Advertisement
লর্ডসের মতো 'নতুন' ইডেন! তৈরি হতে চলেছে মেম্বার্স ক্লাব, আর কী কী থাকছে?
আর্মির সঙ্গে চূড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছে সিএবির।
ভারতীয় ক্রিকেটের মক্কা বললে সবার আগে নামটা আসবে ইডেন গার্ডেন্স। শুধু ভারতীয় ক্রিকেট কেন, বিশ্ব ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ ভেন্যু বললেও এতটুকু ভুল বলা হয় না। ভিভিএস লক্ষ্মণ থেকে শুরু করে হরভজন সিং-রোহিত শর্মা, সবার কাছেই ইডেনের আলাদা একটা গুরুত্ব রয়েছে।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে হরভজন বলছিলেন, ইডেন তাঁকে অনেক কিছু দিয়েছে। চরম অফফর্মে থাকার সময়ও ইডেনে খেলা পড়লে নিশ্চিন্তে থাকতেন হরভজন।
আর্মির সঙ্গে চূড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছে সিএবির। বৃহস্পতিবার লিজ সংক্রান্ত ব্যাপার-স্যাপার ঠিক হয়ে গিয়েছে। সবকিছু ঠিকঠাক চললে আগামী জুলাই কিংবা আগস্টের শুরু থেকেই ইডেন সংস্কারের কাজ আরম্ভ হয়ে যাবে।
শুধু দর্শক আসন সংখ্যা বাড়ছে না, আরও আধুনিকতার মোড়কে মুড়ে ফেলা হবে ইডেনকে। ড্রেসিংরুম থেকে শুরু করে কর্পোরেট বক্স সবকিছুই নতুনভাবে তৈরি করা হবে। নতুন ইডেন কী রকম হচ্ছে, তাঁর একটা নকশা ‘সংবাদ প্রতিদিন’-এর কাছে এসেছে।
দেশের এক বিখ্যাত কোম্পানিকে ইডেন সংস্কারের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই সংস্থার সঙ্গে দফায় দফায় সিএবি কর্তারা আলোচনা করেছেন। ক্রিকেটের নন্দন কাননকে কীভাবে আরও আকর্ষণীয় করে তোলা যায়, সেটা নিয়ে কথাবার্তা হয়। নতুন ইডেনের আকর্ষণ হতে চলেছে মিউজিয়াম। খবর নিয়ে জানা গেল, ঝাঁ চকচকে মিউজিয়াম তৈরি করা হবে।
বিদেশের স্টেডিয়ামগুলোতে যেমন দর্শকরা স্টেডিয়াম-টুর করেন। যেমন ইডেন-টুরের বিশেষ ভাবনা রয়েছে কর্তাদের।
কেউ কেউ বলছিলেন, এমন একটা মিউজিয়াম তৈরি করা হবে, যা শহরের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে। এছাড়া ইডেনকে আমূল বদলে ফেলা হবে। বিশেষ লাউঞ্জ তৈরি করার ভাবনাচিন্তা রয়েছে।
বর্তমানে ইডেনে প্রায় সাতষট্টি হাজার দর্শক বসে খেলা দেখতে পারেন। ইডেন সংস্কারের পর সেই সংখ্যাটা আরও অনেকটা বেড়ে যাবে। খবর নিয়ে যা জানা গেল, তাতে সংখ্যাটা প্রায় আশি হাজারের কাছাকাছি চলে যাবে। সিএবি কর্তাদের পরিকল্পনা যাতে আরও বেশি সংখ্যক দর্শক মাঠে বসে খেলা দেখতে পারেন।
Published By: Prasenjit DuttaPosted: 04:26 PM Apr 03, 2026Updated: 04:26 PM Apr 03, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
