shono
Advertisement
Richa Ghosh

রিচা একা কুম্ভ, বঙ্গকন্যার দাঁতে দাঁত চাপা লড়াইয়েও হার, বিশ্বকাপের প্রস্তুতিতে ধাক্কা ভারতের

প্রথম প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২৬ রানে হারিয়ে দিয়েছিলেন হরমনপ্রীত কউররা। কিন্তু দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে ধাক্কা খেল ভারতের প্রস্তুতি।
Published By: Anwesha AdhikaryPosted: 07:10 PM Jun 10, 2026Updated: 07:10 PM Jun 10, 2026

ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একা কুম্ভ রিচা ঘোষ। বঙ্গকন্যা দাঁতে দাঁত চেপে শেষ মুহূর্ত লড়লেন। কিন্তু ম্যাচটা জেতাতে পারলেন না। টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিতে বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতের মহিলা ব্রিগেড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের প্রথম থেকেই উইমেন ইন ব্লু বেশ বিপাকে পড়ে যায়। কিন্তু রিচার ব্যাটেই ভারতের জয়ের আশা বেঁচে ছিল শেষ ওভার পর্যন্ত। ইংল্যান্ডের বিরুদ্ধে ধাক্কা খেল ভারতের বিশ্বকাপ প্রস্তুতি।

Advertisement

ওয়ানডে’র পর এবার টি-২০তে বিশ্বসেরা হওয়ার হাতছানি। বিলেতভূমে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের প্রস্তুতি শুরু করেছ ভারত। প্রথম প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২৬ রানে হারিয়ে দিয়েছিলেন হরমনপ্রীত কউররা। কিন্তু দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে ধাক্কা খেল ভারতের প্রস্তুতি। এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। ওপেনার অ্যামি জোনস ৬৪ রান করে। অধিনায়ক ন্যাট স্কিভার-ব্রান্টের ব্যাট থেকে আসে ৫৭ রান। তবে দুই দলের মধ্যে প্রকৃত তফাত গড়ে দেন ড্যানিয়েল গিবসন। মাত্র ১২ বলে ৩০ রানের ক্যামিও খেলে দলের রান ১৭১ পর্যন্ত পৌঁছে দেন তিনি।

এদিন ভারতীয় দলের বোলাররাও সেভাবে দাগ কাটতে পারেননি। শ্রেয়াঙ্কা পাটিল দুই উইকেট পেয়েছেন। কিন্তু পেসার এব স্পিনার-রান আটকাতে সকলেই ব্যর্থ। বিশ্বকাপের আগে পেসারদের উইকেটহীনতা ভারতের একটা বড় চিন্তার কারণ। বুধবার ব্যাটিং লাইন আপও ব্যর্থ। ওপেন করতে নেমে স্মৃতি মন্ধানা-শেফালি ভার্মার জুটিতে ওঠে মাত্র ৮ রান। বাকি ব্যাটাররা কেউই রান পাননি। ব্যতিক্রম রিচা। মাত্র ৩৬ বলে ৬৮ রান করলেন। একটা সময়ে মনে হচ্ছিল, ভারতের হার নিশ্চিত। কিন্তু সেখান থেকে ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেন রিচা। শেষ ওভারে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে যান। ভারতের জয়ের স্বপ্নেও সেখানেই ইতি।

বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছে ভারত। সেখানে প্রথম ম্যাচ জিতেও সিরিজ হাতছাড়া হয়েছে। সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই ফের হার। গতবছর নভেম্বরে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ভারতের মহিলা দল। তবে ফাইনালে উঠলেও টি-২০ বিশ্বকাপ আসেনি ভারতের মেয়েদের ঘরে। এবার সেই স্বপ্ন সফল হবে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement