বর্তমান সময়ে দাঁড়িয়ে ইউটিউবকে এক কথায় বলা যায়, মুশকিল আসান। শুধু বিনোদনের জন্য নয়, এই প্ল্যাটফর্মে এখন মেলে সব সমস্যার সমাধান। ফলে সকলেই একটা দীর্ঘ সময় ইউটিউবে কাটান। এক্ষেত্রে সমস্যা একটাই, যাদের ওয়াইফাই নেই তাঁদের ক্ষেত্রে হু হু করে ফুরিয়ে যায় ডেটা। কিন্তু জানেন কি, চাইলেই এই অহেতুক ডেটা খরচে হ্রাস টানা সম্ভব? চলুন জেনে নেওয়া যাক পদ্ধতি।
অনেক ব্যবহারকারীই 'অটো' সেটিংসে ভিডিও দেখেন। অর্থাৎ ইন্টারনেট গতির উপর ভিত্তি করে ইউটিউব নিজে থেকেই ভিডিওর মান বাড়িয়ে দেয়। এতে কন্টেন্ট দেখতে ভালো লাগে ঠিকই কিন্তু মোবাইল ডেটা খরচের পরিমাণ এক ধাক্কায় অনেক বেড়ে যায়। যদি এইচডি কোয়ালিটির ভিডিও অল্প সময়ের জন্যও দেখেন তাতেও হু হু করে খরচ হতে থাকে ডেটা। সেটিংসে সামান্য পরিবর্তন করলেই কমবে খরচ। বাঁচবে টাকা।
নিশ্চয়ই ভাবছেন কী পরিবর্তন করতে হবে? ইউটিউব সেটিংসে রয়েছে ডেটা সেভার বলে একটি অপশন। এটি চালু করা হলে লো কোয়ালিটিতে ভিডিও চলে। ফলে মোবাইল ডেটা কম খরচ হয়। এতে ভিডিওর স্বচ্ছতা কিছুটা কম হয় তা ঠিকই, তবে স্মার্টফোনের ছোট স্ক্রিনে এই পার্থক্যটি খুব একটা চোখে পড়ে না। সমস্যা হয় না। এর জন্য চলে যান ইউটিউবের সেটিংসে। সেখানে পাবেন 'ডেটা সেভার' অপশন। সেটি অন করে দিলেই আপনার কাজ শেষ। এর পাশাপাশি অটো প্লে-ও বন্ধ করে দিন। এটি অন থাকলে ক্রমাগত ভিডিও লোড হতে থাকে, ব্যবহারকারী ফোনে ইউটিউব খুলে রেখে চলে গেলেও পরপর ভিডিও চলতে থাকে। ফলে ডেটা খরচ হতেই থাকে। কিন্তু অটো প্লে বন্ধ করে দিলে সমস্যার সমাধান। এছাড়া আরেকটি উপায়ও রয়েছে আপনার হাতে। বড় ভিডিওর ক্ষেত্রে ওয়াইফাই ব্যবহার করে ডাউনলোড করে নিন। ফলে ডেটা খরচ না করেই দেখতে পারবেন ভিডিও।
