এবার হ্যাকারদের কবলে নীতি আয়োগের চেয়ারম্যান ডঃ অশোক লাহিড়ির ফোন! বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় নিজেই এই খবর জানিয়েছেন তিনি। সকলকে সতর্ক করে লিখেছেন, তাঁর নাম করে টাকা চাওয়া হলে কেউ যেন তা না দেন। একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি।
বিষয়টা ঠিক কী? বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন ডঃ অশোক লাহিড়ি। সেখানে দেখা যায়, তাঁর নাম করে কারও কাছে সাহায্য চাওয়া হয়েছে। বলা হয়েছে, ৫৬ হাজার টাকা প্রয়োজন, ২ দিনের মধ্যেই তিনি আবার তা ফিরিয়েও দেবেন। অশোক লাহিড়ি স্ক্রিনশটটি ভুয়ো বলে দাবি করে লিখেছেন, 'সবার অবগতির জন্য জানানো হচ্ছে যে, আমার পার্সোনাল ফোন নম্বরটি হ্যাক হয়েছে। যদি আমার এই নম্বর থেকে কারও কাছে টাকা চাওয়া, ফোনপে/গুগল পে নম্বর পাঠানো বা অন্য কোনও আর্থিক সাহায্যের মেসেজ যায়, তাহলে দয়া করে কেউ বিশ্বাস করবেন না এবং কোনও ধরনের টাকা লেনদেন করবেন না। এটি সম্পূর্ণ ভুয়ো ও প্রতারণামূলক কাজ। সতর্ক থাকুন এবং অন্যদেরও বিষয়টি জানিয়ে দিন।'
উল্লেখ্য, এই ধরনের ঘটনা নতুন নয়। হ্যাকাররা এই ধরণের কাজ প্রায়ই করে থাকেন। ফাঁদে পা দিয়ে পরিচিতকে সাহায্য করতে গিয়ে প্রতারিত বহু মানুষ। পুলিশ ও প্রশাসনের তরফে বারবার সতর্কও করা হয়। কিন্তু তা সত্ত্বেও প্রতারকরা অসাধু কাজ করেই চলেছে। এবার জালে খোজ নীতি আয়োগের চেয়ারম্য়ান।
