আমেরিকার ‘বন্ধু’ ইজরায়েলকে ক্যানসারের সঙ্গে তুলনা করেছিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। তারপরই বিতর্ক তৈরি হয়। এবার পাকিস্তানকে পালটা তোপ দাগল ইজরায়েল (Israel Slams Pakistan)। ইসলামাবাদকে ‘সন্ত্রাসবাদী’ বলে কটাক্ষ করলেন ইজরায়েলের বিদেশমন্ত্রী গিডিয়ন সার। একইসঙ্গে খোয়াজার ওই মন্তব্যকে তিনি ‘ইহুদি-বিরোধী’ বলেও কটাক্ষ করেছেন।
ভারতীয় সময় বুধবার ভোরে দু’ সপ্তাহের জন্য সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে ইরান এবং আমেরিকা। প্রথমে মধ্য়স্থতাকারী পাকিস্তানের তরফ থেকে দাবি করা হয়েছিল, এই সংঘর্ষবিরতির আওতায় পড়বে লেবাননও। কিন্তু সেই দাবি উড়িয়ে দেয় তেল আভিভ। ইরানে হামলা বন্ধ থাকলেও লেবাননে মুহুর্মুহু আক্রমণ শানিয়ে যাচ্ছে ইজরায়েলি ফৌজ। তারপরেই এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। তবে কয়েকঘণ্টার মধ্যে আবার সেই পোস্ট মুছেও দিয়েছেন।
আসিফের কথায়, "একদিকে শান্তি ফেরাতে ইসলামাবাদে বৈঠক চলছে, কিন্তু লেবাননে গণহত্যা চালাচ্ছে। প্রথমে গাজা, তারপর ইরান, এখন লেবানন-সাধারণ মানুষকে হত্যা করে চলেছে ইজরায়েল। এই দেশটা মানবজাতির জন্য একটা অভিশাপ। আমি আশা করি, প্রার্থনা করি, যারা এই ক্যানসারের মতো দেশটা তৈরি করেছিল ইউরোপীয় ইহুদিদের জন্য, তারা যেন নরকে পুড়ে মরে।"
আসিফের এই মন্তব্যের পরই পাকিস্তানের সমালোচনায় মুখর হয়েছে ইজরায়েল। ইজরায়েলের বিদেশমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, 'ইজরায়েলকে ক্যানসারে সঙ্গে তুলনা করা ধ্বংসের আহ্বান জানানো। তেল আভিভ সেই সব সন্ত্রাসবাদীদের থেকে নিজেকে আত্মরক্ষা করবে, যারা ইজরায়েলকে ধ্বংসেক কথা বলে।' একইসঙ্গে পাক প্রতিরক্ষামন্ত্রীকে তিনি ইহুদি বিরোধী বলেও কটাক্ষ করেছেন। খোয়াজার এহেন মন্তব্যের বিরোধিতা করেছে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তরও। একটি বিবৃতিতে জানানো হয়েছে, যে দেশ নিজেদের শান্তিস্থাপনের কাণ্ডারী বলে দাবি করে তাদের থেকে এমন মন্তব্য মোটেই বরদাস্ত করা হবে না।
