'বিগ বস বাংলা' (Bigg Boss Bangla)র ঘরে কখন যে খেলা ঘুরে যাবে, বদলে যাবে সম্পর্কের সমীকরণ তা বোঝা সত্যিই দুষ্কর। চোখের পলকেই যেন একেবারে উলোটপুরাণ! 'সংবাদ প্রতিদিন'কে দেওয়া সাক্ষাৎকারে 'অপরাজিত'জীতুই বলেছিলেন বিগ বসের ঘরে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও তাঁর কাছে নাকি এরকম কোনও খবরই নেই। তারপরই ১২ সেপ্টেম্বর 'বিগ বস বাংলা'য় ওয়াইল্ড কার্ডে তাক লাগানো গ্র্যান্ড এন্ট্রি জীতু কমলের (Jeetu Kamal)। শাহরুখের 'জওয়ান'-এর সংলাপ আউড়ে কিং খানের মতোই বাদশাহী মেজাজে হেঁটে বিগ বসের দূর্গে পৌঁছে গেলেন জীতু।
এবার পালা প্রতিযোগীদের সঙ্গে ঘরের ভিতর হাড্ডাহাড্ডি লড়াইয়ের! গৃহপ্রবেশের আগেই মনপসন্দ প্রতিযোগীদের বেছে নিয়েছেন জীতু। ঘরের ভিতর খেলা শুরুর আগে সঞ্চালক সৌরভ জীতুকে একটি 'টাস্ক' অর্থাৎ কাজ দিয়েছিলেন। তাঁর সামনে রাখা ছিল সমস্ত প্রতিযোগীদের ছবি। কাদের সঙ্গে প্রতিযোগীতায় শামিল হতে চান জীতু?
বাছাই পর্বের মাঝেই প্রতিযোগীদের স্বভাব অর্থাৎ কে কেমন সে বিষয়ও সাবধানী বার্তা দিয়েছেন 'প্রিন্স অফ ক্যালকাটা'। ইন্ডাস্ট্রির অভিজ্ঞ অভিনেতা ভরত কলকে সিনিয়র হিসেবে সম্মান করলেও প্রতিযোগী হিসেবে না পসন্দ জীতুর। খেলোয়ার দিব্যেন্দুর প্রশংসায় পঞ্চমুখ। সেই সঙ্গে প্রতিযোগী হিসেবেও পছন্দ। গত সপ্তাহে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়েছে রাজবীরের। তাঁকে ঘিরে ঘরের ভিতর হুলস্থুল বাঁধলেও, জীতু অবশ্য সেসব পাত্তা দিতে নারাজ।
সৌরভ যখন বলেন দিব্যেন্দুর সঙ্গে রাজবীরের সম্পর্ক ভালো নয়, জীতুর পালটা দাবি, গ্রেগ চ্যাপেলের সঙ্গেও তো তাঁর সম্পর্ক খারাপ। সৌরভ পূর্ণ সম্মতি জানিয়ে বলেন, সেক্ষেত্রে তো বাড়ি শেয়ারের প্রয়োজন হয় না। কিন্তু, তাঁদের একটা ঘরে একসঙ্গে থাকতে হবে। একইসঙ্গে সাবধানী সৌরভ জীতুকে একটা বিষয় ভালো করে বুঝিয়ে দেন, শোয়ের সঞ্চালক হিসেবে বাড়ির ভিতরের পরিস্থিতি সম্পর্কে অবগত করে দিচ্ছেন। কিন্তু, খেলতে হবে নিজের মতো করেই।
কনটেন্ট ক্রিয়েটর ঝিলম নাকি কিছুটা ঝিমিয়ে পড়েছেন। তাই সৌরভকে কথা দিয়েছেন, ঝিলমের মধ্যে সেই আগের ঝাঁঝ ফিরিয়ে আনতে চেষ্টা করবেন। আরও একজন কনটেন্ট ক্রিয়েটর নীরঞ্জনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সৌরভ জানান, শুরুতে উত্তজিত থাকলেও এখন অনেকটাই দমে গিয়েছেন। জীতু মজা করেন বলেন, ভিতরের এসিগুলো কমানো উচিত।
শেষ ছবি অভিনেত্রী সোনামণি সাহার। কোনওরকম বিতর্কে থাকেন না। সৌরভের থেকে সোনামণি সম্পর্কে এহেন তথ্য পেয়েই জীতুর স্পষ্ট স্বীকারোক্তি, তাহলে তো তাঁর সঙ্গে কখনই সোনামণি মিশবেন না। শনিবার বিগ বসের ঘরে এন্ট্রি নেওয়ার পর কী কী ঘটতে চলেছে তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষারত শোয়ের দর্শক।
