Advertisement
ঝালমুড়ি, গঙ্গাভ্রমণ থেকে 'শক্তি' স্মরণ, ছাব্বিশে বঙ্গজয়ের লক্ষ্যে আর কোন ছক ভাঙলেন মোদি?
বাঙালি হওয়ার মরিয়া চেষ্টা বিজেপির। ২০১৪ থেকে ২০২১-এর সব ছকই এবার ভাঙছেন প্রধানমন্ত্রী।
সালটা ২০১৪। ব্রিগেডের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার মানুষের 'দু'হাতে লাড্ডু'র তত্ত্ব দিয়েছিলেন। তৎকালীন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলে দিয়েছিলেন, "কেন্দ্র আমাকে ক্ষমতায় আনুক। আপকে দো দো হাত মে লাড্ডু হোঙ্গে।" সেবার মোদির ওই ভাষণ নিয়ে বেশ চর্চা হয়েছিল।
আসলে প্রচারে ছকভাঙা, প্রোটোকল ভেঙে জনমানসে বার্তা পাঠানো। মানুষের মন জিততে বিভিন্ন রকম কৌশল নেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পুরনো অভ্যাস। বস্তুত সার্বিকভাবে প্রচারে মানুষের মনজয়ের কৌশল সম্ভবত তাঁর চেয়ে বেশি ভালো করে ভূ-ভারতে আর কেউ অর্জন করতে পারেননি।
অন্যান্য রাজ্যের ভোটে দেখা গিয়েছে কখনও তিনি ভোটের মুখে নর্মদায় নেমে স্পিড বোটে ঘুরছেন। কখনও দেখা গিয়েছে ভোটার কয়েক মাস আগে আচমকা তিনি জঙ্গলে গিয়ে বিখ্যাত প্রেজেন্টারের সঙ্গে টেলিভিশন শো করছেন। কখনও তাঁকে দেখা গিয়েছে ভোটের মুখে বিখ্যাত অভিনেতাকে ডেকে তাঁর সঙ্গে ইন্টারভিউতে 'আম' খাওয়া নিয়ে আলোচনা করছেন।
ভোটের মুখে তাঁর ধ্যানে বসে যাওয়া নিয়ে সমালোচনা বিতর্কও হয়েছে অতীতে। নিন্দুকেরা বলেন, প্রধানমন্ত্রীর এসব কৌশল নিতান্তই স্ক্রিন ক্যাপচারের জন্য। আসলে ভোটের আগে আগে স্রেফ তথাকথিত জনসভা বা রোড শো করলে সমস্ত দলের ভোটপ্রচারের মাঝে যতটা শিরোনাম পায় বা স্ক্রিন টাইম পায়, সেটার চেয়ে অনেক বেশি স্ক্রিন টাইম পায় এই ধরনের অফবিট প্রচার।
বাংলার ভোটের ক্ষেত্রে অবশ্য এভাবে ছকভাঙা প্রচার খুব বেশি দেখা যায়নি প্রধানমন্ত্রীর। এতদিন জনসভা, রোড-শোতেই বেশি স্বচ্ছন্দ্য ছিলেন। দিল্লি থেকে আসতেন, সভা করতেন, বড়জোর রোড শো করতেন, চলে যেতেন। তাতে বাংলার সংস্কৃতির সঙ্গে একাত্মকরণের বেশি সুযোগ ছিল না। তৃণমূল যে এতদিন তাঁকে 'বহিরাগত' বলে আসছে, সেই প্রচার ভাঙার কোনও চেষ্টা দেখা যেত না।
কিন্তু ছাব্বিশে সেই চেষ্টাটা পুরোদস্তুর শুরু করেছেন মোদি। পশ্চিমবঙ্গে এ বারের বিধানসভা নির্বাচনে ‘বাঙালি অস্মিতা’কে হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। বাংলা ও বাঙালির সংস্কৃতির সঙ্গে তাদের কোনও বিরোধ নেই, সেই বার্তা দিতে মরিয়া বিজেপিও। সেই কৌশলেরই অঙ্গ হিসেবে এবার রামনাম ছেড়ে আওড়াচ্ছে দুর্গা-কালী। আবার বাঙালিয়ানার সঙ্গে খাপ খাওয়াতে মোদি কখনও ঝালমুড়ি খাচ্ছেন, কখনও বা খাচ্ছেন গঙ্গার হাওয়া।
কিছু দিন আগে রাজ্যে প্রচারে এসে ঝাড়গ্রামের সভার পর রাস্তার ধারের দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। পকেট থেকে ১০ টাকার নোট বার করে দোকানির হাতে তুলে দিয়েছিলেন। ঝালমুড়ি খেতে খেতে দোকানির সঙ্গে এবং আশপাশের লোকজনের সঙ্গে কথাবর্তা বলেছিলেন প্রধানমন্ত্রী। কারও কারও হাতে ঝালমুড়ি ঢেলেও দিয়েছিলেন। যা নিয়ে পরে ব্যাপক প্রচার করে গেরুয়া শিবির। সোশাল মিডিয়ার ট্রেন্ডেও উঠে আসে ঝালমুড়ি।
পরে মোদির সেই ‘ঝালমুড়ি পে চর্চা’ নিয়ে বারবার কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেছিলেন, গোটা বিষয়টি সাজানো। আগে থেকে ওই দোকানে কীভাবে ক্যামেরা লাগানো থাকল, কীভাবে মাইক ‘সেট’ করা থাকল, প্রশ্ন তুলেছিলেন মমতা। এমনকী প্রধানমন্ত্রীর পকেটে ১০ টাকার নোট কোত্থেকে এল, সেটা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। পালটা মোদি আবার কটাক্ষ করে বলেন, "ঝালমুড়ি আমি খেলাম। ওদের কেন ঝাল লাগছে?"
দিন দুয়েক যেতে না যেতেই আবার অন্য 'স্টান্ট'। এবার তিনি গ্রীষ্মের সকালে সাল গায়ে চাপিয়ে গঙ্গার ঘাটে হাওয়া খেতে বেরোলেন। যেমন বাঙালি ভদ্রলোকেরা বেরন। গত শুক্রবার সকালে গঙ্গায় নৌকাবিহারের একাধিক ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন তিনি। ছবিগুলিতে দেখা যাচ্ছে, নৌকায় বসে রয়েছেন প্রধানমন্ত্রী। পিছনে দেখা যাচ্ছে হাওড়া এবং বিদ্যাসাগর সেতু।
এও দেখা গিয়েছে চোখে রোদচশমা পরে ক্যামেরা নিয়ে ছবি তুলছেন প্রধানমন্ত্রী। সেসব ছবি সমাজমাধ্যমে পোস্ট করে বলছেন, "প্রতিটি বাঙালির কাছে গঙ্গা বিশেষ স্থান অধিকার করে রয়েছে। এটা বলাই যায় যে, গঙ্গা বাংলার আত্মা দিয়ে প্রবাহিত হচ্ছে।" যদিও তীব্র গরমে মোদির গায়ে শাল দেখে টিপ্পনি কেটেছেন অনেকেই।
এই দুই স্টান্টের মাঝে আবার প্রধানমন্ত্রী ঘুরে গিয়েছেন বেলুড় মঠে। রাজ্যের প্রথম দফার ভোটের দিনই তিনি চলে যান বেলুড়ে। পরে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'যে খানে স্বামী বিবেকানন্দ ধ্যান করতেন, আজ সেখানে যেতে পেরে আমি অভিভূত।” বারবার বাংলার মনীষীদের নাম-বিভ্রাটের মাঝে বস্তুত সবটাই স্ক্রিন ক্যাপচার এবং বাঙালিয়ানা দেখানোর চেষ্টা, বলছে বিরোধীরা।
Published By: Subhajit MandalPosted: 04:43 PM Apr 26, 2026Updated: 04:43 PM Apr 26, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
