বাংলা রিয়ালিটি শোয়ে একের পর চমকের মাঝে এবার 'কৌন বনেগা ক্রোড়পতি'র দর্শকের জন্য এসে গেল মেগা খবর। হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় এই শোয়ের দর্শক আবালবৃদ্ধবনিতা। দেখতে দেখতে সতেরো পেরিয়ে এবার আঠারোতম সিজনে পদার্পন। কেবিসি সিজন ১৮র ঘোষণা তো আগেই হয়েছে, এবার গুরু পূর্ণিমায় শোয়ের সঞ্চালক তথা বলিউডের শাহেনশা জানালেন, প্রি প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, আগামী পয়লা অগাস্ট থেকে শুরু হচ্ছে 'কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৮'-এর শুটিং।
আর মাত্র একদিনের অপেক্ষা, তারপরই আবার সেই চেনা ছন্দে ফিরবেন অমিতাভ। ৮৩ বছর বয়সী অভিনেতা নিজের ব্লগে সুখবর শেয়ার করেছেন। সঙ্গে দিয়েছেন নজরকাড়া একটি ক্যাপশনও। যেখানে মেগাস্টার অমিতাভ লিখেছেন, 'এবার শুরু হবে আসল পরীক্ষা। একটা শো শুরুর আগে যাবতীয় যা কাজ থাকে তা কাজ শেষ হয়ে গিয়েছে। প্রোডাকশন আর দর্শকের সঙ্গে যে মূল পর্ব সেটা শুরুর পালা।'
কবে থেকে শুটিং শুরু?
'কৌন বনেগা ক্রোড়পতি'র নতুন সিজনের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আগামী ১০ অগাস্ট। এ বারের আসরে থাকছে এক নতুন চমক। নতুন থিমের নাম 'সোচনা পারে গা' যার বাংলা তর্জমা করলে হয় ভাবতে হবে। এই সিজনে শুধুমাত্র প্রশ্নের উত্তর জানলেই হবে না। নিজের জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। পরিস্থিতি অনুযায়ী যুক্তি, বিশ্লেষণ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়াটাই আঠারোতম সিজনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ভাবনাকে সামনে রেখেই এবারের থিমের নাম 'সোচনা পারে গা'। নতুন প্রোমোতেই সেই ইঙ্গিত বেশ স্পষ্ট ছিল।
চেনা ছন্দে ফিরছেন বিগ বি
প্রসঙ্গত, গুরু পূর্ণিমার দিন বিগ বিকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অগণিত ভক্ত। সকলের ভালোবাসা আর শুভেচ্ছাবার্তায় ভরপুর অমিতাভের ব্লগ। সকল অনুরাগীকেও ধন্যবাদ জানিয়ে শাহেশা লেখেন, 'গুরু পূর্ণিমার শুভক্ষণে যাঁরা এত আন্তরিকতার সঙ্গে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের প্রত্যেককে আমি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই।এত বেশি বার্তা এসেছিল যে বুঝতেই পারছিলাম না কাজ করব না উত্তর দেব। তাই সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।' এরপরই 'কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৮'র শুটিং শুরুর সুখবর দেন অমিতাভ।
