Advertisement
উভকামী প্রেমিকাকে ছেড়ে ক্লাবকর্তার মেয়ের সঙ্গে প্রেম ব্রাজিলের ফুটবলারের! জানাজানি হতেই যা হল...
নেইমার-ভিনিসিয়াসের সতীর্থের প্রাক্তন প্রেমিকা অ্যালিশা লেহম্যানের রূপে বুঁদ ফুটবলভক্তরাও।
'বিশ্বসুন্দরী' প্রেমিকার সঙ্গে ব্রেকআপ। তারপরই নতুন প্রেমকাহিনি শুরু। তাও সেটা কার সঙ্গে? নিজের ক্লাবের কর্মকর্তার ১৯ বছর বয়সি মেয়ের সঙ্গে। ব্রাজিলের ফুটবলার ডগলাস লুইজের কীর্তিতে তাজ্জব ফুটবল দুনিয়া। তারপর যা ঘটল...
ব্রাজিলের মিডফিল্ডার ডগলাস ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলায় খেলেন। ব্রাজিলের হয়েও ১৮টি ম্যাচ খেলেছেন। তবে আরেকটা কারণেও তাঁর পরিচিতি আছে। সেটা তাঁর প্রাক্তন প্রেমিকা অ্যালিশা লেহম্যানের জন্য।
বিশ্বের সবচেয়ে সুন্দরী ফুটবলার হিসেবে লেহম্যানের নাম নেন অনেকে। ইনস্টাগ্রামে মহিলা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার সুইজারল্যান্ডের স্ট্রাইকারের। উভকামী লেহম্যান এর আগে এক মহিলার সঙ্গে সম্পর্কে ছিলেন। ২০২১ থেকে প্রেম শুরু ডগলাসের সঙ্গে।
তারপর থেকেই চর্চায় ডগলাস-লেহম্যান জুটি। ব্রেকআপ হয়েছে, আবার একসঙ্গে থাকা শুরু করেছেন। তখন দু'জনেই অ্যাস্টন ভিলায় খেলতেন। তারপর জুটি বেঁধে চলে যান ইটালির ক্লাব জুভেন্টাসে। ফুটবলের ইতিহাসে এই প্রথম কোনও জুটি একসঙ্গে দলবদল করে একই ক্লাবে গেল।
কিন্তু ইটালিতে গিয়েই যত গন্ডগোলের সূত্রপাত। দুজনের কেউই পুরুষ ও মহিলা দলে সফল হতে পারলেন না। উলটে চোট-আঘাতে জর্জরিত হলেন ডগলাস। বাধ্য হয়ে ২০২৫-এ ক্লাব ছাড়েন লেহম্যান। অন্যদিকে ডগলাসকে লোনে পাঠানো হয় ইংলিশ প্রিমিয়ার লিগেরই আরেক ক্লাব নটিংহ্যাম ফরেস্টে।
ওই সময় ফের ব্রেকআপ হয় তাঁদের। লেহম্যান নতুন জীবনসঙ্গী খুঁজে নেন। আর নটিংহ্যামে আসার পর ডগলাসের জীবনে আসেন ১৯ বছরের সুন্দরী দুদা গাসপার। ব্রাজিলিয়ান মডেল সোশাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয়। শুরুতে বিষয়টা গুঞ্জনই ছিল। সম্প্রতি একসঙ্গে ছবি দিয়ে শিলমোহর দিয়েছেন দু'জনেই।
এদিকে চলতি বছরের শুরুতেই নটিংহ্যাম থেকে কার্যত তাড়িয়ে দেওয়া হয় ডগলাসের। পুরনো ফর্মের ধারেকাছে ছিলেন না। খেলেছেন মাত্র ৮টা ম্যাচ। তাঁকে ফের অ্যাস্টন ভিলায় পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এই ট্রান্সফার কি শুধু ফুটবলের কারণে? নাকি পিছনে রয়েছে দুদার সঙ্গে প্রেম?
আসলে নটিংহ্যাম ক্লাবের শীর্ষকর্তার নাম এডু। তিনিও ব্রাজিলীয় ফুটবলার ছিলেন। আর্সেনালের কিংবদন্তি বলে ধরা হয় তাঁকে। এডুর পুরো নাম? এডু গাসপার। সম্পর্কে দুদার বাবা। তাঁর ক্লাবে খেলে, তাঁরই মেয়ের সঙ্গে তখন চুটিয়ে প্রেম করছেন ডগলাস।
তারপরই ডগলাসকে পত্রপাঠ বিদায়! মনে করা হয়, দুদার সঙ্গে ডগলাসের প্রেমের কথা জানতে পেরেই কঠোর সিদ্ধান্ত নেন এডু। তবে এই মুহূর্তে তাঁর আসনও টলমল। নটিংহ্যাম এই মুহূর্তে প্রিমিয়ার লিগে ১৮তম স্থানে। অবনমনের লড়াই লড়ছে। এই পরিস্থিতিতে এডুকে সরিয়ে দেওয়া হতে পারে।
Published By: Arpan DasPosted: 08:21 PM Mar 15, 2026Updated: 08:21 PM Mar 15, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
