেন, ওকে ক্রিকেটে শেখানো উচিত। কারণ ওর মধ্যে বিশেষ প্রতিভা রয়েছে।”
এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। পরিবারের সমর্থন তাঁর সাফল্যের অন্যতম ভিত্তি। মা নীলম শর্মা এবং দাদা আয়ুষ শর্মা সবসময় তাঁকে উৎসাহ জুগিয়েছেন। অনুষ্কা তখন ছোট। বাড়ির ছাদে ভাইবোনেরা একসঙ্গে খেলছিলেন। ঠিক সেই সময় হাতে ব্যাট তুলে নিয়েছিলেন অনুষ্কা। ক্রিকেটের প্রতি তাঁর অনুরাগ লক্ষ্য করেন দাদা আয়ুষই।
Published By: Prasenjit DuttaPosted: 06:25 PM Apr 20, 2026Updated: 10:09 PM Apr 20, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
