Advertisement
সহজেই অন্যের চোখে হয়ে উঠুন আকর্ষণীয়, জেনে নিন এই পাঁচ উপায়
আলাদা হতে গিয়ে বেঢপ কিছু করে বসবেন না যেন।
ভিড়ের মধ্যে দাঁড়িয়েও আপনি অনন্য। আপনার দিকেই চেয়ে রয়েছেন বহু মানুষ। এমন স্বপ্ন কে না দেখে! কিন্তু অন্যের কাছে আকর্ষণীয় হয়ে ওঠা অত সহজ নয়। কিন্তু গবেষকরা বলছেন, ছোট ছোট পরিবর্তনেই এটা করা সম্ভব। মেনে চললে হতে পারে ম্যাজিক! তবে একথা শুরুতেই মনে রাখুন, একটু আলাদা হতে গিয়ে বেঢপ কিছু করে বসবেন না যেন। আপনার রুচিই আপনার ব্যাক্তিত্বের আসল সুগন্ধী!
অর্থাৎ সূক্ষ্মতাই আসল চাবিকাঠি। কেননা সকলেই অন্যের মনোযোগ আকর্ষণের জন্য এক অদৃশ্য প্রতিযোগিতায় শামিল। অথচ অপ্রত্যাশিত ভিন্নতাই জয়ী হয়। যেমন ধরা যাক, কবজিতে রুপোর একটা ছোট্ট ব্রেসলেট কিংবা দম দেওয়া একটি মেকানিক্যাল ঘড়ি। এই ধরনের ভিন্নতা প্রায়শই স্মৃতিতে গেঁথে যায়। ফলে আপনার প্রতি একটা সদর্থক ধারণা তৈরি হয়ে যায়।
মনে কথা খুলে বলাটাও আরও একটা উপায়। বাগ্মী হোন। তবে নিজের দুর্বলতার কথা চট করে প্রকাশ করবেন না। আবার অন্যের কথাও মন দিয়ে শুনুন। মনে রাখবেন, সকলেই নিজেদের কথা বলতে ভালোবাসেন। তাই তাঁদের বক্তব্যেও অবশ্যই প্রতিক্রিয়া জানান। কৌতূহল দেখান। শরীরী ভাষায় বোঝান আপনি মনোযোগ দিয়েই শুনছেন। এতে সহজেই একটা নৈকট্য যেমন গড়ে উঠবে, তেমনই আপনার প্রতি তাঁদের আকর্ষণ আরও বাড়বে।
একটা কথা অবশ্যই মনে রাখতে হবে। কখনও অন্যের কাছে 'ফেক' হবেন না। অর্থাৎ অযথা বাড়িয়ে কথা বলা, মিথ্যে বলার মতো কাজ কক্ষনও করবেন না। অনেকেই অন্যের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে নিজের মিথ্যে ইমেজ গড়তে চান। কিন্তু কেউ মাথায় রাখেন না, যখন তখন সেই ইমেজ খানখান হয়ে যেতে পারে। সহজ হোন। থাকুন সৎ।
আপনার সবচেয়ে বড় মূলধন আপনার শরীরী ভাষা। ধরুন কারও সঙ্গে সদ্য পরিচয় হয়েছে। তাঁর সঙ্গে আপনার সুপরিচিত কারও মিল পেলে মনে মনে ভাবুন যেন সেই মানুষটির সঙ্গেই কথা বলছেন। এতে ভুরু কোঁচকানো কিংবা গম্ভীর হওয়া-টওয়ার মতো আচরণগুলি আপনাআপনিই অদৃশ্য হয়ে যাবে। নিজেকে সহজ করে মেলে ধরুন। তাহলেই অর্ধেক কাজ সারা হয়ে যাবে।
Published By: Biswadip DeyPosted: 11:19 PM Jul 16, 2026Updated: 11:19 PM Jul 16, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
