সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ায় বিমান ধ্বংসের ছক বানচাল। ঘটনার আগেই সিডনিতে চার চক্রীকে ধরে ফেলে জঙ্গি দমনের জন্য তৈরি যৌথ বাহিনী। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিমান উড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। ধৃতরা প্রতিক্রিয়াশীল ইসলামিক শক্তি ভাবধারায় বিশ্বাসী। এই ঘটনার জেরে সিডনি বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। দেশের সবকটি বিমানবন্দরেই জারি হয়েছে সতর্কতা।
[কেরলে দুষ্কৃতী হামলায় নিহত আরএসএস কর্মী, প্রতিবাদে বনধের ডাক বিজেপির]
সিডনিতে ডালপালা মেলার চেষ্টা করছে ইসলামিক প্রতিক্রিয়াশীল শক্তি। যে কোনও মুহূর্তে তারা চোরাগোপ্তা হামলা চালাতে পারে। নানা সূত্র থেকে অস্ট্রেলিয়ার গোয়েন্দাদের কাছে এমন খবরই এসেছিল। সেই সূত্র ধরে সিডনির সারে হিলসের উইলি পার্ক এলাকায় অভিযান চালায় জঙ্গি দমনে গঠিত যৌথ বাহিনী। অপারেশনে ছিল অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ, নিউ সাউথ ওয়েলস পুলিশ এবং সেদেশের গোয়েন্দা সংস্থা। সেখান থেকে চারজনকে ধরে ফেলে পুলিশ। অভিযুক্তরা গোপন ডেরা থেকে বিমান ধ্বংসের ছক কষেছিল। তাদের থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক। তদন্তকারীদের দাবি, আইইডি দিয়ে বিমান উড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এমনকী দেশের বিমান চলাচল ব্যবস্থাকে অকেজো করা চেষ্টা চলছিল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ম্যালকম টার্নবুল জানিয়েছেন, ঘটনার জেরে সিডনি বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমানবন্দরগুলি কড়া নজরে রাখা হচ্ছে। বিমানযাত্রীদের হাতে সময় নিয়ে যাতায়াতের আবেদন জানিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার এই ঘটনায় আইএসের নাম না জড়ালেও, ইসলামিক প্রতিক্রিয়াশীল শক্তিতে প্রভাবিতরা এর সঙ্গে যুক্ত। সারে হিলস এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, তাঁর স্বামী এবং ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওই মহিলার দাবি কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের যোগ নেই।
[OMG! জঙ্গি গোষ্ঠীতে নাম লিখিয়েছে নিখোঁজ বিএসএফ জওয়ান!]
দেশের আইনমন্ত্রী মাইকেল কিনান জানান, ২০১৪ সাল থেকে এই নিয়ে ১৩ বার অস্ট্রেলিয়ায় এধরনের নাশকতার চেষ্টা ব্যর্থ হল। তবে আইনমন্ত্রী মেনে নিয়েছেন, সিডনিতে নাশকতা রুখে দেওয়া গেলেও সন্ত্রাসের জাল দেশের নানা প্রান্তে ছড়াচ্ছে। সিডনির ঘটনার জেরে দেশের ৪০টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।
The post সিডনিতে বিমান ধ্বংসের ছক বানচাল, জালে ৪ সন্ত্রাসী appeared first on Sangbad Pratidin.
