সুপারস্টার দেবের (Dev) সঙ্গে রাজনীতির রঙ্গমঞ্চের প্রতিনিধিদের 'দাদাগিরি' (Dadagiri)। দিন সাতেক আগেই প্রকাশ্যে এসেছে শোয়ের প্রোমো। বাংলার রাজনীতির মঞ্চে দাপিয়ে বেড়ানো রথী-মহারথীরা রাজনৈতিক সমীকরণকে দূরে রেখে একেবারে খোশমেজাজে ধরা দিয়েছেন। সজল ঘোষ, কুণাল ঘোষ এবং মদন মিত্ররা ছাড়াও 'দাদাগিরি' করবেন বারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি, ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকি এবং বিধানসভায় বামেদের একমাত্র প্রতিনিধি তথা ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান। এহেন হাইভোল্টেজ প্রোমো ঘিরে দর্শকের উন্মাদনার পারদ একেবারে তুঙ্গে। আর সেই উত্তেজনায় সুরসুরি দিয়ে এবার প্রকাশ্যে সজল ঘোষের রসিকতার আরও এক নতুন প্রোমো।
সরাসরি দাদাগিরি সেট থেকে স্ত্রীকে ঠাকুর ঘরে বসে থাকার পরামর্শ। সজলের কীর্তিতে হাসির রোল নেটপাড়ায়। রাজনীতির ময়দানের সেই রাশভারি ইমেজ উধাও। একেবারে মজার ছলে 'দাদাগিরি'র সেট থেকে স্ত্রীকে ভিডিও কল করলেন সজল ঘোষ। ক্যুইজ শো জিতলেই পঞ্চাশ হাজার, তাই সেই মুহূর্তেই ঠাকুর ঘরে যেতে বলেন। আরও একধাপ এগিয়ে সজলের রসিকতা, "ঠাকুর ঘর থেকে একদম বেরবে না। প্রার্থনা করো। তোমাকেও অর্ধেক টাকা দেব।"
স্ত্রীর সঙ্গে রাজনীতিবিদ সজল ঘোষের 'দুষ্টুমি' উপভোগ করেছেন প্রতিটি দর্শক। 'প্রিন্স অফ ক্যালকাটা'র উত্তরসূরী হিসেবে 'দাদাগিরি'র মঞ্চ মাতাচ্ছেন দেব। আর তাঁর সঞ্চালনায় প্রায় প্রতি এপিসোডেই কিছু না চমক থাকছে তা বললে অত্যুক্তি হবে না।রসিকতা করতে মদন মিত্র কিংবা সজল ঘোষের জুড়ি মেলা ভার। তেমনই 'টিপ্পনি কিং' কুণাল ঘোষের অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। অন্যদিকে যুক্তিবুদ্ধির মারপ্যাঁচে কম যান না আইএসএফ-এর নওশাদ।
মহারণের অন্যতম যোদ্ধা কৌস্তভকে নিয়েও আশাবাদী দর্শকমহলের একাংশ। আগামী ৩০ আগস্ট সম্প্রচারিত হবে এই বহুপ্রতিক্ষীত এপিসোড। এখন একটাই কৌতূহল, 'দাদাগিরি'র মঞ্চে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদদের সমীকরণ কেমন থাকবে? তুলকালাম কাণ্ড বাঁধবে নাকি ঠান্ডা মাথায় সুপারস্টার সাংসদের গুগলির মুখোমুখি হবেন রাজনৈতিকভাবে পরস্পরের তীব্র প্রতিপক্ষরা?
