টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহার ব্যক্তিগত জীবন নিয়ে এমনিতেই চর্চার শেষ নেই। এর মাঝেই অভিনেত্রীর দিকে উঠেছে শুটিং ফ্লোরে শিশু শিল্পীকে মানসিক অত্যাচার করার অভিযোগ। যদিও ইন্ডাস্ট্রিতে এর আগেও তৃণা সম্পর্কে নানা গুঞ্জন দানা বাঁধলেও তা নিয়ে 'স্পিকটি নট' ছিলেন অভিনেত্রী। এবারও তাই। তবে এবার সোশাল মিডিয়ায় ফলাও পোস্টে ইঙ্গিতবাহী জবাব দিলেন অভিনেত্রী।
কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে 'পরসাহুরা' ধারাবাহিকের শিশুশিল্পী অভিনব অর্থাৎ পর্দার 'লাট্টু'র পরিবারের তরফে অভিনেত্রীর বিরুদ্ধে শুটিং ফ্লোরে তার উপর মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। এই নিয়ে নানা জলঘোলা চলছেই। এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন তৃণা। এবার নীরবতা ভাঙলেন। নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে তৃণা তাঁর বিরুদ্ধে আসা সমস্ত অভিযোগের জবাব দিয়েছেন বলেই মনে করছে নেটপাড়া। তৃণা তাঁর পোস্টে লেখেন, 'মানুষ আপনাকে যতই বদনাম করার চেষ্টা করুক না কেন, আপনি চুপ থাকুন। যারা আপনাকে ভুল বোঝে তাঁদের কিছু ব্যাখ্যা করার দরকার নেই। যে যা পারে বলুক আপনি আপনার মতো থাকুন। আপনার নীরবতাকে দুর্বলতা ভেবে কেউ ভেবে নিলে তা সত্যিই আপনার দুর্বলতা হয়ে যায় না।' তৃণার এই পোস্ট থেকে অনেকেই মনে করছেন তাঁর বিরুদ্ধে শিশুশিল্পীকে মানসিক অত্যাচার চালানোর যে অভিযোগ উঠেছে তা নিয়েই মুখ খুলেছেন তৃণা।
বলে রাখা ভালো, একইসঙ্গে ফের দানা বেঁধেছে নীল-তৃণার বিচ্ছেদের গুঞ্জনও। যদিও এই প্রথম নয়। এর আগেও এই গুঞ্জন ঘুরেফিরে এসেছে ইন্ডাস্ট্রিতে। কিন্তু এবার এই নিয়ে জল্পনা দানা বেঁধেছে কারণ নেটবাসীর চোখ এড়ায়নি নীল ও তৃণা একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। এমন কি জন্মদিন ও বিবাহবার্ষিকীতে তাঁদের কোনওরকম পোস্টও চোখে পড়েনি। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। যদিও তা নিয়েও মুখ খোলেননি তৃণা। অন্যদিকে 'ত্রিনীল' জুটির বিচ্ছেদের গুঞ্জনে মন ভেঙেছে অনুরাগীদেরও। তবে আপাতত কাজে মন দিয়েছেন তৃণা।
