shono
Advertisement
Fashion Trends

জুতোয় শূকরের খুর থেকে মাশরুম, লাস্যময়ীদের পায়ে লাখ টাকার তাজ্জব করা হিল!

পায়ের পাতায় ফুটে উঠছে শূকরের খুর! আর সেই জুতো পায়ে বিশ্বজুড়ে সাড়া ফেলে দিচ্ছেন ফ্যাশন দুনিয়ার তাবড় সুন্দরীরা। অদ্ভুত শোনালেও, আন্তর্জাতিক ফ্যাশনে ইহাই নয়া ট্রেন্ড। ব্যাপারটা ঠিক কী?
Published By: Buddhadeb HalderPosted: 04:25 PM Jun 15, 2026Updated: 04:40 PM Jun 15, 2026

পায়ের পাতায় ফুটে উঠছে শূকরের খুর! আর সেই জুতো পায়ে বিশ্বজুড়ে সাড়া ফেলে দিচ্ছেন ফ্যাশন দুনিয়ার তাবড় সুন্দরীরা। অদ্ভুত শোনালেও, আন্তর্জাতিক ফ্যাশনে ইহাই নয়া ট্রেন্ড। খামখেয়ালি এই ফ্যাশন দুনিয়ায় মাঝেমধ্যেই এমন কিছু ঝড় ওঠে, যা দেখে সাধারণ মানুষের চোখ কপালে উঠতে বাধ্য! চলতি বছরে নেটদুনিয়ার নতুন আকর্ষণ এই ‘উদ্ভট’ জুতো।

Advertisement

লাখ টাকার এই বিশেষ হিল জুতোটি তৈরি করেছে বিখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ভ্যালেন্টিনো’। ৪.১ ইঞ্চির এই স্টিলেটোর সামনে রয়েছে একটি স্বচ্ছ পলিমার স্ট্র্যাপ। এই স্বচ্ছ স্ট্র্যাপের কারণেই পায়ের আঙুলগুলি এমনভাবে দৃশ্যমান হয়, যা দূর থেকে দেখলে অবিকল শুয়োরের খুরের মতো দেখায়। হিল জুতোটিতে রয়েছে ভ্যালেন্টিনোর নিজস্ব ‘ভি’ লোগো। কালো, রাস্ট এবং অ্যাকোয়ামারিন— এই তিন রঙে মিলছে জুতোটি। দাম? ভারতীয় মুদ্রায় প্রায় এক লক্ষ টাকা! এক টিকটক তারকা এই জুতো দোকানে ট্রায়াল দিয়ে ভিডিও পোস্ট করতেই তা ভাইরাল হয়। শুরু হল ট্রোলিং। কেউ তুলনা করলেন পেপ্পা পিগের সঙ্গে, কেউ আবার মিস পিগির ছবি জুড়ে দিলেন কমেন্ট বক্সে।

পপ তারকা টাইলার পায়ে শোভা পাচ্ছে এই ‘পিগ ফিট’ হিল।

তবে ট্রোলিং যাই হোক না কেন, ফ্যাশন দুনিয়ার প্রথম সারির ডিভারা কিন্তু মজেছেন এই অদ্ভুত জুতোতেই। পপ তারকা টাইলা থেকে শুরু করে মডেল হেইলি বিবার— সকলের পায়েই শোভা পাচ্ছে এই ‘পিগ ফিট’ হিল। হেইলি বিবার সবুজ ছোট পোশাক আর রোদচশমার সঙ্গে এই জুতো পায়ে গলিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। অন্যদিকে মেট গালার মঞ্চে ভ্যালেন্টিনোর বিশেষ নীল স্কার্টের সঙ্গে এই জুতো পরেই হেঁটেছেন টাইলা।

ফ্যাশন দুনিয়ায় এই ‘অদ্ভুত’ জুতোর হিড়িক অবশ্য এই প্রথম নয়। বিখ্যাত ফরাসি লাক্সারি ফ্যাশন হাউস ‘চ্যানেল’-এর ক্রুজ ২০২৬/২৭ শো-তেও দেখা গিয়েছে এমনই এক অভাবনীয় জুতো। যার সোলের একটি অংশ উধাও। গোড়ালি এবং গোড়ালির ওপরের অংশ ঢাকা থাকলেও পায়ের পাতা সরাসরি মাটিকে স্পর্শ করে। চ্যানেলের সৃজনশীল পরিচালক ম্যাথিউ ব্লাজি এই বিচিত্র জুতোর নকশা সকলের সামনে আনেন। শুধু তাই নয়, দেখা যাচ্ছে কিছু জুতোর হিল আবার তৈরি হয়েছে ব্যাঙের ছাতা বা মাশরুমের আদলে। গোলাপি রঙের ফাঙ্গি হিল জুতোও এখন ফ্যাশনপ্রেমীদের চর্চার কেন্দ্রে। এর পাশাপাশি ‘সিয়াপারেল্লি’-র কিটেন হিল, ‘সিমোন রোচা’-র ফক্স ফার গ্রিপ মিউল হিল কিংবা ‘কার্টসি টোজ’-এর মতো জুতোও এই বছর অদ্ভুত ফ্যাশনের তালিকায় জায়গা করে নিয়েছে। পায়ের আঙুল ফ্রেম করা এই ‘কুৎসিত’ জুতোই এখন লাইফস্টাইলের নতুন স্টেটমেন্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement