shono
Advertisement
Pakistan-Afghanistan War

পাকিস্তানে প্রত্যাঘাত আফগানিস্তানের, ডুরান্ড পেরিয়ে মুহুর্মুহু ড্রোন হামলা, ধ্বংস বহু আইএস ঘাঁটি

আফগান সরকারের দাবি অনুযায়ী, আইএসআইএসের এই জঙ্গি ঘাঁটিগুলি আফগানিস্তানে হামলার ষড়যন্ত্র করছিল। তাই আত্মরক্ষার্থে এই হামলা চালিয়েছে তালিবান সেনা।
Published By: Amit Kumar DasPosted: 03:59 PM Jun 19, 2026Updated: 06:41 PM Jun 19, 2026

পাকিস্তানের ঘরে ঢুকে এবার ভয়ংকর হামলা চালাল আফগানিস্তান। ডুরান্ড লাইন পেরিয়ে খাইবার পাখতুখোয়া ও বালোচিস্তানে চলল মুহুর্মুহু ড্রোন হামলা। শুক্রবার সকালে এই তথ্য প্রকাশ্যে এনেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক। তালিবানের দাবি, বিরাট এই অভিযানে ওই অঞ্চলে থাকা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান প্রোভিন্সের (ISIS-K) একাধিক জঙ্গি ঘাঁটি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি আফগানিস্তানে এয়ার স্ট্রাইক চালিয়েছিল পাকিস্তান সেনা। তারই জবাবে এই হামলা বলে জানা যাচ্ছে।

Advertisement

আফগান সরকারের দাবি অনুযায়ী, আইএসআইএসের এই জঙ্গি ঘাঁটিগুলি আফগানিস্তানে হামলার ষড়যন্ত্র করছিল। তাই আত্মরক্ষার্থে এই হামলা চালিয়েছে তালিবান সেনা। পাশাপাশি তালিবানের তরফে জানানো হয়েছে, গত সপ্তাহে পাক সেনা আফগানিস্তানের মাটিতে ঢুকে এয়ার স্ট্রাইক চালায়। খোস্ত, কুনার এবং পাকতিকা অঞ্চলে সেই হামলায় বহু নারী ও শিশুর মৃত্যু হয়েছিল, তারই জবাবে এই হামলা চালানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হামলা চলেছে গুলিস্তান, শাকার আব এবং কাম্বার খেলের মতো এলাকাগুলিতে। এই এলাকায় থাকা ঘাঁটিগুলিতে আইএস জঙ্গিদের ট্রেনিং ও হামলার ষড়যন্ত্রে ব্যবহার করা হত। এই সমস্ত ঘাঁটি ধ্বংস হয়ে গিয়েছে। আফগানিস্তানের নিরাপত্তার জন্য এই হামলাগুলি গুরুত্বপূর্ণ ছিল।

ডুরান্ড পেরিয়ে ড্রোন হামলা চলল পাকিস্তানের মাটিতে লালিত জঙ্গি ঘাঁটিগুলিতে।

উল্লেখ্য, গত ৯ জুন রাতভর আফগানিস্তানের মাটিতে বিমান হামলা চালায় পাক বায়ুসেনা। আফগানিস্তানের তালিবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ প্রথম এই হামলার কথা প্রকাশ্যে আনেন। তিনি জানান, মঙ্গলবার রাতভর খোস্ত, কুনার এবং পাকতিকায় বিমান হামলা চালায় পাক সেনা। রাতের অন্ধকারে মানুষজন যখন ঘুমাচ্ছিলেন, তখন কাপুরুষের মতো এই নৃশংস হামলা চালানো হয়। ফলে নিরীহ নাগরিকরা পালানোর কোনও সুযোগ পাননি। মৃতদের মধ্যে রয়েছে এক মহিলাও।

সেই হামলার জবাবে বিতর্কিত ডুরান্ড লাইনের কাছে পাক সেনার একাধিক চৌকি ও সামরিক ঘাঁটিতে হামলা চলে। একাধিক ঘাঁটি দখল করে তালিবানরা। এবার ডুরান্ড পেরিয়ে ড্রোন হামলা চলল পাকিস্তানের মাটিতে লালিত জঙ্গি ঘাঁটিগুলিতে। এদিকে রিপোর্ট বলছে, পাকিস্তানি বিমান হামলা ও সীমান্ত সংঘর্ষের ফলে ওই এলাকায় প্রচুর সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। রাষ্ট্রসংঘের এক প্রতিবেদন অনুযায়ী, পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে ৯৪,০০০-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বহু মানুষ নিহত হয়েছেন এবং স্বাস্থ্যকেন্দ্র, ধর্মীয় স্থান ও মানবিক সহায়তা কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement