কয়েকদিন আগেই নিজেকে যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা নির্মিত নিজের একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি। এবার মার্কিন প্রেসিডেন্টকে পালটা কটাক্ষ করল ইরান। তারা এআই দ্বারা নির্মিত একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, ট্রাম্পকে ঘুসি মারছেন স্বয়ং যিশু।
বুধবার তাজাকিস্তানের ইরানি দূতাবাসের তরফে ভিডিওটি প্রকাশ করা হয়। সেখানে ট্রাম্পকে খ্রিস্ট রূপে দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কিছুক্ষণ পর আকাশ থেকে নেমে আসছেন স্বয়ং যিশু। তারপর তিনি ট্রাম্পকে প্রহার করছেন। সেই সঙ্গে ভিডিওর ক্যাপশনে লেখা, 'আপনার হিসাব হয়ে গিয়েছে।'
মার্কিন প্রেসিডেন্ট যে ছবিটি প্রকাশ করেছিলেন সেখানে দেখা গিয়েছিল, তাঁর পরনে রয়েছে সাদা আলখাল্লা। বাইবেলের বর্ণনা অনুযায়ী, যিশুর মতোই তিনি এক অসুস্থ ব্যক্তির মাথায় হাত দিয়ে রয়েছেন। ছবিটি বিভিন্ন প্রতীকী উপাদানে সজ্জিত, যার মধ্যে রয়েছে আমেরিকার পতাকা, মার্কিন সামরিক বিমান এবং স্ট্যাচু অফ লিবার্টি। ছবিটি প্রকাশ্যে আসার পরই বিতর্ক তৈরি হয়। সমাজমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এই পরিস্থিতিতে সেই ছবিকে হাতিয়ার করেই ট্রাম্পকে কটাক্ষ করল ইরান।
