shono
Advertisement
Sasuri Boumar Rannaghar

বিশ্বনাথের সঙ্গে কাজের সুযোগে উৎফুল্ল রিখিয়া, কবে শুরু ‘শাশুড়ি বৌমার রান্নাঘর’-এর শুটিং?

জি বাংলায় আসছে নতুন রিয়েলিটি শো ‘শাশুড়ি বৌমার রান্নাঘর’। শাশুড়ি মায়ের ভূমিকায় বিশ্বনাথ ও তাঁর বউমার চরিত্রে রিখিয়া রায় চৌধুরি। প্রথমবার রিয়্যালিটি শোয়ে কাজের সুযোগ পেয়ে আপ্লুত অভিনেত্রী।
Published By: Kasturi KunduPosted: 09:47 PM Jun 19, 2026Updated: 09:47 PM Jun 19, 2026

বাংলা টেলিভিশনে ধারাবাহিকের পাশাপাশি রিয়্যালিটি শো-ও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। সঞ্চালকের আসনে সিরিয়াল সিনেমার পরিচিত মুখেদেরই আনাগোনা। ফের সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে বিশ্বনাথ বসুকে। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল অভিনেতার লুক। জি বাংলায় আসছে নতুন রিয়েলিটি শো ‘শাশুড়ি বৌমার রান্নাঘর’। সেখানেই সঞ্চালক হিসেবেই থাকছেন বিশ্বনাথ বসু। শাশুড়ি মায়ের চরিত্রে একেবারে নয়া অবতারে দর্শকের দরবারে ধরা দেবেন অভিনেতা।

Advertisement

সূত্রের খবর, ২০ জুন শনিবার থেকে শুরু হচ্ছে ‘শাশুড়ি বৌমার রান্নাঘর’-এর শুটিং। নতুন শো নিয়ে কতটা উত্তেজিত বিশ্বনাথ তা জানতে সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে অভিনেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোনও উত্তর মেলেনি। ‘রান্নাঘর’ শোয়ের বদলে নতুন মোড়কে আসছে এই শো। শাশুড়ি মায়ের চরিত্রে বিশ্বনাথ বসুর উপস্থিতিই নিঃসন্দেহে নতুন শো-এর চমক হবে তা বললে অত্যুক্তি হবে না। জি বাংলায় যে 'রান্নাঘর' সম্প্রচারিত হত সেই শোয়ের মুখ ছিলেন কণীনিকা বন্দ্যোপাধ্যায়। সেই শোয়ের জায়গায় নাম পরিবর্তিত হয়ে নতুন রূপে আসছে এই শো।

সঞ্চালকের ভূমিকায় বিশ্বনাথ

জানা যাচ্ছে, রান্নাবান্নার আয়োজনের পাশাপাশি থাকবে কমেডির রসদ। বিশ্বনাথ আর হাস্যরস পরস্পরের সমার্থক। তাই শাশুড়ি মায়ের চরিত্রে বিশ্বনাথ বসু পারফেক্ট ম্যাচ এমনটাই মনে করা হচ্ছে। বিশ্বনাথের বউমার ভূমিকায় থাকছেন অভিনেত্রী রিখিয়া রায় চৌধুরি। প্রথমবার নন ফিকশন শোয়ে দেখা যাবে টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রীকে। বিশ্বনাথ বসুর সঙ্গে কাজের প্রস্তাব এবং রিয়্যালিটি শোয়ে আত্মপ্রকাশের সুযোগে আনন্দে আত্মহারা রিখিয়া।

সংবাদ প্রতিদিন ডিজিটালকে অভিনেত্রী বলেন, "বিশ্বনাথদার মতো একজন অভিনেতার সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি আপ্লুত। এটা আমার প্রথম নন ফিকশন শো হতে চলেছে। সেটা নিয়েও খুবই উত্তেজিত। সেই সঙ্গে একটু টেনশনও কাজ করছে। আশা করি আমাদের শো দর্শকের ভালো লাগবে।" এই শোয়ে কেমন বউমা হিসেবে দেখা যাবে? উত্তরে রিখিয়া জানান, "শাড়ি পরিহিতা আধুনিক বউমার চরিত্রে দেখা যাবে। সিঁথিতে সামান্য সিঁদুর আর হালকা গয়না।"

পর্দায় বিশ্বনাথের বউমা

ব্যক্তিগতজীবনে রান্নাঘরের সঙ্গে রিখিকার যোগাযোগ আছে? ফোনের ওপারে একগাল হেসে বলেন, "রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। সুযোগ পেলেই রান্নাঘরে ঢুকে যাই। শুধু রান্না করতেই নয়, খেতেও খুব ভালোবাসি।" টেলিভিশনের পর্দায় রান্না শেখার সঙ্গে সঙ্গে শাশুড়ি বউমার খুনসুটি কেমন জমে তা দেখার অপক্ষায় আপামর বাঙালি দর্শক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement