Advertisement
অনন্ত আম্বানির বিয়ের আসরে আলাপ, অনন্যা পাণ্ডের দু'বছরের সেই প্রেম কেন ভেঙে খানখান?
আগের প্রেমিক আদিত্য রয় কাপুরের সঙ্গে ব্রেকআপ হয়ে যাওয়ার পরই নতুন সম্পর্কে জড়ান অভিনেত্রী।
প্রেম ভেঙে গিয়েছে অনন্যা পাণ্ডের। আদিত্য রয় কাপুরের পরে ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে তাঁর সম্পর্কে জড়ানোর কথা জানা গিয়েছিল। কিন্তু সেই প্রেমও এবার ভেঙে খানখান। যদিও অনন্যা সরাসরি এই সম্পর্ককে কোনওদিনই স্বীকৃতি দেননি। তবু বিষয়টা ছিল 'ওপেন সিক্রেট'। কিন্তু এবার মিলল দুঃসংবাদ। কিন্তু কেন ভেঙে গেল দু'বছরের সম্পর্ক?
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে আলাপ হয়েছিল অনন্যা ও ওয়াকারের। এরপর ধীরে ধীরে সম্পর্ক গড়ায় প্রেমে। ডেট করা শুরু করেন তাঁরা। যদিও তাঁরা কখনওই নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দেননি প্রকাশ্যে। কিন্তু বহু বিনোদন ওয়েবসাইটের দাবি, তাঁরা চুটিয়ে প্রেম করছিলেন। এবং সেটার ইঙ্গিত কিন্তু ভালোই মিলেছিল। যা থেকে বুঝতে অসুবিধা হয়নি সত্যিই সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা।
প্রেম কী, এসম্পর্কে অনন্যা জানিয়েছিলেন, তাঁর কাছে প্রেম মানে বন্ধুত্ব। তাঁকে বলতে শোনা গিয়েছিল, ''আমার কাছে ভালোবাসা মানেই বন্ধুত্ব। যেমনটা শাহরুখ খান স্যার বলে থাকেন। ভালোবাসা হল বিশেষ বন্ধন, বিশ্বাস এবং নিজের মতো করে থাকার স্বাধীনতা। আমার মনে হয় না ভালোবাসা কেবল রোম্যান্টিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ। ভালোবাসা সব জায়গাতেই বিদ্যমান।''
অনন্যা আরও বলেছিলেন, “ছোটবেলায় ভাবতাম, জীবনে কেবল একটাই বড় ভালোবাসা থাকে এবং এরপর আর কারও প্রতি ভালোবাসা অনুভব করা যায় না। কিন্তু এখন আমি তো অনেকের প্রতিই ভালোবাসা অনুভব করি—আমার বন্ধু-বান্ধব, পরিবার, সবার প্রতিই! তাই বড় হওয়ার সঙ্গে সঙ্গে ভালোবাসা বলতে কেবল একজন ‘সোলমেট’ বা জীবনসঙ্গীর ওপর সীমাবদ্ধ থাকার ধারণাটি আমার কাছে বদলে গিয়েছে।” সরাসরি কারও নাম করেননি তিনি।
গত দুই বছরে অনন্যা ও ওয়াকারকে প্রায়ই একসঙ্গে দেখা গেছে। এমনকী একে অপরের ইনস্টাগ্রাম পোস্টেও তাঁদের দেখা মিলেছে। তবু তাঁরা সরাসরি স্বীকার করেননি, তাঁরা প্রেম করছেন। কিন্তু কারওই কিছু বুঝতে বাকি ছিল না। সবথেকে বড় প্রমাণ মিলেছিল অনন্যার জন্মদিনে ওয়াকারের পোস্টে। তিনি লিখেছিলেন- 'শুভ জন্মদিন, সুন্দরী। তুমি সত্যিই খুব বিশেষ। আমি তোমাকে ভালোবাসি অ্যানি।'
এই পোস্টকেই তাঁদের সম্পর্কের 'সোচ্চার ঘোষণা' বলে ধরে নিয়েছিল অনুরাগীরা। অনন্যার গলায় নতুন একটি নেকলেসকে ঘিরেও গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু এবার জানা যাচ্ছে, সেই প্রেম ভেঙে গিয়েছে। অভিনেত্রীর ঘনিষ্ঠ এক বন্ধু বলেছেন, এই ঘটনায় সকলে তাজ্জব হয়ে গিয়েছে। কিন্তু কেন ভেঙে গেল এই সম্পর্ক? সেসম্পর্কে এখনও কিছুই জানা যায়নি।
Published By: Biswadip DeyPosted: 05:07 PM Aug 26, 2026Updated: 05:07 PM Aug 26, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
