shono
Advertisement

Breaking News

ফুটবলে বিশ্বজয়ের পর ক্রিকেটেও বিশ্বরেকর্ড, অজিদের পিছনে ফেলে ইতিহাস স্পেনের 

ফুটবলেও টানা ৩৮টি ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড রয়েছে স্পেনের। এবার ক্রিকেটেও ইতিহাস গড়ল ইয়ামাল, রদ্রিদের দেশ।
Published By: Prasenjit DuttaPosted: 02:36 PM Aug 15, 2026Updated: 02:36 PM Aug 15, 2026

ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। এবার ক্রিকেটেও ইতিহাস গড়ল ইউরোপের দেশটি। আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটে অস্ট্রেলিয়ার দীর্ঘ দিনের নজির ভেঙে বিশ্বরেকর্ড গড়ল ফুটবলে দু'বারের বিশ্বজয়ীরা। 

Advertisement

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার 'সি'-তে নিজেদের প্রথম ম্যাচে আয়োজক ফিনল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে স্পেন। প্রথমে ব্যাট করে ফিনল্যান্ডের ১৩২ রানের জবাবে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। এই জয়ের সঙ্গে টানা ২১টি আন্তর্জাতিক ম্যাচ জয়ের নজির গড়েছে স্পেন।

তিন বছর আগে আইল অফ ম্যানকে হারিয়ে শুরু হয়েছিল স্পেনের এই জয়যাত্রা। তার পর একে একে জার্সি, ক্রোয়েশিয়া, চেকিয়া, গ্রিসের মতো দলকেও হারিয়েছে তারা। আইসিসির টি-টোয়েন্টি ক্রমতালিকায় ২৮ নম্বরে থাকা দলটির এমন ধারাবাহিকতা তাই প্রশংসা কুড়িয়েছে। এর আগে টানা ২০টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থাকার নজির ছিল অস্ট্রেলিয়ার। ২০০৩ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত টানা ১৭টি ওয়ানডে জিতেছিল রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন দল। সঙ্গে আরও তিনটি টেস্ট জিতে সংখ্যা ২০-তে নিয়ে গিয়েছিল অজি বাহিনী। এবার সেই নজির ছাপিয়ে গেল স্পেন।

শুধু আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকতার নজিরই নয়, টি-টোয়েন্টিতেও স্পেনের দাপট চোখে পড়ার মতো। ২০২৪ সালে গ্রিসকে হারিয়ে টানা ১৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ জেতার বিশ্বরেকর্ড গড়েছিল তারা। সেই রেকর্ডই বাড়তে বাড়তে এখন ২১-এ পৌঁছেছে। ২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার স্বীকৃতি পাওয়ার পর থেকে স্পেন খেলেছে ৫০টি ম্যাচ। তার মধ্যে জিতেছে ৪১টি, হার মাত্র আটটিতে। অর্থাৎ টি-টোয়েন্টিতে অ্যাসোসিয়েট সদস্য দেশগুলির মধ্যে স্পেনের পারফরম্যান্স খুবই নজরকাড়া। ফুটবলেও টানা ৩৮টি ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড রয়েছে স্পেনের। এবার ক্রিকেটেও ইতিহাস গড়ল ইয়ামাল, রদ্রিদের দেশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement