দীর্ঘদিন ধরে জেলের অন্ধকারে বন্দি। প্রশাসনের 'অত্যাচারে' দৃষ্টিশক্তি হারাতে বসেছেন, ভেঙেছে শরীরও। কিন্তু এত কিছু সহ্য করেও আপসের রাস্তায় হাঁটতে নারাজ ইমরান খান। সূত্রের খবর, সমঝোতা করতে দু'বার ইমরানের (Imran Khan) সঙ্গে যোগাযোগ করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কিন্তু প্রত্যেকবারই সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।
শাহবাজের রাজনৈতিক পরামর্শদাতা রানা সানাউল্লা একটি টক শো'য়ে এসে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি জানান, "পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানের সঙ্গে দু'বার রাজনৈতিকভাবে সমঝোতার চেষ্টা করা হয়েছিল। প্রথমটা ২০২৪ সালে। পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং ইমরানের দলের এক নেতার উদ্যোগে সমঝোতার চেষ্টা হয়েছিল। কয়েকদিন আগেও বিদেশি হস্তক্ষেপে সমঝোতার চেষ্টা হয় দ্বিতীয়বারের মতো। প্রাথমিকভাবে ইমরান রাজি হলেও শেষ পর্যন্ত দু'বারের প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যায়।"
পাকিস্তানের শেষ নির্বাচনে লড়তে পারনি ইমরানের দল। তবে পিটিআই সমর্থকরা নির্দল হিসাবে লড়ে ৯৩টি আসন জেতে। অন্য কোনও দল এত আসন জিততে পারেনি। শতাংশের নিরিখেও সবচেয়ে বেশি ভোট পড়ে পিটিআই সমর্থিত নির্দলদের জন্য।
সানাউল্লা স্পষ্ট জানিয়েছেন, রাজনৈতিকভাবে ইমরানের সঙ্গে আপসের চেষ্টা হয়েছে। কিন্তু কাপ্তানের সাফ কথা, একমাত্র ক্ষমতা পেলেই তিনি শর্তে রাজি হওয়ার বিষয়টি বিবেচনা করবেন। পাশাপাশি বর্তমান শাহবাজ সরকারকে কুর্সি ছাড়তে হবে। স্বভাবতই এই প্রস্তাবে রাজি নয় পাক প্রশাসন। কিন্তু সানাউল্লার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা পত্রপাঠ খারিজ করে দিয়েছেন পাক তথ্যমন্ত্রী আতাউল্লা তারার। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'ইমরান খান দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁর সঙ্গে সমঝোতা করতে সরকার কোনও উদ্যোগ নেয়নি।' অর্থাৎ পাক প্রশাসনের মধ্যেই দুরকম মতামত উঠে আসছে।
প্রসঙ্গত, পাকিস্তানের শেষ নির্বাচনে লড়তে পারনি ইমরানের দল। তবে পিটিআই সমর্থকরা নির্দল হিসাবে লড়ে ৯৩টি আসন জেতে। অন্য কোনও দল এত আসন জিততে পারেনি। শতাংশের নিরিখেও সবচেয়ে বেশি ভোট পড়ে পিটিআই সমর্থিত নির্দলদের জন্য। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি তাঁরা। জেল থেকে জোট সরকর গঠনের চেষ্টা শুরু করেন ইমরান। তবে শাহবাজ এবং বিলাওয়াল ভুট্টোর দাপটে সেই চেষ্টা ব্যর্থ হয়। বেশ কয়েকজন জয়ী প্রার্থীকে দলে নেন শাহবাজরা। ইসলামাবাদের কুর্সিতে বসে জোট সরকার। এই বিষয়টি প্রথম থেকেই মেনে নিতে পারেননি ইমরান। তাই জেলে প্রবল অত্যাচারের মধ্যেও নিজের অবস্থানে তিনি অনড়।
