Advertisement
গালওয়ানের যুদ্ধে বাদ চিন-ই! কেন্দ্রের আপত্তিতে বিপাকে সলমনের 'মাতৃভূমি', আদৌ মুক্তি পাবে?
সলমন খানের বহু প্রতীক্ষিত দেশাত্মবোধক ছবিতে কাঁচি! কেন বাদ পড়ল চিন প্রসঙ্গ?
সলমন খানের দেশাত্মবোধক সিনেমা নিয়ে জটিলতা যেন কিছুতেই কাটছে না! কখনও বেজিংয়ের আপত্তি, কখনও সিনেমার নাম বদল, এযাবৎকাল বিবিধ কারণে চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছে 'মাতৃভূমি'। এবার খবর, এই সিনেমা চাক্ষুষ করার জন্য অনুরাগীদের প্রতীক্ষার প্রহর আরও দ্বিগুণ হতে চলেছে! কেন?
২৭ ডিসেম্বর ভারতীয় সেনাজওয়ানের জয়গান গেয়ে বহু প্রতীক্ষিত 'ব্যাটল অফ গালওয়ান'-এর টিজার প্রকাশ্যে এনেছিলেন সলমন। আর সেই ঝলক দেখেই রে-রে করে ওঠে জিনপিং সরকার। আসলে বাস্তবের গালওয়ান সংঘাতে ভারতীয় সেনার কাছে প্রবল 'মার খেয়েছিল' চিনা সেনাবাহিনী। আর ছবির ঝলকে ভারতীয় সুপারস্টারের হাতে সেই লাল ফৌজ নিধন দেখেই ফুঁসে উঠেছিল বেজিং।
চিন দাবি করেছিল, "বিকৃত তথ্যের সিনেমা দেখিয়ে ভারত জাতীয়তাবাদের উসকানি দিচ্ছে এবং চিনা সামরিক বাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করছে।" শুধু তাই নয়, চিনা সংবাদমাধ্যমে সলমনের সিনেমাকে ভারতের জাতীয়বাদ উসকানির 'অস্ত্র' বলেও কটাক্ষ করা হয়েছিল। তার জেরেই নাকি ছবিমুক্তি নিয়ে মহাবিপাকে পড়েছেন ভাইজান।
কানাঘুষো, ভারত-চিনের মধ্যে ক্রমশ উন্নত হতে থাকা কূটনৈতিক সম্পর্কে যাতে কোনও নেতিবাচক প্রভাব না পড়ে, তাই 'মাতৃভূমি' ছবি থেকে বেশ কিছু চিন প্রসঙ্গ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ফলত, ফের নতুন করে চিত্রনাট্য সাজাতে হয়েছে পরিচালক অপূর্ব লাখিয়াকে।
সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশানুযায়ী 'মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস' ছবিটিতে কোথাও চিনের নাম উল্লেখ করা যাবে না- এহেন নির্দেশিকা নাকি অনেক আগেই সলমন খান-সহ নির্মাতাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু প্রথম সংস্করণ জমা দিতেই কেন্দ্রের আপত্তির মুখে পড়তে হয় 'মাতৃভূমি'কে। কারণ ঝলকেও চিন প্রসঙ্গ স্পষ্ট ছিল। আর তাতেই আপত্তি তোলে প্রতিরক্ষা মন্ত্রক!
সেকারণেই প্রায় ৪০ শতাংশ সিকোয়েন্স নতুন করে শুটিং করতে হচ্ছে ভাইজানকে। প্রথমটায় ঠিক ছিল, আদ্যন্ত গালওয়ান সংঘাতের প্রেক্ষাপটে ছবিটা তৈরি করা হবে। সেইমতো শুটিংও শেষ হয়। তবে শেষবেলায় বাদ সাধে প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশিকা! খবর, কেন্দ্রের আপত্তির জেরেই সিনেমা থেকে চিন প্রসঙ্গ বাদ দিয়ে কাল্পনিক কিছু দৃশ্য যোগ করা হয়েছে। কী কী রয়েছে নতুন সংস্করণে?
শোনা যাচ্ছে, চিন প্রসঙ্গ বাদ দিয়ে গান, রোম্যান্টিক দৃশ্য যোগ করে 'মাতৃভূমি'র এক নতুন সংস্করণ তৈরি হয়েছে। যেখানে চিনের নামোল্লেখ পর্যন্ত করা হয়নি। চলতি মাসেই সেই নতুন ভার্সন প্রতিরক্ষা মন্ত্রকের কাছে জমা দেওয়া হয়েছে 'এনওসি' বা ছাড়পত্রের জন্য। তবে এরপরও নাকি ছবিটির বিষয়বস্তু নিয়ে সন্তুষ্ট নয় সংশ্লিষ্ট দপ্তর!
১৭ এপ্রিল 'মাতৃভূমি' রিলিজের ঘোষণা করেছিলেন নির্মাতারা। কিন্তু ছবিমুক্তির প্রাক্কালে এহেন জটিলতায় প্রশ্ন উঠেছে, আদৌ প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখবে সলমনের ছবি? কারণ ভাইজান খুব শিগগিরি দিল রাজুর সঙ্গে পরবর্তী সিনেমার শুটিং শুরু করবেন। যেখানে নায়িকা নয়নতারা। সেক্ষেত্রে 'মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস' ছবিটির জন্য ফের শুটিং করতে হলে সলমন কি সময় দিতে পারবেন? এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে সিনেদুনিয়ায়।
প্রথমটায় শোনা যায়, প্রশান্ত তামাংয়ের মৃত্যুতে মাঝপথে শুটিং থেমে যাওয়ায় 'মাতৃভূমি'র মুক্তি পিছিয়েছে। কারণ প্রয়াত গায়ক-অভিনেতা এই দেশাত্মবোধক ছবিতে সলমন খানের বিপরীতে খলনায়কের ভূমিকায় অভিনয় করছিলেন। বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্সও ছিল তাঁর। তবে পুরো শুটিং শেষ করার আগেই চিরঘুমের দেশে পাড়ি দেন প্রশান্ত। সেজন্যই নাকি মুক্তি পিছোয়। তবে এবার খবর, প্রশান্ত নয় আসলে কেন্দ্রের আপত্তিতেই নতুন করে শুট করতে হয়েছে।
'মাতৃভূমি'তে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সলমন খানকে। যিনি গালওয়ানে ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। জওয়ানের চরিত্রে অভিনয়ের জন্য কড়া হোমওয়ার্কও করেছিলেন ভাইজান। শুটিং শুরুর আগে নিত্যদিন প্রেশার চেম্বারে ঘাম ঝরিয়েছেন। পরিবর্তন এনেছিলেন ডায়েট চার্টেও। সব খাটুনিই কি তাহলে বিফলে যাবে? (ছবি- সংগৃহীত)
Published By: Sandipta BhanjaPosted: 06:21 PM Apr 15, 2026Updated: 06:22 PM Apr 15, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
