Advertisement
মাঝআকাশে খুলল প্যারাসুট, সমুদ্র ছুঁল ‘ড্রাগনযান’, ছবিতে শুভাংশুর ঘরে ফেরা
২২ ঘণ্টার দীর্ঘ সফর শেষে প্রশান্ত মহাসাগরে নেমে আসে ‘ড্রাগনযান’।
১৮ দিন মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরলেন (ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার দুপুরে) ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা এবং তাঁর সঙ্গীরা। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পরই একে একে খুলে যায় ড্রাগনযানের চারটি প্যারাসুট। সেই সময়ে ক্যাপসুলের গতিবেগ ছিল ঘণ্টায় ২৪ কিলোমিটার।
১৪ জুলাই ভারতীয় সময়ানুসারে বিকেল ৪টে ৩৫ মিনিটে (আমেরিকার সময় ভোর ৭টা বেজে ৫ মিনিটে) ‘ড্রাগন’ স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়। এরপর প্রায় ২২ ঘণ্টার দীর্ঘ সফর শেষে পৃথিবীতে ফিরলেন শুভাংশু-সহ চার নভশ্চর।
ভারতীয় সময়ে দুপুর ৩টে ১ মিনিটে (আমেরিকার স্থানীয় সময় রাত ২টো ৩৯ মিনিট) আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো উপকূলে ‘স্প্ল্যাশডাউন’ সম্পূর্ণ করে ‘ড্রাগনযান’। উল্লেখ্য, সমুদ্রে মহাকাশযান অবতরণের প্রক্রিয়াকে ‘স্প্ল্যাশডাউন’ বলা হয়।
২২ ঘণ্টার দীর্ঘ সফর শেষে ভাসতে ভাসতে প্রশান্ত মহাসাগরে নেমে আসে ‘ড্রাগনযান’ ক্যাপসুল। আগে থেকে সেখানে প্রস্তুত ছিল ‘রিকভারি ভেহিকল’ এবং উদ্ধারকারী দল।
শুভাংশুদের ক্যাপসুল অবতরণ করতেই দ্রুত সেটিকে তুলে নেওয়া হয় ‘রিকভারি ভেহিকল’-এ। শারীরিক পরীক্ষার পর ক্যাপসুল থেকে ধীরে ধীরে বাইরে বের করে আনা হয় চার নভশ্চরকে।
হাসিমুখে বাইরে বেরিয়ে আসেন শুভাংশু। চার নভশ্চরের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হলেও তাঁদের আরও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে সূত্রের খবর।
২৬ জুন ইতিহাস তৈরি করেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। অ্যাক্সিয়ম-৪ অভিযানের অংশ হিসাবে অন্য তিন মহাকাশচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৌঁছান তিনি। তারপর গত কয়েকদিন ধরে মহাকাশ থেকে একাধিক বিষয়ে গবেষণা করেন চার নভশ্চর।
‘ড্রাগনযান’ থেকে প্রথমে বাইরে রেরিয়ে আসেন কমান্ডার পেগি হুইটসন। তারপরই ক্যাপসুলটি থেকে বেরোন শুভাংশু। তাঁর এই যাত্রা ঐতিহাসিক বলেই মনে করা হচ্ছে। ১৯৮৪ সালে রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশ গিয়েছিলেন। তাঁর কীর্তিকে এবার স্পর্শ করলেন শুভাংশু। সময়ের হিসেবে রাকেশের থেকে অনেকটা বেশি সময় তিনি থাকলেন অন্তরীক্ষে। পাশাপাশি তিনিই প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেলেন।
Published By: Subhodeep MullickPosted: 06:14 PM Jul 15, 2025Updated: 06:14 PM Jul 15, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
