ভারতের এই বিশেষ বিষ্ণু মন্দিরে জল নয়, তেলের প্রলেপে ঢাকা হয় মূর্তির শরীর। কেন? কারণ ঈশ্বরের মূর্তিটি এখানে সাধারণ পাথর দিয়ে তৈরি করা হয়নি, বরং তা বানাতে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের ভেষজ উপাদান।
তামিলনাড়ুর আধিতিরুভারঙ্গমে অবস্থিত আধিরঙ্গনাথস্বামী মন্দিরে (Adhirangam Ranganathaswamy Temple) বিরাজ করছেন রঙ্গনাথ পেরুমাল, আদতে তিনি বিষ্ণুর এক রূপ। ভগবান বিষ্ণুকে এখানে দেখা যায় শায়িত রূপে। মূর্তির দৈর্ঘ্য প্রায় ২৯ ফুট। মূর্তিটি ভেষজ উপাদানে নির্মিত বলে স্থানীয়ভাবে বলা হয় ‘মূলিগাই শিলাই’, অর্থাৎ ‘ভেষজ মূর্তি’। রঙ্গনাথ পেরুমালকেও তাই অনেক সময় ‘ভেষজ পেরুমাল’ বলে উল্লেখ করা হয়।
মন্দিরের গর্ভগৃহে রঙ্গনাথ পেরুমালকে দেখা যায় অনন্তনাগের উপর বিশ্রামরত অবস্থায়। পাঁচফণা অনন্তনাগ তাঁর মাথার উপর ছত্রের মতো বিস্তৃত। বিষ্ণুর নাভি থেকে উদ্ভূত পদ্মের উপর রয়েছেন ব্রহ্মা। মূর্তির মাথার দিকে শ্রীদেবী এবং পায়ের দিকে ভূদেবীর অবস্থান— শায়িত রঙ্গনাথের এই রূপটিই মন্দিরটির প্রধান আকর্ষণ।
মূর্তিটি ভেষজ উপাদানে তৈরি বলে এর বিশেষ পরিচর্যার প্রয়োজন হয়। প্রচলিত তথ্য অনুযায়ী, মূর্তিতে সাধারণ পাথরের মূর্তির মতো নিয়মিত জল দিয়ে অভিষেক করা হয় না। পরিবর্তে বিশেষ ভেষজ তেলের প্রলেপ লাগান হয়। এই তেলকাপ্পু বা তেলের প্রলেপ ধর্মীয় আচার হওয়ার পাশাপাশি, ভেষজ উপাদানে তৈরি মূর্তিটির সংরক্ষণের পদ্ধতিও বটে।
এই মন্দিরের সঙ্গে একটি প্রাচীন বৈষ্ণব পুরাণকথা জড়িয়ে রয়েছে। কথিত আছে, সোমুকন নামে এক অসুর ব্রহ্মার কাছ থেকে বেদ চুরি করে নিয়ে যায়। বেদ হারিয়ে যাওয়ায় সৃষ্টির জ্ঞান ও ধর্মীয় শৃঙ্খলা বিপন্ন হয়ে পড়ে। বিষ্ণু বেদ উদ্ধার করেন এবং ব্রহ্মাকে ফিরিয়ে দেন। তাই আধিরঙ্গনাথস্বামীকে বেদ ও জ্ঞানের রক্ষক হিসেবে ভক্তরা স্মরণ করেন।
মন্দিরকে ঘিরে সুরকীর্তি নামে এক রাজার কাহিনিও প্রচলিত। কথিত আছে, সন্তানহীন রাজা রঙ্গনাথের কাছে প্রার্থনা করেছিলেন এবং তাঁর ভক্তিতে সন্তুষ্ট হয়ে দেবতা তাঁকে সন্তানলাভের আশীর্বাদ দেন। এই কারণে সন্তানপ্রাপ্তির আশায় বহু ভক্ত এই মন্দিরে প্রার্থনা করেন।
শায়িত রঙ্গনাথের মূর্তির সবচেয়ে আকর্ষণীয় দিকগুলির একটি হল তাঁর মুখাবয়ব। অনেক দর্শনার্থীই নাকি তাঁর মুখে মৃদু হাসির রেশ দেখতে পান। দক্ষিণ ভারতের মন্দির-সংস্কৃতিতে পুরাণ, ভক্তি, শিল্প ও প্রাচীন ঐতিহ্যের এক অনন্য মিলনস্থল এই বিষ্ণু মন্দির।
