সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কলঙ্কিত ভারতীয় ক্রীড়ামহল৷ ডোপ পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় নির্বাসিত হয়েছিলেন জাতীয় স্তরের অ্যাথলিট মনপ্রীত কৌর৷ এবার ডোপ কেলেঙ্কারিতে নাম জড়াল এশিয়ান গেমসে সোনা জয়ী অ্যাথলিট প্রিয়াঙ্কা পাওয়ারের৷ যার জেরে তাঁর কেরিয়ার কার্যত শেষ হয়ে গেল৷
জাতীয় ডোপ বিরোধী সংস্থা বা নাডার শৃঙ্খলা রক্ষা প্যানেল আট বছরের জন্য নির্বাসিত করল প্রিয়াঙ্কাকে৷ তাদের তরফে জানানো হয়, ২৯ বছরের স্প্রিন্টার ডোপ পরীক্ষায় পাস করতে না পারায় এমনই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ নাডা প্রধান নবীন আগরওয়াল জানান, গত বছর জাতীয় আন্তঃরাজ্য অ্যাথলেটিক প্রতিযোগিতায় ডোপ পরীক্ষা হয়েছিল তাঁর৷ তাঁর শরীরে নিষিদ্ধ মেফেন্টারমাইন পাওয়া যায়৷ ফলে উত্তীর্ণ হননি তিনি৷ তারপরই তাঁকে নির্বাসিত করা হয়৷ অর্থাৎ গত বছর জুলাই থেকে তাঁর নির্বাসনের মেয়াদ ধার্য হয়েছে৷
[দুঃস্থদের স্বপ্নপূরণ করে নজির মোহনবাগান সমর্থকদের]
এই নিয়ে দ্বিতীয়বার ডোপ টেস্টে ফেল করায় সর্বোচ্চ আট বছরের নির্বাসন হল প্রিয়াঙ্কার৷ এর আগে ২০১১ সালে তাঁর মূত্রের নমুনায় অ্যানাবলিক স্টেরয়েড পাওয়া গিয়েছিল৷ যার ফলে দু’বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল তাঁকে৷ প্রিয়াঙ্কার পাশাপাশি পাঁচ ভারতীয় অ্যাথলিটদের বিরুদ্ধেও উঠেছিল একই অভিযোগ৷ কিন্তু সে শাস্তি থেকেও শিক্ষা নেননি প্রিয়াঙ্কা৷ যার জেরে তাঁর খেলোয়াড়ি কেরিয়ারই কার্যত শেষ হয়ে গেল৷ কারণ আট বছর পর তাঁর বয়স হবে ৩৭ বছর৷ আর অ্যাথলিটরা সাধারণত তার আগেই অবসর নিয়ে নেন৷ ২০১৪ ইনচিওন এশিয়ান গেসমে ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতেছিলেন মুজাফ্ফরপুরের প্রিয়াঙ্কা৷
[বিশ্ব একাদশের হয়ে পাক মাটিতে খেলতে নামার জন্য মুখিয়ে ক্রিকেটাররা]
গত জুনে পাটিয়ালায় ফেডারেশন কাপ জাতীয় চ্যাম্পিয়নশিপের আগে অ্যাথলিটদের ডোপ টেস্ট করেছিল নাডা (জাতীয় ডোপবিরোধী সংস্থা)৷ যাতে ফেল করেছিলেন শটপাটার মনপ্রীত৷ তাঁর শরীর থেকে নিষিদ্ধ ডাইমিথাইলবিউটিলামাইন পাওয়া যায়৷ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন তিনি. এবার প্রিয়াঙ্কা ডোপ টেস্টে ফেল করায় ফের মাথা নত হল ক্রীড়া জগতের৷
The post ডোপ পরীক্ষায় ফেল, ৮ বছর নির্বাসিত সোনাজয়ী এই ভারতীয় অ্যাথলিট appeared first on Sangbad Pratidin.
