Advertisement
'আমাকে সামলানো সহজ না', 'আতঙ্ক' মুক্ত হয়েই কোন পথে 'মিঠাইরানি' সৌমিতৃষা?
সৌমিতৃষার নতুন পোস্ট ঘিরে বাড়ছে জল্পনা।
সৌমিতৃষা কুণ্ডু, 'মিঠাই' ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন। এরপর লম্বা বিরতি, সিরিয়ালের সেটে আর কখনও ফেরেননি। 'কালরাত্রি'র মাধ্যমে ওয়েব সিরিজে আত্মপ্রকাশ। নতুন জার্নিতেও সফল সৌমিতৃষা। সম্প্রতি সোশাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে লিখলেন, 'আমাকে সামলানো সহজ না।'
তবে এই পোস্টের নেপথ্যে রয়েছে এক অন্য কাহিনি। উজ্জ্বল লাল বর্ণের শাড়ি, কপালে লাল টিপ আর খোলা চুলে ভগবানের আশীর্বাদ নিচ্ছেন সৌমিতৃষা। হাতে রয়েছে ক্ল্যাপস্টিক। ঝুলিতে আরও এক নতুন কাজ তা কার্যত ছবিতেই স্পষ্ট। যদিও প্রজেক্টের নাম আড়ালেই রেখেছেন ছোট পর্দার মিঠাই ওরফে সৌমিতৃষা।
ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'তে সৌমিতৃষা অভিনীত 'আতঙ্ক' দর্শক বেশ ভালোই উপভোগ করেছে। এরপরই নতুন প্রজেক্টের ঘোষণা করলেন অভিনেত্রী। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে শুটিং। ব়্যাপ-আপের পর টিমের সদস্যদের সঙ্গে ভগবানের আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছিলেন মন্দিরে। সেখান থেকেই ছবি পোস্ট করেছেন সৌমিতৃষা।
কতটা আনন্দের সঙ্গে কাজ শেষ করেছেন সেই বর্ণনাই রয়েছে তাঁর পোস্টের ক্যাপশনে। যিতিন সৌমিতৃষা লিখেছেন, 'ব়্যাপ আপ হয়ে গিয়েছে। খুব শীঘ্রই নাম প্রকাশ্যে আসবে। আরও একবার সকলে আমাকে সহ্য করেছেন। আমাকে সামলানো সহজ না। সেটা ওঁরা করেছেন। সব দুষ্টুমি সহ্য করেছেন। মেকআপ রুমের বন্ডিং নিয়ে আর কী বলব! হাসি, মজা,আনন্দ করেই দিনগুলো কেটে গেল।'
নতুন প্রজেক্টের নাম নিয়ে ধোঁয়াশা জিইয়ে রাখলেও কানাঘুষো, সৌমিতৃষাকে দেখা যাবে 'মাঙ্গলিক' নামক একটি সিরিজে। ক্ল্যাপস্টিককে আড়ালে রাখলেও একটু ভালো করে খেয়াল করলে 'মা' শব্দটি উঁকি মারছে। যা দেখে দুইয়ে দুইয়ে চার করা হচ্ছে। এই সিরিজে লাল সুতোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তা বলাই বাহুল্য। সম্ভবত, কোনও কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের গল্প বলবে এই সিরিজ।
Published By: Kasturi KunduPosted: 05:54 PM Aug 30, 2026Updated: 05:57 PM Aug 30, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
