shono
Advertisement

সাহিত্য-সুরের যুগলবন্দিতে পাঠকের হাতে আসছে ‘শারদীয় সংবাদ প্রতিদিন’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরতের বাতাসে শিউলি সুবাসের সঙ্গেই যেন মিশে থাকে নতুন পুজোসংখ্যার গন্ধ৷ দিনবদলে বাঙালির উৎসব পালনের মেজাজ-মর্জিতে অনেক বদল এলেও, আজও সাহিত্যপ্রেমী বহু বাঙালির কাছে পাতা ওল্টালেই পুজো৷ বছরভর বাঙালির অপেক্ষা তাই জেগে থাকে পুজো সাহিত্য ও পুজোর গানের জন্য৷ সে অপেক্ষায় ইতি টেনে সাহিত্যের নানা উপচার নিয়ে আগামীকালই প্রকাশিত হবে ‘শারদীয় […] The post সাহিত্য-সুরের যুগলবন্দিতে পাঠকের হাতে আসছে ‘শারদীয় সংবাদ প্রতিদিন’ appeared first on Sangbad Pratidin.
Posted: 01:31 AM Sep 29, 2016Updated: 09:36 PM Sep 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরতের বাতাসে শিউলি সুবাসের সঙ্গেই যেন মিশে থাকে নতুন পুজোসংখ্যার গন্ধ৷ দিনবদলে বাঙালির উৎসব পালনের মেজাজ-মর্জিতে অনেক বদল এলেও, আজও সাহিত্যপ্রেমী বহু বাঙালির কাছে পাতা ওল্টালেই পুজো৷ বছরভর বাঙালির অপেক্ষা তাই জেগে থাকে পুজো সাহিত্য ও পুজোর গানের জন্য৷ সে অপেক্ষায় ইতি টেনে সাহিত্যের নানা উপচার নিয়ে আগামীকালই প্রকাশিত হবে ‘শারদীয় সংবাদ প্রতিদিন’৷ সেই সঙ্গে থাকছে প্রাণ খোলা গানের হাতছানি৷

Advertisement

উৎসবের আমেজ যখন বাঙালির ঘরদুয়ারে, তখন বাংলা সাহিত্যের আসরেও আক্ষরিক অর্থে বড় উৎসব৷ পুজোর এই অবকাশেই পাঠক-লেখক সম্পর্ক যেন নিজের মতো করে ডানা মেলার অবসর পায়৷ আর সে গাঁটছড়া বাঁধতে বরাবরই ‘শারদীয় সংবাদ প্রতিদিন’-এর জুড়ি মেলা ভার৷ প্রতি বছরের মতো এবারও সাহিত্যের বিপুল সম্ভার নিয়ে পাঠকের দরবারে ‘শারদীয় সংবাদ প্রতিদিন’৷

বিষয় বৈচিত্রে, সাহিত্যের গুণে পাঠকদের আবিষ্ট করাই যে কোনও পুজো সংখ্যার চ্যালেঞ্জ৷ সেই নিরিখে ‘শারদীয় সংবাদ প্রতিদিন’ বরাবরই পাঠকের কাছে লোভনীয়৷  বহু শারদ সাহিত্যের ভিড়েও তাই সেরা সাহিত্যের স্বাদ পেতে পাঠক বরাবরই অপেক্ষা করে থাকেন ‘শারদীয় সংবাদ প্রতিদিন’-এর জন্য৷

কী কী থাকছে এবারের ‘সংবাদ প্রতিদিন’ শারদ-সাহিত্যের  অন্দরে? পাতা ওল্টানোর আগে একবার সেদিকে নজর দেওয়া যাক৷

  • বাণী বসু তাঁর উপন্যাস ‘ক্ষত্রবধূ’ তে তুলে এনেছেন হস্তিনাপুরের রাজরমণীদের উপাখ্যান৷ গান্ধারী, কুন্তী, মাদ্রী: এই তিন রাজবধূ যে স্বপ্ন নিয়ে, যে আশার ছলনে ভুলে পা রেখেছিল এই ঐতিহ্যবাহী রাজ পরিবারে, সেই স্বপ্ন বা আশা বা উচ্চাকাঙ্ক্ষা শেষ অবধি পূরণ হবে তো? তাঁদের দিনযাপন ও ক্ষমতালিপ্সার অনবদ্য মনস্তাত্ত্বিক আলোচনা উঠে আসছে এই উপন্যাসে৷
  • বাংলাদেশের খ্যাতনামা লেখিকা সেলিনা হোসেনের উপন্যাস  ‘যে জীবন প্রেমের’৷ তাঁর উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এমন এক মানুষ যে একা থাকলেই ভাল থাকে৷ এ যেন শুধু এই চরিত্রেরই ডিসঅর্ডার নয়, এই সময়েরও এক গভীর অসুখের প্রতি দৃকপাত৷
  • বাংলা থিয়েটারের স্বর্ণসময়কে প্রেক্ষাপট করে এক চিরন্তন সম্পর্কের ইতিবৃত্ত তুলে ধরছেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়৷ নটসম্রাট গিরিশচন্দ্র ঘোষ ও বিনোদিনীর সম্পর্ক সীমানা কি গুরু-শিষ্যার বাইরেও অন্য কোনও আকাশের খোঁজ পেয়েছিল? এ নিয়ে বাঙালির কৌতূহল চিরন্তন৷ তারই খোঁজ মিলবে ‘গিরিশ ও বিনোদিনী’ উপন্যাসে৷ বাংলায় সাধারণ রঙ্গালয় প্রতিষ্ঠার ইতিহাসও জীবন্ত হয়ে উঠবে তাঁর উপন্যাসে৷
  • প্রজন্মের ব্যবধান স্বপ্নময় চক্রবর্তীর উপন্যাসের বিষয়বস্তু৷ ‘একলা চলো রে’ এক সাবেকি এমবিবিএস চিকিৎসক বাবা ও তাঁর ছেলের কাহিনি৷ আপাতদৃষ্টিতে এক পরিবারের গল্প হলেও আসলে দুই প্রজন্মের মানসিকতার যোজন ফারাকের প্রতি অঙ্গুলিনির্দেশ৷
  • আবুল বাশারের উপন্যাস ‘নতুন মনসামঙ্গল’ এক স্যুররিয়াল জগতের দরজা খুলে দেবে পাঠকের জন্য৷ এক দারোগার তদন্তের সূত্রে পুরনো প্রেমের মুখোমুখি হওয়া আর তারপর নানা ঘটমানতায় এক অন্য দুনিয়ায় পৌঁছনোর আয়োজন এ উপন্যাসে৷ তবে সত্যিই কি তা অন্যভুবন, না কি আমাদেরই ভিতরমহলের আর এক প্রকোষ্ঠ-সে বিবেচনার সামনে পাঠককে দাঁড় করিয়ে দেবে এ উপন্যাস৷
  • দেবর্ষি সারগীর উপন্যাস ‘মুক্তো’ও এক অদ্ভুত মানসিক যাত্রাপথে শামিল করবে পাঠককে৷ এক সাধারণ মানুষ একটি মুক্তো কুড়িয়ে পেয়েছেন, কিন্তু সে কথা তিনি তাঁর স্ত্রীকেও বলছেন না৷ স্ত্রী যে মুক্তো ছিনিয়ে নিতেন তা নয়৷ এই মুক্তো পাওয়ার পর ভদ্রলোকের যে মানসিক প্রতিসরণ, তা একজন সাধারণ মানুষের  ইতিবৃত্তও হতে পারে৷
  • সৈকত বন্দ্যোপাধ্যায়ের ‘বৃহৎ ন্যানোপুরাণ’ উপন্যাসে পাঠক খুঁজে পেতে পারেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লিখনশৈলির ছোঁয়া৷ এ উপন্যাসে প্রেম নেই, বিষণ্ণতা নেই, বিছিন্নতা নেই, আছে নিছক হাস্যরস৷এক জায়গায় হনুমানের বড্ড উপদ্রব, সেই হনুমানের তাণ্ডব দমনই উপন্যাসের শিরদাঁড়া৷ নির্মল হাসির ফোয়ারার সঙ্গে স্যাটায়ারের হরগৌরী সম্মিলন বিশেষ প্রাপ্তি৷
  • মৌমিতার ‘যৌথখামার’ উপন্যাস শঙ্খধ্বনিতে বার্তা দিয়েছে সকলকে একসঙ্গে কীভাবে বাঁচতে হবে৷ ব্যক্তিগত বিছিন্নতা যখন গ্রাস করছে প্রজন্মকে, তখন সকলকে সঙ্গে নিয়ে পথচলার অন্যরকম স্বপ্ন দেখায় এ উপন্যাস৷

উপন্যাসের পাশাপাশি থাকছে সাহিত্যের অন্যান্য সম্ভারও৷ এবারের শারদীয়ায় প্রথমবার বড় গল্প (হ্যাপি বার্থ ডে)লিখছেন অনুপম রায়৷ যে অনুপমের ‘আমাকে আমার মতো থাকতে দাও’, এ সময়ের বাংলা গানের নয়া দিক দেখিয়েছে, তিনিই এবার গল্পের দুনিয়ায়৷ কবিতা, গানের সীমানা পেরিয়ে গল্পের ভুবনে নিজেকে প্রকাশ করেছেন অনুপম৷বড় গল্পে কলম ধরেছেন বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও(কুলটা বা কর্পোরেট বা কবিতা)৷ ব্রাত্য বসু তাঁর থিয়েটার জীবনের কথা তুলে এনেছেন স্মৃতিচারণে৷ নতুন দল গঠন করা থেকে সংগঠন সামলানোর অভিজ্ঞতা উঠে এসেছে তাঁর লেখায়৷ তাঁর জীবনের সূত্রেই বাংলা থিয়েটারের বিবর্তনেরও হদিশ মিলবে এ লেখাতে৷ থাকছে জয় গোস্বামীর দীর্ঘকবিতা ‘আচ্ছন্নতাসমূহ’ ও সুবোধ সরকারের দীর্ঘকবিতা ‘এক্স ওয়াই জেড’৷

এছাড়া কবিতা, গল্প, ব্যক্তিগত নিবন্ধও থাকছে৷ তবে পাশাপাশি থাকছে কালজয়ী গানের সম্ভারও৷ পুজোর সাহিত্য আর পুজোর গান যেমন হাত ধরাধরি করে চলে, ‘শারদীয় সংবাদ প্রতিদিন’-এর সঙ্গেও তেমন বিনামূল্যে মিলবে ‘সিগরামস ইম্পিরিয়াল ব্লু সুপারহিটস: প্রাণ খোলা গান’-এর সিডি৷ এই সিডিতে থাকছে ২১টি স্বর্ণযুগের বাংলা গান৷ মান্না দে, লতা মঙ্গেশকর, শ্যামল মিত্র থেকে রাহুল দেব বর্মনের কণ্ঠ ছুঁয়ে বাংলা গানের সোনার দিনে আরও একবার পৌঁছে যাওয়ার অবকাশ সুরের সূত্র ধরেই৷ উৎসব ফিরে ফিরে আসে৷ অনেক মানুষই তো চলে যায়৷ তবু কারও কারও স্মৃতির সঙ্গে সংলগ্ন থাকে কোনও কোনও সুর৷ এ গানের সিডি যেন সেই নস্ট্যালজিয়ার দুনিয়ার ছাড়পত্র৷

আগামিকাল অর্থাৎ ২৯ সেপ্টেম্বরই পাঠকের হাতে পৌঁছবে এবারের ‘শারদীয় সংবাদ প্রতিদিন’৷ সাহিত্যের এমন সম্ভার, সুরের এমন সফরে শামিল হতে, পাঠক, আপনারই-বা দেরি কীসের?

The post সাহিত্য-সুরের যুগলবন্দিতে পাঠকের হাতে আসছে ‘শারদীয় সংবাদ প্রতিদিন’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement