প্রেমিক-প্রেমিকার অভিনয় করতে গিয়ে পরস্পরের কাছাকাছি চলে আসার ঘটনা প্রায়ই শোনা যায়। জনপ্রিয় বাংলা ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি'তে ‘ঝাঁপি’ আর‘দীপ’-এর সম্পর্ক নিয়েও জোর জল্পনা স্টুডিওপাড়ায়। পর্দার প্রেম নাকি বাস্তবেও জমে ক্ষীর! সোশাল মিডিয়ায় সৌরভ চক্রবর্তী আর শুভস্মিতা মুখোপাধ্যায়ের একাধিক পোস্টে উসকে যায় প্রেমের জল্পনা। যদিও তাঁরা ব্যক্তিগত জীবন নিয়ে একটি শব্দও খরচ করেন না। ভালো বন্ধু বলেই দাবি করেন সৌরভ-শুভস্মিতা। ২৩ মার্চ অভিনেত্রীর জন্মদিনে সৌরভের আদুরে শুভেচ্ছা সকলের নজর কেড়েছিল। জন্মদিন উদযাপনের প্রতিটি মুহূর্তে শুভস্মিতার সঙ্গে ছিলেন সৌরভ।
সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে দুজনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেছিলেন, বন্ধুত্ব ছাড়া আর কিছুই নয়। সময়ের সঙ্গে যদি কিছু পালটায় তাহলে নিশ্চয়ই জানাবেন। প্রেমচর্চা উসকে পড়ন্ত বিকেলে সূর্যকে সাক্ষী রেখে সৌরভ-শুভস্মিতার 'মাখমাখ' মুহূর্ত! খোলা চুলে সৌরভের বাহুডোরে অভিনেত্রী, দুজনের মুখের লাজুক হাসিতেই যেন লুকিয়ে পছন্দের মানুষের কাছাকাছি থাকার এক পরম তৃপ্তি! সোশাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই জুটির ভক্তরা তাঁদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, তাঁরা পরস্পরের পরিপূরক, যাকে বলে 'পারফেক্ট জোড়ি'।
তবে সৌরভ-শুভস্মিতা কিন্তু মুখে কুলুর এটে রয়েছেন। পোস্টের ক্যাপশনে শুধু একট লাল হৃদয়ের ইমোজিই যেন তাঁদের সম্পর্কের অর্ন্তনিহিত রহস্যের উদঘাটনের জন্য যথেষ্ট। ধারাবাহিকে তাঁদের জুটি দর্শকের দরবারে যেমন জনপ্রিয় বাস্তবেও তাঁদের রসায়নে মুগ্ধ অনুগামীরা। প্রসঙ্গত, চলতি বছরে ভরা বিয়ের মরশুমে টলিপাড়ায় বেজেছে একের পর এক বিয়ের সানাই। মধুমিতা সরকার থেকে তারপর প্রিয়াঙ্কা মিত্র-শুভ্রজিৎ সাহা ও রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি, একে একে বিয়ের পিঁড়িতে বসেছেন। কানাঘুষো শোনা গিয়েছিল, এবার নাকি বিয়ের পিঁড়িতে বসবেন ‘ঝাঁপি’ ও ‘দীপ’ অর্থাৎ শুভস্মিতা মুখোপাধ্যায় ও সৌরভ চক্রবর্তী। খুব তাড়াতাড়িই নাকি শুভকাজ সারবেন তাঁরা।
অভিনেত্রী শুভস্মিতা এপ্রসঙ্গে বলেছিলেন, “আমরা বিয়ে করছি না। যদি করি তাহলে নিশ্চয়ই সকলকে জানাবো।” অন্যদিকে সৌরভের সংযোজন, "জুটি হিসেবে দর্শক আমাদের খুবই পছন্দ করেন ও ভালোবাসেন। এটা হয়তো এই গুঞ্জনের একটা কারণ। কিন্তু হ্যাঁ, সেসবের ঊর্ধ্বে গিয়ে আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব রয়েছে।" তথাকথিত 'বন্ধুত্ব'র আড়ালেই প্রেমে মত্ত সৌরভ-শুভস্মিতা? জানতে উদগ্রীব জুটির ভক্তরা।
