রাত পোহালেই নতুন জীবনের শুরুয়াত। দীর্ঘদিনের প্রেমিক সুকান্ত কুণ্ডুর সঙ্গে চার হাত এক হবে অভিনেত্রী তথা নেটপ্রভাবী অনন্যা গুহর। এতদিন ধরে নেটপাড়ায় ভাইরাল হয়েছে অনন্যার বিয়ের শপিং থেকে বিয়ের নানা প্ল্যানিংয়ের ভ্লগ। নেটপাড়ার দৌলতে কুমন্তব্যও কখনও কখনও জুটেছে কপালে। তবে সেসবে কখনওই কর্ণপাত করেননি অভিনেত্রী। নিজের জীবনকে নিজের মতো করেই উপভোগ করতে ভালোবাসেন তিনি। এবারও তার ব্যতিক্রম নয়। বাঙালি বাড়ির বিয়েতে ঠিক যেভাবে সমস্ত আচার পালন করা হয় সেভাবেই করছেন অনন্যা।
কয়েকদিন ধরেই অনন্যার সোশাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলে দেখা যাচ্ছিল তাঁর বিয়ের আয়োজনের নানা ভিডিও। তবে রবিবার তাঁর আলতা পরার ছবি পোস্ট করতেই তা নিমেষে ভাইরাল হয়েছে নেটপাড়ায়। লালসাদা শাড়ি, সোনার গয়নায় অনন্যা যেন অনন্য হয়ে উঠেছেন। সাবেকি সাজে সেজেছে ভেন্যুও লাল-সাদা রঙের সজ্জায় সজ্জিত হয়েছে অনন্যার বাড়ি। আর তার সঙ্গে সাযুজ্য বজায় রেখেই নিজের পোশাক বেছে নিয়েছেন অভিনেত্রী।
দিদি অলোকানন্দা নিজের হাতে আলতা পরিয়ে দিয়েছেন নিজের বোনকে। অনুষ্ঠানস্থলে উপস্থিত এয়ো স্ত্রীরাও। অনন্যার এই ছবি দেখার সঙ্গে সঙ্গে নেটিজেনরাও তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। কেউ কেউ তাকে বাহবা দিয়েছেন বাঙালি সংস্কৃতি ও ধারা বজায় রেখে আলতা পরার অনুষ্ঠান করার জন্য। কেউ বলেছেন, 'বাঙালির আলতা পরার এই রীতি তো এখন সবাই ভুলতে বসেছে। মেহেন্দিই সর্বত্র। সেখানে তুমি এর মর্যাদা দিয়েছো দেখে ভালো লাগল।' কেউ লিখেছেন, 'আলতা পরে তোমাকে খুব সুন্দর মানাচ্ছে'।
তবে শুধু আলতা পরার অনুষ্ঠানই শুধু নয়, একইসঙ্গে মা গঙ্গাকে নিমন্ত্রণ ও আইবুড়োভাতের ভোজের ছবিও পোস্ট করেছেন অনন্যা। গত ফেব্রুয়ারিতে সেরেছিলেন আংটি বদল। বাগাদান পর্ব মিটেছিল অনেক আগেই। স্বপ্নের সেই বাগদান পর্ব মেটার পর অভিনেত্রী অনন্যা গুহ ও সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুকান্ত কুণ্ডুর বিয়ের দিকে তাকিয়েছিলেন তাঁদের অনুরাগীরা। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।চার হাত এক হচ্ছে জুটির।
