সেলিব্রিটিদের জীবনে কখন যে কী ঘটে যায় সত্যিই বোঝা বড় দায়। এই মুহূর্তে বন্ধুত্বে একেবারে গদগদ তো পর মুহূর্তেই মুখ দেখাদেখি বন্ধ। সিনেপাড়ার অন্দরে এমন ঘটনা আখছাড় ঘটে থাকে। সম্প্রতি মডেল-অভিনেত্রী সানা মকবুল ও মাহি ভিজ (Sana Makbul-Mahhi Vij) যেভাবে কোমর বেঁধে সোশালপাড়ায় কাদা ছোড়াছুড়ি করছেন! যদিও কেউই একে অপরের নাম নেননি, তবে পোস্টের লেখা থেকে নেটিজেনরা প্রায় একশো শতাংশ নিশ্চিত, বন্ধুত্বে ফাটল ধরেছে।
সানা আর মাহির মধ্যে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু, এই মুহূর্তে তারা পরস্পরকে আনফলো করেছেন। এমনকী নাম না করে সানা মকবুলের মাহিকে 'আবর্জনা' বলে কটাক্ষ। এখানেই শেষ নয়, কঙ্গনার 'নর্দমার প্রজন্ম'-এর নয়া সংস্করণ করে সানার সংযোজন, 'নর্দমার মতো মানসিকতা।' অতঃপর আলোচনার কেন্দ্রে সানার পোস্ট। নেটিজেনদের একাংশের অনুমান, মাহির উদ্দেশেই এমন পোস্ট।
জোর চর্চা নেটভুবনে। এমন ভাবনার নেপথ্যে রয়েছে যথার্থ কারণ। সানা ও মাহির ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যাচ্ছে, তাঁরা পরস্পরকে আনফলো করেছেন। নিজের ইনস্টা হ্যান্ডেলে সানা তাঁর অনুরাগীদের উদ্দেশে একটি বার্তায় জানিয়েছেন, তাঁরা যেন এমন বন্ধুদের থেকে দূরে থাকেন যাঁদের মানসিকতা নর্দমার মতো নোংরা। তিনি যদি সত্যি প্রকাশ্যে আনেন তাহলে অসহায় নারীর ভাবভূর্তি ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে।
বিবাহবিচ্ছেদের পর বর্তমানে মাহি তাঁর দুই সন্তান নিয়ে একাই থাকেন। তাই সানার পোস্ট যে মাহিকে ঘিরে সে বিষয়টি আরও জোরাল হয়েছে বই কী। সানার পোস্ট, 'জীবন সত্যিই এক অদ্ভুত খেলা। এক পুরনো বন্ধু আমার সম্পর্কে এদিক-ওদিক নানা কথা বলে বেড়াচ্ছে। আমি কী বলেছি, কী বলিনি সেসব নিয়ে আলোচনা করছে। শোনো প্রিয়, আমি যদি মুখ খুলি তাহলে তুমি যে অসহায় নারীর ভাবমূর্তি গঠনের এত চেষ্টা করছ তা আর ফলপ্রসু হবে না।'
সানার পোস্ট
সুর চড়িয়ে আরও একধাপ এগিয়ে সানার সংযোজন, 'ও তো একটা ডাস্টবিন। ঈশ্বর ওকে সুমতি দিন। নর্দমার মতো নোংরা মানসিকতার পরিবর্তন করুক। আমি চুপ ছিলাম কারণ আমি চুপ থাকতে চেয়েছিলাম। ওটা আমার দুর্বলতা নয়। তুমি যে অপ্রয়োজনীয় নাটকগুলো করছ, সেগুলোর মধ্যে আমি জড়াতে চাই না। তুমি সেই প্রবাদের প্রকৃত উদাহরণ একশোটা ইঁদুর খেয়ে বিড়াল হজে গেল।' মাহির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
