Advertisement
স্টুয়ার্ট বিনির জন্যই 'ধুরন্ধর' উপহার পেলেন দর্শকরা! আদিত্য ধরের পরিচালনার নেপথ্যে ক্রিকেটার?
জাতীয় পুরস্কারজয়ী আদিত্যর জীবনে রজার বিনিপুত্রের বিরাট প্রভাব। কীভাবে তৈরি হল তুমুল জনপ্রিয় ছবি ধুরন্ধর?
সাম্প্রতিক অতীতে দেশজুড়ে চর্চায় ছিল একটাই ছবি-ধুরন্ধর। গত ৫ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ নতুন বছরেও প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে। হাজার কোটির গণ্ডি পেরিয়ে বলিউডের খান-কাপুরদের রেকর্ডও ধুলিসাৎ করে দিয়েছেন রণবীর সিং।
সেই ছবির নেপথ্যে থাকা আসল 'ধুরন্ধর' অবশ্য পরিচালক আদিত্য ধর। একের পর এক সুপারহিট ছবি পরিচালনা করেছেন। চলতি সপ্তাহেই মুক্তি পাবে তাঁর ব্লকবাস্টার ধুরন্ধরের সিক্যুয়েল।
দেশজুড়ে আবারও চর্চা চলছে ধুরন্ধর নিয়ে। তার মধ্যে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আদিত্য ধরের জীবন কাহিনি। স্বপ্নভঙ্গের যন্ত্রণা সামলে সাফল্যের শিখরে পৌঁছনোর যাত্রা হু হু করে ছড়িয়ে পড়ছে নেটদুনিয়ায়।
ঠিক কী ঘটেছিল ধুরন্ধর পরিচালকের জীবনে? জানা যাচ্ছে, একটা সময়ে ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল আদিত্যর। দিল্লি বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলতেন। ভারতের অনূর্ধ্ব ১৯ দলে খেলার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন।
বিখ্যাত পরিচালক প্রিয়দর্শনের একটি সাক্ষাৎকারেই জানা গিয়েছে আদিত্য ধরের জীবনকাহিনি। তাঁর পরিচালনায় বেশ কয়েকটি ছবিতে সহকারী হিসাবে কাজ করেছেন আদিত্য। প্রিয়দর্শনের মতে, আদিত্যর অনেক বেশি কৃতিত্ব প্রাপ্য।
'শিষ্যে'র জীবন নিয়ে বলতে গিয়ে প্রিয়দর্শন জানান, "আদিত্য ক্রিকেটার ছিল। অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পাওয়াও প্রায় নিশ্চিত ছিল। কিন্তু কিছু রাজনীতির শিকার হয়ে সেই দরজা বন্ধ হয়ে যায়। তারপর হতাশ হয়ে বাড়িতে বসে থাকত।"
প্রিয়দর্শন বলছেন, গার্দিশ নামে একটি ছবি দেখে আদিত্যর জীবনের মোড় ঘুরে যায়। ওই ছবি দেখেই আদিত্য সিদ্ধান্ত নেন, তিনি ছবি পরিচালনা করবেন। মুম্বইয়ে পাড়ি দেন আদিত্য। কজা শুরু করেন সহকারী পরিচালক হিসাবে।
২০১৯ সালে পরিচালক হিসাবে নিজের প্রথম ছবিতেই হইচই ফেলে দেন আদিত্য। উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক ছবির জন্য জেতেন জাতীয় পুরস্কার। সঙ্গে ফিল্মফেয়ার-সহ আরও বেশ কিছু পুরস্কার জেতেন আদিত্য।
কিন্তু ক্রিকেটের দুনিয়ায় আদিত্যকে কেন রাজনীতির শিকার হতে হল? কাদের রোষে শেষ হয়ে গেল তাঁর ক্রিকেট কেরিয়ার? নেটদুনিয়া আঙুল তুলছে স্টুয়ার্ট বিনির দিকে। তিনি বিশ্বকাপজয়ী রজার বিনির পুত্র।
Published By: Anwesha AdhikaryPosted: 04:45 PM Mar 16, 2026Updated: 04:57 PM Mar 16, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
