সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ের প্রাক্তন প্রেমিকের হাতে খুন হলেন প্রবাসী ভারতীয় দম্পতি। ঘটনাটি ঘটেছে আমেরিকার সান হোসে এলাকায়। জোড়া খুন করে আত্মঘাতী হয়েছে প্রাক্তন প্রেমিকও। এমনটাই অনুমান পুলিশের।
[আবর্জনার স্তূপে ধস, ৪৩ জনকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ চিনা আদালতের]
সান জোসের পুলিশ প্রধান এডি গার্সিয়া জানিয়েছেন, মৃত ব্যক্তির নাম নরেন প্রভু। সিলিকন ভ্যালিতে উচ্চপদে কর্মরত ছিলেন তিনি। তাঁকে এবং তাঁর স্ত্রীকে গুলি করে হত্যা করে ২৪ বছরের মির্জা টাটলিক। নরেনের বড় মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মির্জার। এক বছর আগেই দু’জনে আলাদা হয়ে যায়। এর পর থেকেই প্রাক্তন প্রেমিকার উপর প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে ছিল মির্জা। এই জন্যই সম্প্রতি নরেন প্রভুর বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে মির্জা। কর্মসূত্রে বাইরে ছিলেন প্রভুর মেয়ে। বাড়িতে ছিলেন প্রভু, তাঁর স্ত্রী, বড় ছেলে ও ছোট ছেলে। প্রভুর বড় ছেলেই হামলার খবর পুলিশকে দেয়। ঘটনাস্থলে এসে মার্কিন পুলিশের টিম দেখতে পায় বাড়ির দরজার সামনে পড়ে রয়েছে একটি গুলিবিদ্ধ দেহ। তার পাশে রয়েছে কুড়ি বছরের ওই যুবক। পুলিশকে তিনি জানান, ভিতরে মির্জার হাতে বন্দি রয়েছে তাঁর মা ও ১৩ বছরের ভাই।
[বিনা অনুমতিতে কাশ্মীরে চলছে পাক-সৌদি চ্যানেল, বন্ধের নির্দেশ কেন্দ্রের]
সময় নষ্ট না করে খবর দেওয়া হয় সোয়াট টিমকে। মির্জাকে আত্মমর্পণের নির্দেশ দেওয়া হয়। কিন্তু তা করতে রাজি ছিল না মির্জা। তবে ১৩ বছরের কিশোরকে ছেড়ে দেয় সে। এরপরই বাড়ির ভিতরে গুলির আওয়াজ শুনে ভিতরে ঢুকে পড়ে সোয়াট টিম। ভেতরে ঢুকে তাঁরা দেখতে পান এক মহিলা ও মির্জার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। প্রতিশোধ স্পৃহা থেকেই এই কাজ করেছে মির্জা, প্রাথমিক তদন্তের পর এমনটাই মনে করছে পুলিশ। তবে এর আগেও মির্জার বিরুদ্ধে একাধিক হিংসাত্মক ঘটনার অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে।
[শহিদ পরমজিতের কন্যাকে দত্তক নিচ্ছেন মুসলিম দম্পতি]
