Advertisement
রণবীর একা নন, শেষ মুহূর্তে ছবি থেকে সরে দাঁড়িয়ে বিতর্কে জড়িয়েছেন এই সেলেবরাও
কেউ সেচ্ছায় তো কেউ পরিস্থিতির চাপে চূড়ান্ত হয়েও ছবি থেকে বাদ পড়েন। বিটাউনে এমন উদাহরণ ভুরিভুরি। রণবীর সিং থেকে কার্তিক আরিয়ান, করিনা কাপুর সহ আর কে রয়েছেন সেই তালিকায়?
এই মুহূর্তে ফারহান আখতার পরিচালিত ও প্রযোজিত 'ডন ৩'-তে আচমকা সরে দাড়ানোর জন্য চর্চায় রণবীর সিং। এই ঘটনার জেরে ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ' বলিউডে রণবীরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। অভিযোগ, 'ধুরন্ধর'-এর ব্যাপক সাফল্যের পর নিজেই 'ডন' ফ্র্যাঞ্চাইজি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। সেই প্রভাব পড়েছে অভিনেতার আসন্ন প্রোজেক্টেও। রণবীর তো সেচ্ছায় ছবি থেকে সরে এসেছেন, করিনার সঙ্গে কী ঘটেছিল জেনে নেওয়া যাক।.
'টক্সিক' ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন করিনা কাপুর খান। দক্ষিণী ইন্ডাস্ট্রি সূত্রে এমনটাই শোনা গিয়েছিল। নায়ক যশের বোনের চরিত্রে অভিনয় করার কথা ছিল বেবোর। কিন্তু, শুটিংয়ের শিডিউলের সমস্যার জন্য শেষ পর্যন্ত ছবি থেকে সরে আসতে হয় নবাব বেগম করিনা কাপুর খানকে। কেরিয়ারের গোড়াতে আরও একটি হিট ছবি থেকে বাদ পড়েছিলেন। সেটা ঠিক কেমন?
রাকেশ রোশন পরিচালিত সুপারহিট ছবি 'কহো না প্যায়ার হ্যায়'। এই ছবির হাত ধরে বলিউডে অভিষেক হওয়ার কথা ছিল করিনার। কয়েকটি দৃশ্যের শুটিংও করেও সরে আসেন। পরে তাঁর জায়গায় হৃত্বিকের বিপরীতে চূড়ান্ত হন আমিশা প্যাটেল। শোনা যায়, রাকেশ রোশনের সঙ্গে করিনার মায়ের ভুল বোঝাবুঝির জন্যই ছবির কাজ শুরু করেও শেষ করেননি। অভিষেক বচ্চনের সঙ্গে 'রিফিউজি'র মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি কাপুর তনয়ার।
সিনেমার প্রস্তাব পেয়েও সুযোগ পাননি অভিনেতা কার্তিক আরিয়ান। জাহ্নবী কাপুর ও লক্ষ ললওয়ানির সঙ্গে 'দোস্তানা ২'-এর শুটিং করছিলেন। সিনেমার প্রতি মুহূর্তের আপডেটের জন্য মুখিয়ে থাকত সিনেপ্রেমীরা। কিন্তু, ধর্মা প্রোডাকশনের তরফে আচমকা ঘোষণা করা হয়, নতুনভাবে ছবির কাস্টিং নিয়ে ভাবা হবে। এরপরই করণ আর কার্তিকের মধ্যে মনোমালিন্যের জল্পনা শুরু হয়। ইন্ডাস্ট্রির স্বজনপোষণ নিয়েও অভিযোগ বেশ জোরাল হয়। যদিও একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল, কার্তিক নাকি নিজের আচরণের জন্যই নাকি বাদ পড়েছিলেন।
এবার আসা যাক অভিষেক বচ্চনের কথায়। 'পলটন' ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি মাঝপথে ছবি থেকে সরে দাঁড়ান। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জুনিয়র বচ্চন নিজেই জানিয়েছিলেন ব্যক্তিগত কারণেই সিনেমা থেকে সরে গিয়েছিলেন। সেই সঙ্গে দুঃখপ্রকাশ করে বলেছিলেন, "জেপি সাহেব শুধু আমাকে লঞ্চই করেননি, তিনি আমার কাছে পরিবারের মতো।"
২০১৪ সালের গোড়াতে বলিউডের 'গ্রীক গড' হৃত্বিক রোশন আনুষ্ঠানিকভাবে 'শুদ্ধি' ছবি থেকে সরে আসেন। কারণ হিসেবে প্রাথমিকভাবে অভিনেতার শারীরিক অসুস্থতার অজুহাত দেওয়া হলেও পরে উঠে আসে অন্য তথ্য। একাধিক রিপোর্টে দাবি করা হয় যে সৃজনশীল মতভেদ এবং লাভের অংশীদারিত্ব নিয়ে বিরোধের জন্যই 'শুদ্ধি'তে অভিনয় করেননি রাকেশ পুত্র।
২০১৮ সালের জুলাইয়ে 'ভারত'-এর শুটিং শুরু করেও মাঝপথে সরে যান প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার পরিবর্তে সলমনের বিপরীতে অভিনয় করেন ক্যাটরিনা কাইফ। পিসির আচমকা সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন আলি আব্বাস জাফর। সলমনের সঙ্গে মনোমালিন্যের কারণেই নাকি নিক ঘরনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে অবশ্য চর্চায় ছাই দিয়ে দুজনেই এই জল্পনা উড়িয়ে দেন।
Published By: Kasturi KunduPosted: 05:05 PM May 26, 2026Updated: 05:06 PM May 26, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
