সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর জুন মাসের ১৩ তারিখ গঙ্গাপাড়ের ক্লাবের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ইতি টেনেছিলেন স্বপনসাধন বোস। তারপর অনেক জল গড়িয়ে গিয়েছে। কিন্তু ক্লাব কখনওই তাঁর থেকে মুখ ফেরায়নি। আর তাই তিনিও নিজের প্রাণের চেয়েও প্রিয় ক্লাবকে দূরে সরিয়ে রাখতে পারলেন না। মঙ্গল-সন্ধেয় জানিয়ে দিলেন, নিজের পদত্যাগ প্রত্যাহার করে নিচ্ছেন তিনি।
[শুধু জার্মানি নয়, বিশ্বকাপের ইতিহাসে বিরাট ব্যবধানে জিতেছিল এই দলগুলিও]
সেটাও ছিল এক মঙ্গলবার। বাগান সচিব অঞ্জন মিত্রকে ই-মেল মারফত পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন টুটু বোস। শারীরিক অসুস্থার কারণে মোহনবাগান ক্লাবের সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু এদিন ই-মেল মারফত বাগান সচিবকে তিনি বলেন, “এতদিনেও আমার পদত্যাগ গৃহিত হয়নি। বরং ক্লাবের এক্সিকিউটিভ কমিটি চায়, পদে থেকে আমি কাজ চালিয়ে যাই। আর সেই কারণেই আমি পদত্যাগ প্রত্যাহার করছি।”
মোহনবাগান তাঁর কাছে সন্তান তুল্য। ভাল-মন্দ প্রতিটি মুহূর্তে ক্লাবের পাশে থেকেছেন চিরকাল। নানা ঝড়ঝঞ্ঝা থেকে সবুজ-মেরুন তাঁবুকে সামলেছেন বাবার মতোই। একসময়ে ট্রফিহীন থাকার সময় সমালোচনায় বিদ্ধ ক্লাবকে বটবৃক্ষের মতো আগলে রেখেছিলেন তিনিই। শরীর দিয়ে তো বটেই, আর্থিকভাবেই সর্বদা পাশে দাঁড়িয়েছেন ফুটবলারদের। স্পনসরহীন ক্লাবকে কোটি কোটি টাকা অর্থ সাহায্য করে সেরা দল গড়ে তুলতেও পিছপা হননি তিনি। বহুবার নিজের পকেট থেকে ফুটবলারদের বেতন দিয়েছেন। আর সেই কারণেই ২০১৫ সালের নির্বাচনে তাঁকেই ফের সভাপতি হিসেবে বেছে নিয়েছিলেন বাগান সমর্থকরা। এমনকী পদত্যাগের পর ক্লাবের ডামাডোলের মধ্যেও ফুটবলারদের বেতন মেটানোর জন্য এক কোটি টাকা দিয়েছিলেন নিজে থেকেই। ক্লাবে তাঁর অবদান অনস্বীকার্য। তাই তিনি ফেরায় মুখে হাসি ফুটেছে বাগান সমর্থকদের। তবে বাগান তাঁবুতে দুই গোষ্ঠীর মধ্যে যখন অন্তর্দ্বন্দ্ব চরমে, তখন টুটু বোসের প্রত্যাবর্তন বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। এতে আসন্ন নির্বাচনে কী প্রভাব পড়ে সেদিকেও নজর থাকবে ময়দানের।
[আরবাজের পর এবার পরিচালক সাজিদ খানের নাম ফাঁস করল বুকি]
The post অবশেষে পদত্যাগ প্রত্যাহার টুটু বোসের, ভালবাসার টানেই ফিরছেন মোহনবাগানে appeared first on Sangbad Pratidin.
