জলবায়ু পরিবর্তনের কুফল পৃথিবীর উপর কতটা বিপজ্জনক হতে পারে, সে খতিয়ান বিজ্ঞানীরা আগেও দিয়েছেন। ভবিষ্যতেও সতর্ক করবেন। কিন্তু অস্তিত্ব-রক্ষার সংগ্রামে টিকে থাকতে পৃথিবীব্যাপী বহু দেশ, বহু শহর নিজ নিজ উদ্যোগে বহু পদক্ষেপ নিয়েছে। কেউ আবার এড়িয়ে গিয়েছে। জলবায়ু পরিবর্তনের কুফল রুখতে ব্যর্থ বিশ্বের ২০ শহরের তালিকায় এবার ঠাঁই হল কলকাতারও।
সম্প্রতি ক্লাইমেন্ট ইন্টেলিজেন্স সংস্থা আলফাজিও বিশ্বের ২০টি এমন শহরের তালিকা প্রকাশ করেছে, যা জলবায়ু পরিবর্তনের জেরে হওয়া নেতিবাচক যাবতীয় ঘটনা যেমন চরম দাবদাহ, বন্যা, খরা, দাবানল প্রভৃতি এড়াতে সবচেয়ে কম দক্ষ। যাদের জলবায়ু পরিবর্তনের জেরে সবচেয়ে বেশি বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে, এমনকী, সহজে সেই বিপদের প্রভাবমুক্ত হওয়াও তাদের পক্ষে সম্ভব নয়। চাঞ্চল্যকরভাবে এই তালিকায় শীর্ষে রয়েছে ভারতেরই এক শহর। গুজরাটের আমেদাবাদ। যুগ্মভাবে সে এই স্থান দখল করেছে পাকিস্তানের হায়দরাবাদের সঙ্গে। এছাড়াও তালিকার উল্লেখযোগ্য নাম পশ্চিমবঙ্গের কলকাতা, কর্নাটকের বেঙ্গালুরু এবং তামিলনাড়ুর চেন্নাইয়ের মতো একগুচ্ছ শহর।
চলতি বছরের মার্চ মাসে এই তালিকা প্রকাশ করেছিল আলফাজিও। তবে তা প্রকাশ্যে এসেছে সম্প্রতি। মোট ৭২টি শহরের নাম রয়েছে এতে। এই তালিকা তৈরি করতে গিয়ে সংশ্লিষ্ট সংস্থা একটি মাপক তথা ইনডেক্সের সাহায্য নিয়েছে, যার নাম 'ক্লাইমেট রিস্ক অ্যান্ড রেজিলেন্স ইনডেক্স'। একটি মেট্রিকের (রেসিলেন্স-অ্যাডজাস্টেড রিস্ক বা আরএজে) মাধ্যমে মাপা হয়েছে স্কোর। দেখা হয়েছে তাপপ্রবাহ, বন্যা-খরা, দাবানলের মতো ঘটনা সামাল দিতে কোন শহর কতটা পারদর্শী? আর তাতেই সব চেয়ে খারাপ ফল করে শীর্ষস্থান দখল করেছে আমেদাবাদ (আরএজে স্কোর ৪১)। পাক-হায়দরাবাদও রয়েছে একই স্থানে। তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা (স্কোর ৩৫)। বেঙ্গালুরু আছে ১২-তম স্থানে আর চেন্নাই ১৫-তম স্থানে।
