shono
Advertisement
Kailash Mansarovar Yatra 2026

পুণ্যার্থীদের জন্য খুলল মানস সরোবর, ছাড়পত্র পেতে আবেদন করুন এভাবে

পাহাড়ের বাঁকে মেঘেদের লুকোচুরি। রুপোলি শিখরে রোদের ঝিলিক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের শুরু হতে চলেছে পবিত্র কৈলাস-মানস সরোবর যাত্রা। ২০২৬ সালের এই তীর্থযাত্রার নির্ঘণ্ট প্রকাশ করল বিদেশ মন্ত্রক। আগামী জুন থেকে আগস্ট মাস পর্যন্ত চলবে এই যাত্রা। অনলাইন আবেদন করবেন কীভাবে? জানুন বিশদে।
Published By: Buddhadeb HalderPosted: 03:44 PM May 01, 2026Updated: 03:58 PM May 01, 2026

পাহাড়ের বাঁকে মেঘেদের লুকোচুরি। রুপোলি শিখরে রোদের ঝিলিক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের শুরু হতে চলেছে পবিত্র কৈলাস-মানস সরোবর যাত্রা। ২০২৬ সালের এই তীর্থযাত্রার নির্ঘণ্ট প্রকাশ করল বিদেশ মন্ত্রক। আগামী জুন থেকে আগস্ট মাস পর্যন্ত চলবে এই যাত্রা। শিবের বাসভূমি দর্শনে আগ্রহী পুণ্যার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

ছবি: সংগৃহীত

আবেদনের শর্ত ও সময়সীমা
এবারের যাত্রার জন্য নাম নথিভুক্ত করার শেষ দিন ১৯ মে, ২০২৬। তবে কৈলাসের পথে পা বাড়ানো সহজ নয়। কঠোর শারীরিক পরীক্ষার পরেই মিলবে ছাড়পত্র। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৭০ বছরের মধ্যে। থাকতে হবে বৈধ ভারতীয় পাসপোর্ট। উচ্চতাজনিত প্রতিকূলতা এড়াতে শরীরের ওজন বা বিএমআই (BMI) ২৫-এর মধ্যে হওয়া বাধ্যতামূলক। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হৃদরোগ থাকলে এই দুর্গম পথে যাওয়ার অনুমতি মিলবে না।

ছবি: সংগৃহীত

দুটি ভিন্ন পথ
তীর্থযাত্রীদের জন্য এবারও দুটি পথের ব্যবস্থা রাখা হয়েছে।

লিপুলেখ পাস (উত্তরাখণ্ড): কুমায়ুনের অরণ্যঘেরা পথ দিয়ে এই যাত্রা। দিল্লি বা ধারচুলা থেকে মোট ১০টি ব্যাচে তীর্থযাত্রীরা রওনা হবেন।

নাথু লা পাস (সিকিম): পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে সিকিম হয়ে তিব্বতে প্রবেশ করবেন পুণ্যার্থীরা। এই পথেও ১০টি ব্যাচে যাত্রা চলবে।

নির্বাচন প্রক্রিয়া ও সতর্কতা
আবেদন করলেই যাত্রা সুনিশ্চিত নয়। সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে লটারি করে বেছে নেওয়া হবে সৌভাগ্যবান যাত্রীদের। প্রায় ২৩ থেকে ২৫ দিনের এই সফরে পাহাড়ে অক্সিজেনের মাত্রা অনেকটা কম থাকে। তাই দিল্লি এবং যাত্রাপথের মাঝে গুঞ্জি বা শেরথাং ক্যাম্পে পর্যটকদের কড়া স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সেখানে উত্তীর্ণ হলেই কেবল পৌঁছানো যাবে মানস সরোবরের তীরে।

ছবি: সংগৃহীত

কীভাবে আবেদন করবেন?
আগ্রহী পুণ্যার্থীদের সম্পূর্ণ অনলাইনে https://kmy.gov.in/ পোর্টালে আবেদন করতে হবে। সঙ্গে রাখতে হবে ছবি ও পাসপোর্টের স্ক্যান কপি। আবেদন করতে এই ধাপগুলি অনুসরণ করুন।
১) অফিসিয়াল ওয়েবসাইটে নিজের একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
২) পাসপোর্টের পিডিএফ (৫০০ কেবি) এবং নিজের জেপিজি ফর্ম্যাটের ছবি (৩০০ কেবি) আপ্লোড করুন।
৩) নিজের পছন্দ অনুযায়ী যাত্রার রুট ও সময় বেছে নিন।
৪) একই ব্যাচে ভ্রমণ করতে চাইলে একটি অ্যাকাউন্টে সর্বোচ্চ দুটি আবেদন জমা দেওয়া যাবে।

হিমালয়ের কোলে আধ্যাত্মিক শক্তি অর্জন করতে চান? কিংবা প্রকৃতির রূপ-রস-গন্ধে নিজেকে জারিত করতে চান? তাহলে সময় নষ্ট করবেন না। শরীর সঙ্গ দিলে এ সুযোগ হাতছাড়া করা চরম মূর্খামি!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement