সুকুমার সরকার, ঢাকা: দুষ্কৃতীদের কোনও দল নেই। এই কথা বলে ভয়ে দেশ ছেড়ে না গিয়ে পালটা আক্রমণ করতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যে কোনও বিপদে-আপদে আওয়ামি লিগ সব সময় তাদের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি আজকে শাসক দল আওয়ামি লিগের সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের আশ্বস্ত করছি, আপনাদের যে কোনও সংকটে যে কোনও বিপদে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত শেখ হাসিনা সরকার আপনাদের পাশে থাকবে। এই দেশ যেমন মুসলমান ধর্মালম্বীদের তেমনি এই দেশ হিন্দুদের, এই দেশ বৌদ্ধ-খ্রিস্টানদেরও। এই দেশে আমাদের সকলের সমান অধিকার। আপনারা নিজেদের কেউ দ্বিতীয় শ্রেণির নাগরিক ভাববেন না, আপনারা প্রথম শ্রেণির নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবেন।’ দুষ্কৃতীদের ভয়ে দেশত্যাগ না করার পরামর্শ দিয়ে কাদের বলেন, ‘একটা কথা মনে রাখবেন, সংখ্যালঘুদের মন্দির ভাঙচুর হয়, বাড়িঘর দখল হয়, তাদের জমি-জমা দখল হয়, এরা কারা? দলীয় পরিচয় ব্যবহার করতে পারে, কিন্তু দুষ্কৃতীদের কোনও দল নেই।’
[চিনা প্রশাসনের নিদান, বাড়িতে রাখা যাবে না কোরান]
অন্যদিকে, কক্সবাজারের ইনানী সৈকতে ফের নৌকাডুবির ঘটনায় ৬০ জনের বেশি রোহিঙ্গার মৃত্যু হয়েছে। নিজে প্রাণে বেঁচে গেলেও পরিবারের আট সদস্যকে হারিয়েছেন মায়ানমার থেকে নৌকায় আসা আবদুস সালাম নামে এক রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ। ৮০ জন যাত্রী-সহ নৌকাটি ডুবে যায়। মায়ানমারের আকিয়াব জেলার বুচিডং থানার মইডং গ্রামের ৩৫ বছর বয়সি আবদুস সালাম বলেন, এলাকায় তিনি দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। গত সোমবার তাদের গ্রামে সেনাবাহিনীর হামলা শুরু হলে পরিবার নিয়ে পালিয়ে তিনি পাহাড়ে আশ্রয় নেন। তিন দিন ধরে দুর্গম পাহাড়ি এলাকা পার হয়ে বুধবার রাত ৯টায় নৌকায় ওঠেন। মাঝির সঙ্গে কথা ছিল, তাদের দুই পরিবারের ১৪ জনকে নিয়ে আসবে। কিন্তু বিভিন্ন স্থান থেকে আরও ৬৬ জন যাত্রী তোলে মাঝি। নৌকা নিয়ে বাংলাদেশে আসার পথে ভার কমানোর জন্য তাদের মালপত্রভর্তি বস্তাগুলি সাগরে ফেলে দেন নৌকার মাঝি। বৃহস্পতিবার বিকেলে তাদের নৌকা ঝোড়ো হাওয়ার কবলে পড়ে। এ অবস্থার এক পর্যায়ে নৌকা উলটে যায়। স্ত্রী, এক ছেলে, মা, ভাইয়ের স্ত্রী, সন্তান ও বোন-সহ আটজনকে হারিয়েছেন সালাম। রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরুর পর গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত পাঁচ লক্ষরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
The post দেশ না ছেড়ে পালটা আক্রমণ করুন, বাংলাদেশের হিন্দুদের বার্তা মন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
