Advertisement
'উসমান থাকায় মানসিকভাবে জিতে গিয়েছে পাকিস্তান', ভারত-পাক ম্যাচের আগে মন্তব্য প্রাক্তন পাক তারকার
কেন এ কথা বললেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার?
ছ’ফুট চার ইঞ্চির উসমান তারিক গভীর চিন্তার উদ্রেক করেছেন ভারতীয় শিবিরে। নইলে খামোখা সূর্যকুমার যাদব শনিবার নেটে অবিকল উসমানের মতো রীতিমতো পজ-টজ দিয়ে সাইড আর্ম বোলিং করবেন কেন?
অস্বীকার করার কোনও জায়গা নেই, আজকের ভারত-পাকের কেন্দ্রীয় চরিত্র কোনও ভারতীয় নন। অভিষেক শর্মা ব্যাট নামক অসি নিয়ে কচুকাটা করতে নেমে পড়লেও নয়। কেন্দ্রীয় চরিত্র একজন পাকিস্তানি– উসমান। যাঁর বোলিংয়ের আদবকায়দা বিশ্বজুড়ে বিতর্কসভা বসিয়ে দিয়েছে।
দেখা গেল, আইসিসি-র একজন আম্পায়ার বলেছেন যে, উসমানের অ্যাকশনে কোনও গন্ডগোল নেই। মোটেও ‘চাক’ করেন না তিনি। আর ‘পজ’ অর্থাৎ বল রিলিজের আগে সামান্য থমকে যাওয়া, উসমানের স্বাভাবিক বোলিং অ্যাকশনের অঙ্গ। তবে তিনি যদি সেই বিলম্বের সময় বাড়ান, বা বন্ধই করে দেন, তখন আম্পায়ারের প্রশ্নের মুখে পড়তে পারেন।
রবিচন্দ্রন অশ্বিন অতশত আবার ভাবতেই চান না। তাঁর সহজ নিদান– ডেলিভারি রিলিজের আগে উসমান ‘পজ’ দিলেই, ভারতীয় ব্যাটাররা সরে যাক! আম্পায়ারকে বলুক, সরি বুঝতে পারিনি ও কখন বলটা করবে। চলতে থাকুক না এভাবে। দেখা যাক না, কতক্ষণ ধরে বিলম্ব-ব্রহ্মাস্ত্র ব্যবহার করে যেতে পারেন উসমান!
অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, উসমান তারিককে নিয়ে আলোচনা চলছে সর্বত্র। আর যাকে 'পাকিস্তানের মনস্তাত্ত্বিক জয়' বলে অভিহিত করেছেন প্রাক্তন পাক ক্রিকেটার মহম্মদ হাফিজ। তাঁর মতে, উসমান দলে থাকায় মানসিকভাবে জিতে গিয়েছে পাকিস্তান।
রবিবাসরীয় মহারণের আগে সাংবাদিক সম্মেলনে ভারত সূর্যকুমার যাদবকে পাক স্পিনার উসমান তারিক সম্পর্কে প্রশ্ন করা হয়। সূর্য বলেন, "কোনও প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এলে তাকে কী ছেড়ে আসা যায়? ও ভিন্ন ধরনের বোলার। তবে আমরা আত্মসমর্পণ করব না। ওদের বোলিং আক্রমণ ভালো। তবে কীভাবে ওদের মোকাবিলা করব সেটা ম্যাচেই দেখতে পাবেন।"
অন্যদিকে পাক অধিনায়ককে উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন করা হলে আঘা বলেন, "সব ক্রিকেটারই আমাদের চোখে সমান। এত আলোচনা করে আপনারাই তো উসমানকে এত বিখ্যাত করে তুলেছেন। ও আমাদের আমাদের সেরা অস্ত্র। দারুণ বোলিং করছে। আইসিসি ওকে দু'বার বল করার ছাড়পত্র দিয়েছে। এর পরেও কেন ওর বোলিং নিয়ে এত কাটাছেঁড়া হচ্ছে জানি না। ও অবশ্য এসব পাত্তা দিচ্ছে না। সমালোচনা করার ক্ষমতা ওর মধ্যে আছে।"
হাফিজ বলছেন উসমানকে নিয়ে যেভাবে আলোচনা চলছে, সেটাই পাকিস্তানের মানসিক জয়। তাঁর কথায়, "উসমান তারিককে ঘিরে তো বিরাট আলোচনা। আমার মতে এটা আমাদের জন্য মানসিক জয়। এই মুহূর্তে কিন্তু কেউ বাবর আজম বা অন্য কোনও ক্রিকেটারকে নিয়ে কথা বলছে না। সবার মুখে এখন কেবল উসমানের নাম। পাকিস্তানের হয়ে মাত্র কয়েকটি ম্যাচ খেলেছে। কিন্তু এটুকু পরিসরেই ভারতীয় শিবিরে ও কতটা আতঙ্ক তৈরি করেছে, সেটা ভেবে দেখুন। ওকে মোকাবিলার জন্য বিশেষ অনুশীলন পর্যন্ত করছে ওরা।"
তারিক পাকিস্তানের হয়ে মাত্র চারটি টি-টোয়েন্টি খেলেছেন। ইতিমধ্যেই তাঁর নামের পাশে ১১টি উইকেট। গড় ৭.৯। এহেন উসমান তারিককে নেটে নকল করে বল করে নজর কেড়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।
Published By: Prasenjit DuttaPosted: 02:38 PM Feb 15, 2026Updated: 05:41 PM Feb 15, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
