Advertisement
নিম করোলি বাবার মাহাত্ম্যেই ভাগ্যবদল! মাত্র ২ কোটির ছবি টেক্কা দিল যৌনগন্ধী 'টক্সিক'কেও
নিম করোলি বাবার চরিত্রে অভিনয় করেই ঘুরল ভাগ্যচক্র! কে এই অভিনেতা যিনি এখন ভারতীয় সিনেদুনিয়ার 'সুপারহিরো'?
বড় সেলেবমুখ নেই, প্রচারের জাঁকজমক দূর অস্ত! বাজেটও নামমাত্র। অথচ বক্স অফিসে এমন ঝড় তুলল যে, পিছু হঠল 'টক্সিক'ও। ছব্বিশ সালে একাধিক বিগ বাজেট সিনেমার ভিড়ে বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে আধ্যাত্মিক সিনেমা 'হনুমান অংশ'। সিনেমার বাজেট মোটে ২ কোটি। আর মুক্তির কয়েক দিনেই ৪৬ কোটি টাকা আয় করে ফেলেছে ছবিটি। ভক্তরা বলছেন, নিম করোলি বাবার মাহাত্ম্য ছাড়া এ অসম্ভব!
'ধুরন্ধর ২' কিংবা 'টক্সিক'-এর মতো বিগবাজেট সিনেমাগুলোর যেখানে প্রযোজকের ক্যাশবাক্সে মূলধন তুলতেই হিমশিম পরিস্থিতি, সেখানে স্বল্প দিনেই মূল বাজেটের ২০ গুণেরও বেশি আয় কর সাড়া ফেলে দিয়েছে 'হনুমান অংশ'। ভারতীয় সিনেদর্শকের জন্য এই সিনেমা 'মাস্ট ওয়াচে'র তালিকায় রেখেছেন কঙ্গনা রানাউত। সাংসদ-অভিনেত্রীর মন্তব্য, 'এই ছবি সৎসঙ্গ। নিম করোলি বাবার কী সুন্দর গল্প। থেরাপি ছেড়ে ছবিটা দেখুন।'
'হনুমান অংশ' মূলত আধ্যাত্মিকগুরু নিম করোলি বাবার জীবন-দর্শনকে কেন্দ্র করে তৈরি। ছবির গল্পে উঠে এসেছে লক্ষ্মণ দাসের জীবন। কীভাবে তাঁর আধ্যাত্মিক সফর পরবর্তীকালে তাঁকে 'নিম করোলি বাবা' করে তোলে। সেই কাহিনিই দেখিয়েছেন বিশাল চতুর্দশীর ছবি। যে সিনেমায় অভিনয় করে ভারতীয় সিনেদুনিয়ার 'সুপারহিরো' হয়ে উঠেছেন শোবিনও সত্য। নিম করোলি বাবার চরিত্রে তাঁর অভিনয়ের সুযোগও আসে ম্যাজিকের মতোই। কীরকম?
চমকপ্রদ বিষয় হচ্ছে, মহারাজ নিম করোলির চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে যে অভিনেতাকে নির্বাচন করা হয়েছিল, তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন। সেসময়ে ছবির কাজ চলছিল। তাই পরিচালক বিশালের এমন কাউকে প্রয়োজন ছিল যিনি এই চ্যালেঞ্জিং চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবেন। শোবিনওকে অডিশন দেওয়ার কথা বলা হয়। টানা ৫ ঘণ্টা ধরে চলে তাঁর অডিশন। এরপর বাকিটা ইতিহাস।
মঙ্গলবার মুক্তির ২৬তম দিনে 'হনুমান অংশ' বিগবাজেট 'টক্সিক'কেও দৈনিক আয়ের নিরিখে পেছনে ফেলে দিয়েছে। জানা গিয়েছে, লখনউয়ের বাসিন্দা শোবিনও এর আগে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ফিল্ম ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র। কাজের তালিকায় রয়েছে 'সিআইডি', 'রাগিনি এমএমএস রিটার্নস', 'হ্যাপিলি এভার আফটার' এবং 'মহাপৌর'। তবে নিম করোলি বাবার চরিত্রে অভিনয়ই রাতারাতি তাঁর ভাগ্যবদল করল।
ছাব্বিশের বক্স অফিস সাফল্যের অন্যতম 'ধুরন্ধর ২'। বাজেট ছিল প্রায় ১২৫ কোটি। তবে সেই তুলনায় লাভের হার কম। অর্থাৎ মোট ব্যবসার দিক থেকে বড় ছবি হলেও বিনিয়োগের তুলনায় লভ্যাংশে এগিয়ে 'হনুমান অংশ'। শোবিনও-সহ ছবির বাকি অভিনেতা চন্দন আনন্দ, পূর্ণিমা তিওয়ারিরাও উচ্ছ্বসিত এহেন সাফল্যে। বক্স অফিসের দুরন্ত সাফল্যে নিম করোলি বাবার মাহাত্ম্যই দেখছেন দর্শক-ভক্তরা।
Published By: Sandipta BhanjaPosted: 08:56 PM Sep 02, 2026Updated: 08:57 PM Sep 02, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
