'দাদাগিরি' মানেই সৌরভ গঙ্গোপাধ্যায়- এযাবৎকাল আপামর দর্শককুলের কাছে এটাই সমার্থক হয়ে উঠেছিল। তবে এবার সঞ্চালনায় রদবদল। 'প্রিন্স অফ ক্যালকাটা’র পরিবর্তে টেলিভিশনের পর্দায় ‘দাদাগিরি’ করতে চলেছেন দেব। প্রথমত, নতুন সফর। দ্বিতীয়ত, বিগত একদশকের সৌরভ-লিগ্যাসি। অতঃপর সঞ্চালক হিসেবে মহারাজের সঙ্গে দেবের তুলনা যে আসবে, সেটাই স্বাভাবিক। সুপারস্টার সাংসদ আগেই জানিয়েছিলেন, তার ‘একটু ভয়-নার্ভাসে’র কথা। কিন্তু সংকোচ দেব বলছেন, 'দাদা' সৌরভই নানাবিধ টিপস দিয়ে তাঁর মনোবল বাড়িয়েছেন।
সোমবার, প্রথম 'দাদাগিরি'র সেটে পা রেখেই দেব জানালেন, "দাদা নিজে আমাকে অনেক টিপস দিয়েছেন। আসলে যা হয় ভালোর জন্যেই হয়।..."
'দাদাগিরি'র ১১তম মরশুমের প্রথম পর্বের শুটিংয়ে দেব।
দাদাগিরির ১১তম মরশুমের প্রথম পর্বের শুটিং। অতঃপর সেটজুড়ে যেন উৎসবের আবহ বজায় ছিল। পরনে কালো স্যুট। মুখে একগাল হাসি নিয়ে লাল গালিচায় পা রেখেই অতিথিদের অভ্যর্থনা জানান দেব। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জুতোয় সুপারস্টারের পা গলানোর গুঞ্জনটা মাসখানেক ধরেই সেলেব পাড়ার অন্দরে জারি ছিল। একমাসব্যাপী জল্পনার পর সম্প্রতি টেলিপর্দায় 'দাদা' হিসেবে আত্মপ্রকাশের খবরে সিলমোহর দেন খোদ দেব। আর ২৯ জুন সোমবার, প্রথম 'দাদাগিরি'র সেটে পা রেখেই দেব জানালেন, "আমি 'দাদাগিরি'র সঞ্চালনায় এসেছি বলে 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায় খুব খুশি। দাদা নিজে আমাকে অনেক টিপস দিয়েছেন। আসলে যা হয় ভালোর জন্যেই হয়।" সুপারস্টার সঞ্চালকের সংযোজন, "এর আগের সিজনগুলো আমি দেখেছি। আগামী সিজনটা আরও ভালোভাবে করার চেষ্টা করব। ১৮ বছর ধরে এই শো'কে মানুষ ভালোবেসেছেন। আজকে প্রথম এপিসোড হচ্ছে। আশা করব, সবাই ভালোবাসা দেবেন। দর্শকের প্রত্যাশা পূরণের চেষ্টা করব।" এদিন দেবের এই নতুন ইনিংসের সাক্ষী থাকতে 'দাদাগিরি'র সেটে উপস্থিত ছিলেন 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ফুটবলার সুনীল ছেত্রী। মশাল জ্বালিয়ে প্রথম পর্বের শুটিংয়ের শুভ সূচনা করেন দেব-প্রসেনজিৎরা।
দেবের এই নতুন ইনিংসের সাক্ষী থাকতে 'দাদাগিরি'র সেটে উপস্থিত ছিলেন 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ফুটবলার সুনীল ছেত্রী।
এপ্রিল মাসের শেষ নাগাদ কলকাতার অলি-গলি থেকে গঙ্গার ঘাটে ‘নতুন বাংলার নতুন দাদাগিরি’র প্রোমো শুট করেছিলেন দেব। কিন্তু সেসময়ে কাকপক্ষীতেও টের পেতে দেননি। । প্রোমো প্রকাশ্যে আসার পর একাংশ যদিও সৌরভের ‘লিগ্যাসি’র কথা মনে করিয়ে দিয়েছেন, তবে দেব অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ কিন্তু তুঙ্গে। কেউ বা আবার সুপারস্টারের বাচনভঙ্গী নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন! এবার শুধু শো শুরু হওয়ার অপেক্ষা। সেখানে ‘গুগলি মহারণে’ কেমন চমক দেন দেব? সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীকুল।
