shono
Advertisement

মহামেডান পর্ব অতীত, এবার অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের কোচ হলেন মেহরাজউদ্দিন

এর আগেও অনূর্ধ্ব-২৩ দলের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল প্রাক্তন মহামেডান কোচকে। তখন তিনি সেই প্রস্তাবে রাজি হননি।
Published By: Prasenjit DuttaPosted: 02:04 PM Sep 02, 2026Updated: 02:04 PM Sep 02, 2026

অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের কোচ হলেন মেহরাজউদ্দিন ওয়াডু। গত শনিবার এফপিএআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। তার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি মেহরাজকে অনূর্ধ্ব-১৭ দলের কোচ হওয়ার প্রস্তাব দেন। সেই প্রস্তাবে রাজি হয়ে যান মেহরাজ। 

Advertisement

এর আগেও অনূর্ধ্ব-২৩ দলের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল প্রাক্তন মহামেডান কোচকে। তখন তিনি সেই প্রস্তাবে রাজি হননি। কিছুদিন আগে মহামেডানের কোচের পদ ছাড়ার পর শোনা গিয়েছিল মেহরাজ নাকি ইন্টার কাশীর দায়িত্ব নেওয়ার জন্যই মহামেডানের কোচের পদ থেকে সরে গিয়েছেন। সে কথা যে সঠিক নয়, এই প্রস্তাবে রাজি হওয়াটাই তার প্রমাণ। আসন্ন অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে খেলতে নামবে ভারত। সেই দলের কোচ হয়েছেন মেহরাজ।

কয়েকদিন আগেই চুক্তিপত্র না পেয়ে মহামেডান স্পোর্টিং ক্লাবের হেডকোচের দায়িত্ব ছেড়েছিলেন তিনি। বৃহস্পতিবার বেশি রাতে তাঁর পদত্যাগের মেল পৌঁছে যায় মহামেডান সচিব ওয়াসিম আক্রম, সভাপতি গজল জাফরের কাছে। স্বাভাবিক ভাবেই আর কলকাতা লিগের ম্যাচে মহামেডান কোচের চেয়ারে আর দেখা যাবে না জাতীয় দলের এই প্রাক্তন ডিফেন্ডারকে। কোচের চেয়ারে বসবেন সহকারী শাহিদ রামন।

এবছরের নভেম্বরে মালয়েশিয়ার কুয়ালা লামপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যোগ্যতা অর্জন পর্ব। 'ব্লু কোল্টস'রা গ্রুপ ‘ই’-তে রয়েছে। ভারতের জুনিয়ররা মুখোমুখি হবে সিঙ্গাপুর, গুয়াম, ফিলিস্তিন ও মালয়েশিয়ার মতো দলের মুখোমুখি হবে। ভারতের ম্যাচ ১১, ১৪, ১৭ ও ২০ নভেম্বর। কেবলমাত্র গ্রুপ চ্যাম্পিয়ন দলই আগামী বছর উজবেকিস্তানে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। উল্লেখ্য, গতবছর আহমেদাবাদে শক্তিশালী ইরানকে হারিয়েছিল বিবিয়ানো ফার্নান্দেজের দল। এবার তিনি অনূর্ধ্ব-১৫ দলের কোচ হয়েছেন। তাঁর জায়গায় কোচ হয়ে এসেছেন মেহরাজউদ্দিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement