ফের প্রবাসে খুন ভারতীয় ছাত্রী। এবার কানাডায় এক দুষ্কৃতী ছুরি দিয়ে কুপিয়ে খুন করল ২২ বছরের গুজরাটের বাসিন্দা এক তরুণীকে। তিনি পড়াশোনা জন্য গিয়েছিলেন সে দেশে। সঙ্গে হাত খরচ চালাতে কাজও করতেন। নায়গ্রা এলাকায় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এখনও অধরা অভিযুক্ত।
গুজরাটের আনন্দ জেলায় বাড়ি বিধি কল্পেশভাই মেঘানির। গত চার বছর ধরে কানাডার বাসিন্দা তিনি। পড়াশোনার পাশাপাশি হাত খরচ চালাতে কাজ করছিলেন বিভিন্ন সংস্থায়। গত ১৫ মে তার উপর ভয়ংকর হামলা হয়। হত্যাকাণ্ডের কারণ অস্পষ্ট। খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে কানাডা পুলিশ। এখনও পর্যন্ত হদিশ মেলেনি অভিযুক্তের। এদিকে বিধির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তাঁর পরিবারে। খবর পৌঁছেছে গুজরাটের বাড়িতে।
সাম্প্রতিক অতীতে প্রবাসে ভারতীয়দের উপর একাধিক হামলার ঘটনা দেখা গিয়েছে। পড়ুয়াদের পাশাপাশি বিদেশে দীর্ঘদিন চাকরি করা ব্যক্তিদের উপরেও হামলা হচ্ছে। দু'দিন আগে আমেরিকার ভার্জিনিয়া শহরের একটি সুপারমার্কেটে কাজ করা এক গুজরাটি মহিলাকে গুলি করে খুন করা হয়েছে। তিনি এক দশক ধরে ওই শপিংমলটিতে কাজ করছিলেন। বিশেষজ্ঞদের দাবি, পৃথিবী জুড়ে অভিবাসীদের নিয়ে যে ঘৃণার রাজনীতি শুরু হয়েছে, তাঁর শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
