রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর (Rahul Banerjee Death) এক সপ্তার পার। আউটডোরে শুটিং চলাকালীন অভিনেতার মর্মান্তিক পরিণতিতে গত কয়েকদিনে রাজ্যজুড়ে ঝড় বয়ে গেলেও, এমনকী দেশের অন্যান্য সিনেইন্ডাস্ট্রির তরফে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলা হলেও 'ভোলে বাবা পার করেগা' অভিনেত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি। সহ-অভিনেতার স্মৃতিচারণে শুধুমাত্র একটি পোস্ট ব্যতীত সোশাল মিডিয়াতেও সক্রিয় দেখা যায়নি শ্বেতা মিশ্রকে। তবে এই প্রথমবার রাহুলের মৃত্যুর বিচার চেয়ে সরব শ্বেতা।
'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে রাহুল-শ্বেতা। ছবি- সংগৃহীত
গত ২৯ মার্চ তালসারিতে 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সিরিয়ালের চিত্রনাট্য অনুযায়ী, সেসময়ে নায়িকা শ্বেতা মিশ্রর সঙ্গে মধুচন্দ্রিমার দৃশ্যের শট দিচ্ছিলেন অভিনেতা। শুটিং চলাকালীন দু'জনেই জলে পড়ে যান। তবে শ্বেতাকে বাঁচানো গেলেও জলে ডুবে মর্মান্তিক পরিণতি হয় রাহুল অরুণোদয়ের। ঘটনার ঘণ্টাখানেকের মধ্যে প্রকাশ্যে আসা এক ভিডিওয় নায়িকা শ্বেতা মিশ্রকে একেবারে বিধ্বস্ত দেখা যায়। কান্না জড়ানো কণ্ঠে আর্তনাদ করে বারবার 'রাহুলদা' বলে চিৎকার করতে শোনা গিয়েছিল অভিনেত্রীকে। তবে রাহুলের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা বাড়লেও এযাবৎকাল শ্বেতা মিশ্রর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকী অভিনেতার মৃত্যুর বিচার চেয়ে আয়োজিত মিছিলেও প্রযোজনা সংস্থা বা ইউনিটের কোনও সদস্যকে দেখা যায়নি। এমতাবস্থায় আর্টিস্ট ফোরামের কর্মবিরতির ডাকে সায় দিলেন শ্বেতা মিশ্রও।
শেষ দিনের শুটিংয়ে রাহুল-শ্বেতা
শিল্পী, কলাকুশলীদের নিরাপত্তার কথা মাথায় রেখে রবিবার সন্ধের বৈঠকে আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশনের তরফে সম্মিলিতভাবে মঙ্গলবার অর্থাৎ ৭ এপ্রিল থেকে শুটিং বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ইন্ডাস্ট্রির সিংহভাগ তারকাই সেই সিদ্ধান্তে সায় দিয়ে ফোরামের কর্মবিরতির নোটিস ভাগ করে নিয়ে রাহুলের মৃত্যুর বিচারের দাবিতে বাকিদেরও শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। সেই একই পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়েছেন শ্বেতা মিশ্রও। তাহলে কি 'ভোলে বাবা পা করেগা' সিরিয়ালের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টেসের বিরুদ্ধে তিনিও সরব হলেন? এমন প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়।
শ্বেতা মিশ্রর ইনস্টা স্টোরি
অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করে পাওয়া না গেলেও সংবাদমাধ্যমের কাছে তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে যে, দুর্ঘটনার কারণে এখনও পর্যন্ত স্বাভাবিক হয়ে উঠতে পারেননি শ্বেতা। চিকিৎসকের পরামর্শমাফিক অভিনেত্রীর ওষুধ চলছে। এমনকী শ্বেতাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নিদান দেওয়া হয়েছে বলেও জানালেন তাঁরা। পাশাপাশি নায়িকার পরিবারের তরফে এও জানানো হয় যে, শ্বেতা কোনওদিনই অন্যায়ের সঙ্গে আপস করেননি, বরাবর সত্যকে প্রাধান্য দিয়েছেন এবং সুস্থ হয়ে উঠলে তিনি নিজেই বক্তব্য রাখবেন।
